নেপালের গোর্খায় বাস দুর্ঘটনা, ৭ জন ভারতীয় তীর্থযাত্রীর মৃত্যু

সকাল সকাল ডেস্ক

কাঠমান্ডু : নেপালের গোর্খা জেলায় শনিবার গভীর রাতে একটি বাস দুর্ঘটনায় সাতজন ভারতীয় তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। জানা গেছে, ১৪ জন তীর্থযাত্রী মনকামনা মন্দিরে দর্শন করে একটি বাসে করে ফিরছিলেন। শহীদ লখন গ্রাম সংলগ্ন এলাকায় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।

রবিবার জেলার পুলিশ সুপার ভরত বাহাদুর জানিয়েছেন, বাসে থাকা ১৪ জনের মধ্যে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পাঁচজন মহিলা এবং দুজন পুরুষ রয়েছেন। বাকি সাতজন গুরুতর আহত হয়েছেন এবং তাঁদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বাসটি রাস্তার পাশ থেকে প্রায় ২০০ মিটার নিচে খাদে পড়ে যায়। গাড়িতে চালক ও সহ-চালক ছাড়া বাকি সব যাত্রীই ভারতীয় নাগরিক ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে নেপালের সশস্ত্র পুলিশ বাহিনীর ২৯-তম ব্যাটালিয়নের উদ্ধারকারী দল এবং গোর্খা জেলা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

নেপাল পুলিশ মৃতদের একটি তালিকা প্রকাশ করেছে। তবে কোন রাজ্যের বাসিন্দা তা উল্লেখ করা হয়নি। মৃতদের নাম— মুথু কুমার (৫৮), অনামলিকা (৫৮), মীনাক্ষী (৫৯), শিবগামী (৫৩), বিজয়াল (৫৭), মীনা (৫৮) এবং তামিলরেশি (৬০)। পুলিশের অনুমান, এঁরা দক্ষিণ ভারতের বাসিন্দা হতে পারেন।

অন্যদিকে, ভরতপুর মেডিক্যাল হাসপাতালে ভর্তি আহত ভারতীয়দের মধ্যে রয়েছেন- সোনাম (৬২), মঙ্গদা জালাম (৬৫), সুভদ্রা (৭৫), মায়লা (৬৫), সরোজা (৭৩), ভাগ্যলক্ষ্মী (৬৫) এবং মীনাক্ষী (৩৪)।

Read More News

Read More