সকাল সকাল ডেস্ক।
চেন্নাই :
বিতর্কিত কাশির সিরাপ ‘কোল্ডরিফ’-এর মৃত্যুকাণ্ডে এবার নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার সকাল থেকেই চেন্নাই শহরের অন্তত সাতটি জায়গায় তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় এই সংস্থা। স্রেসান ফার্মাসিউটিক্যাল্স নামের ওষুধ প্রস্তুতকারী সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের দপ্তর ও বাসভবনে এই তল্লাশি চলছে বলে সূত্রের খবর।
ইডি সূত্রে জানা গেছে, কাশির সিরাপ তৈরির ক্ষেত্রে আর্থিক অনিয়ম ও বেআইনি লেনদেনের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, স্রেসান ফার্মাসিউটিক্যাল্স উৎপাদন সংক্রান্ত বেশ কিছু নিয়ম ভেঙে সিরাপ বাজারে এনেছিল। অভিযোগ, উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত কেমিক্যালের মান নিয়েও প্রশ্ন উঠেছে।
উল্লেখ্য, সম্প্রতি মধ্যপ্রদেশে ‘কোল্ডরিফ’ সিরাপ খেয়ে অন্তত ২০ জন শিশুর মৃত্যু ঘটে। এরপর পঞ্জাব, হরিয়ানা ও রাজস্থানেও একই ওষুধ সেবনের পর শিশুদের অসুস্থ হওয়ার ঘটনা সামনে আসে। ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
চারদিন আগেই এই কাশির সিরাপ প্রস্তুতকারী সংস্থার মালিক জি রঙ্গনাথনকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশ। তদন্তে দেখা যায়, ওষুধ তৈরিতে ব্যবহৃত কাঁচামালের উৎস অস্পষ্ট এবং সংস্থার আর্থিক লেনদেনে সন্দেহজনক গড়মিল রয়েছে। এই সূত্র ধরেই এবার তদন্তে নেমেছে ইডি।
ইডির ধারণা, কাশির সিরাপ উৎপাদনের আড়ালে বেআইনি অর্থ পাচার বা কর ফাঁকির মতো কর্মকাণ্ডের যোগ থাকতে পারে। এদিনের তল্লাশি থেকে গুরুত্বপূর্ণ নথি ও ডিজিটাল প্রমাণ সংগ্রহ করা হয়েছে বলে জানা গিয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংস্থার আর্থিক নথি খতিয়ে দেখা হবে।
ঘটনাকে কেন্দ্র করে ওষুধ শিল্পে নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকও। সূত্রের খবর, অন্যান্য রাজ্যেও এই সিরাপের নমুনা পরীক্ষা করে দেখা হচ্ছে যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধ করা যায়।
No Comment! Be the first one.