ব্যয়বহুল মার্কিন এইচ-১বি ভিসা, নিশানা খাড়গের

সকাল সকাল ডেস্ক।

নয়াদিল্লি,

এইচ-১বি ভিসার জন্য আমেরিকার সংস্থাগুলির কাছ থেকে বছরে এক লক্ষ ডলার নেওয়ার সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ডোনাল্ড ট্রাম্পের ‘জন্মদিনের উপহার’ বলে কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর দাবি, এই সিদ্ধান্তে আমেরিকায় কর্মরত ভারতীয়েরা চূড়ান্ত ভাবে ক্ষতিগ্রস্ত হবেন। কারণ, ৭০ শতাংশ এইচ-১বি ভিসাধারীরা ভারতীয়। ট্রাম্পের শুল্ক-নীতির জেরে ভারতীয় অর্থনীতিতে আগেই ধাক্কা লেগেছে বলে দাবি তাঁর।

উল্লেখ্য, শুক্রবার নতুন এক নির্দেশনামায় স্বাক্ষর করেছেন ট্রাম্প। তাতে বলা হয়েছে, এবার থেকে এইচ-১বি ভিসার জন্য আমেরিকার সংস্থাগুলির কাছ থেকে বছরে এক লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় ৮৮ লক্ষ টাকা) করে নেবে সে দেশের সরকার। এইচ-১বি ভিসার মাধ্যমে বিভিন্ন দেশের দক্ষ কর্মীরা আমেরিকায় থেকে সেখানকার সংস্থার হয়ে কাজ করেন। ট্রাম্প সরাসরি এই উপায় বন্ধ না করলেও তবে এমন মোটা অঙ্কের মূল্য তিনি ধার্য করলেন, যাতে কোনও সংস্থা এমন কর্মীদের আর নিয়োগ করতে চাইবে না। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, ট্রাম্পের এই নতুন নির্দেশের পরে সমস্যায় পড়তে পারেন সে দেশে কাজ করতে যাওয়া দক্ষ ভারতীয়রাও। গত বছর এইচ-১বি ভিসার সবচেয়ে বেশি সুবিধা পেয়েছেন ভারতীয়রা। গত বছর এই ভিসার ৭১ শতাংশ পেয়েছিলেন ভারতীয় কর্মীরা।

Read More News

Read More