সকাল সকাল ডেস্ক
দাবার বিশ্বমঞ্চে দুরন্ত ছন্দ অব্যাহত রাখলেন ভারতের আর প্রজ্ঞানন্দ। সিঙ্কফিল্ড কাপের নয় রাউন্ড শেষে যুগ্মভাবে শীর্ষস্থান দখল করলেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার। একই সঙ্গে টানা দ্বিতীয়বারের জন্য গ্র্যান্ড চেস ট্যুর ফাইনালের টিকিটও নিশ্চিত করলেন তিনি।
বৃহস্পতিবার প্রতিযোগিতার নবম তথা শেষ রাউন্ডে নেদারল্যান্ডসের গ্র্যান্ডমাস্টার অনিশ গিরির মুখোমুখি হয়েছিলেন প্রজ্ঞানন্দ। সেই ম্যাচ ড্র হয়। ফলে নয় রাউন্ড শেষে প্রজ্ঞানন্দের সংগ্রহ দাঁড়ায় ৫.৫ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে আমেরিকার ওয়েসলি সো-ও যুগ্মভাবে শীর্ষে শেষ করেন।
চ্যাম্পিয়ন নির্ধারণের জন্য এরপর খেলা গড়ায় টাইব্রেকারে। প্রথম দুটি র্যাপিড প্লে-অফ ম্যাচ ড্র হওয়ার পর লড়াই পৌঁছে যায় আরমাগেডনে। সেখানে শেষ হাসি হাসেন ওয়েসলি সো। প্রজ্ঞানন্দকে পিছনে ফেলে সিঙ্কফিল্ড কাপের খেতাব জিতে নেন মার্কিন গ্র্যান্ডমাস্টার। চ্যাম্পিয়ন হিসেবে তাঁর ঝুলিতে যায় ৮৭ হাজার ৫০০ ডলার পুরস্কারমূল্য।
টাইব্রেকারে খেতাব হাতছাড়া হলেও গোটা প্রতিযোগিতায় প্রজ্ঞানন্দের পারফরম্যান্স ছিল নজরকাড়া। এই ফলের সুবাদে টানা দ্বিতীয়বার গ্র্যান্ড চেস ট্যুর ফাইনালে জায়গা করে নিয়েছেন ভারতীয় তারকা।
চলতি মরসুমে একের পর এক বড় মঞ্চে সাফল্য পেয়েছেন প্রজ্ঞানন্দ। নরওয়ে চেস এবং সেন্ট লুইস র্যাপিড অ্যান্ড ব্লিটজে সাফল্যের পর সিঙ্কফিল্ড কাপেও নিজের ধারাবাহিকতা ধরে রাখলেন তিনি।
এই প্রতিযোগিতায় জাভোখির সিন্দারভ এবং ফরাসি গ্র্যান্ডমাস্টার ম্যাক্সিম ভ্যাচিয়ের-ল্যাগরেভের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ জয় পেয়েছেন প্রজ্ঞানন্দ। তাঁর একমাত্র পরাজয় এসেছে জার্মানির ভিনসেন্ট কেইমারের বিরুদ্ধে। ক্লাসিক্যাল থেকে র্যাপিড—বিভিন্ন ধরনের দাবায় ধারাবাহিক পারফরম্যান্স তাঁকে বিশ্ব দাবার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিযোগী হিসেবে আরও প্রতিষ্ঠিত করেছে।
প্রজ্ঞানন্দের পাশাপাশি গ্র্যান্ড চেস ট্যুর ফাইনালে জায়গা করে নিয়েছেন ফাবিয়ানো কারুয়ানা, ওয়েসলি সো এবং ভিনসেন্ট কেইমার। অন্যদিকে জাভোখির সিন্দারভের সামনে শেষ রাউন্ডে বড় সুযোগ ছিল। জিসিটি ফাইনালে পৌঁছতে সিঙ্কফিল্ড কাপে প্রথম দু’জনের মধ্যে থাকা প্রয়োজন ছিল তাঁর। কিন্তু শেষ রাউন্ডে ওয়েসলি সো-র বিরুদ্ধে জয় না পাওয়ায় সেই সুযোগ হাতছাড়া হয়।
আগামী শনিবার থেকে মরসুমের সেরা চার দাবাড়ুকে নিয়ে শুরু হবে গ্র্যান্ড চেস ট্যুর ফাইনাল। এবার প্রজ্ঞানন্দের সামনে আরও বড় লক্ষ্য। গতবারের ফলকে ছাপিয়ে প্রথম ভারতীয় হিসেবে সামগ্রিক গ্র্যান্ড চেস ট্যুর খেতাব জয়ের সুযোগ রয়েছে তাঁর সামনে।
সিঙ্কফিল্ড কাপের ধারাবাহিক পারফরম্যান্সের পর তাই ভারতীয় দাবাপ্রেমীদের নজর এখন জিসিটি ফাইনালে। চৌষট্টি খোপের লড়াইয়ে প্রজ্ঞানন্দ নতুন ইতিহাস তৈরি করতে পারেন কি না, সেটাই দেখার।
No Comment! Be the first one.