সকাল সকাল ডেস্ক
নয়াদিল্লি: উত্থান-পতনের মধ্য দিয়েও টানা তৃতীয় দিনের মতো ঊর্ধ্বমুখী অবস্থায় লেনদেন শেষ করল দেশের শেয়ার বাজার। শুক্রবারের লেনদেন শেষে বিএসই সেনসেক্স ১৬৬.৪৯ পয়েন্ট বা ০.২১ শতাংশ এবং এনএসই নিফটি ৬৬.৪৫ পয়েন্ট বা ০.২৭ শতাংশ বৃদ্ধি নিয়ে বন্ধ হয়েছে। বাজারের এই ঊর্ধ্বগতির ফলে একদিনেই বিনিয়োগকারীদের সম্পদের পরিমাণ প্রায় ১.৩১ লক্ষ কোটি টাকা বেড়েছে।
দিনের শুরুতে সেনসেক্স ৭০.৫১ পয়েন্ট বেড়ে ৭৭,৯৯৮.৬৬-এ খুললেও কিছুক্ষণের মধ্যেই বিক্রির চাপে ৭৭,৮০৯.৯৩-এ নেমে যায়। পরে ক্রেতাদের সক্রিয়তায় সূচক ঘুরে দাঁড়িয়ে দিনের সর্বোচ্চ ৭৮,২৭২.২৫ পর্যন্ত ওঠে। শেষ পর্যন্ত ১৬৬.৪৯ পয়েন্ট বৃদ্ধি নিয়ে ৭৮,০৯৪.৬৪-এ লেনদেন শেষ করে।
অন্যদিকে, নিফটি ২৪,৩৬১.৪৫-এ লেনদেন শুরু করে। প্রথম দিকে বিক্রির চাপে সূচক ২৪,২৯৯.৭০ পর্যন্ত নেমে গেলেও পরে ক্রয়চাপ বাড়ায় ২৪,৪২৯.৪০-এর উচ্চতায় পৌঁছায়। দিনের শেষে নিফটি ২৪,৩৮৩.৬০ পয়েন্টে বন্ধ হয়।
খাতভিত্তিক সূচকের মধ্যে সবচেয়ে বেশি উত্থান দেখা যায় মিডিয়া খাতে। নিফটি মিডিয়া সূচক প্রায় ২ শতাংশ বৃদ্ধি পায়। এছাড়া অটোমোবাইল, তেল ও গ্যাস এবং জ্বালানি খাতেও শক্তিশালী কেনাকাটা দেখা যায়। অটো সূচক ১.৬৪ শতাংশ, অয়েল অ্যান্ড গ্যাস সূচক ১.০১ শতাংশ এবং এনার্জি সূচক ১ শতাংশের বেশি বৃদ্ধি নিয়ে বন্ধ হয়। পাশাপাশি ব্যাংকিং, ক্যাপিটাল গুডস, স্বাস্থ্য, ধাতু এবং সরকারি সংস্থার শেয়ারেও ইতিবাচক প্রবণতা ছিল।
অন্যদিকে তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে বিক্রির চাপ সবচেয়ে বেশি ছিল। নিফটি আইটি সূচক ১.৫৬ শতাংশ এবং বিএসই টেক সূচক ০.৭৩ শতাংশ কমেছে। এ ছাড়া এফএমসিজি ও কনজিউমার ডিউরেবলস খাতও দিনের শেষে নিম্নমুখী ছিল।
বৃহত্তর বাজারেও ইতিবাচক প্রবণতা বজায় ছিল। নিফটির মিডক্যাপ ও স্মলক্যাপ—উভয় সূচকই ০.৪৪ শতাংশ বৃদ্ধি নিয়ে লেনদেন শেষ করেছে।
বাজারে এই উত্থানের ফলে বিএসই-তে তালিকাভুক্ত সংস্থাগুলির মোট বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে ৪৮৫.৮৮ লক্ষ কোটি টাকা, যা আগের দিন ছিল ৪৮৪.৫৭ লক্ষ কোটি টাকা। অর্থাৎ, একদিনেই বিনিয়োগকারীদের সম্পদে প্রায় ১.৩১ লক্ষ কোটি টাকা যোগ হয়েছে।
দিনভর লেনদেনে এনএসই-তে মোট ২,৯৮৯টি শেয়ারে সক্রিয় লেনদেন হয়েছে। এর মধ্যে ১,৮৪২টি শেয়ার ঊর্ধ্বমুখী এবং ১,১৪৭টি শেয়ার নিম্নমুখী অবস্থায় বন্ধ হয়েছে। সেনসেক্সের ৩০টি শেয়ারের মধ্যে ১৬টি এবং নিফটির ৫০টি শেয়ারের মধ্যে ২৯টি শেয়ার লাভের মুখ দেখেছে।
দিনের সেরা লাভকারী শেয়ারগুলির মধ্যে ছিল বাজাজ ফাইন্যান্স (৮.৩২%), বাজাজ ফিনসার্ভ (৬.২৭%), জিও ফিনান্সিয়াল (৩.৮৫%), মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা (৩.৫০%) এবং আদানি পোর্টস (১.৯৫%)।
অন্যদিকে সবচেয়ে বেশি পতন হয়েছে টিসিএস (২.৭২%), এটার্নাল (২.৬৪%), ম্যাক্স হেলথকেয়ার (২.৩৪%), ইনফোসিস (২.১৬%) এবং উইপ্রো (১.৪৪%)-এর শেয়ারে।
No Comment! Be the first one.