সেহওয়াগের সতীর্থ থেকে শুটিং তারকা, ৫০-এ এশিয়াডের মঞ্চে মৈরাজ

সকাল সকাল ডেস্ক

নয়াদিল্লি: একসময় স্বপ্ন ছিল বাইশ গজে নজির গড়ার। হাতে থাকত ক্রিকেট ব্যাট। তিন দশক পর সেই স্বপ্ন অন্য পথে বাস্তব হয়েছে। ব্যাটের জায়গায় হাতে উঠেছে শটগান। উত্তরপ্রদেশের বুলন্দশহরের খুরজা থেকে ভারতীয় শুটিংয়ের অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠা মৈরাজ আহমেদ খান এবার আইচি-নাগোয়া এশিয়ান গেমসে নামতে চলেছেন। ৫০ বছর বয়সি মৈরাজ ভারতীয় দলের দ্বিতীয় প্রবীণতম অ্যাথলিট। এটি তাঁর চতুর্থ এশিয়াড।

মৈরাজের ক্রীড়াজীবনের শুরু ক্রিকেট দিয়ে। বাঁহাতি টপ-অর্ডার ব্যাটার হিসেবে তিন নম্বরে নামতেন। সিকে নাইডু ও বিনু মাঁকড় ট্রফিতে উত্তরপ্রদেশের প্রতিনিধিত্বও করেছেন। জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তরুণ বীরেন্দ্র সেহওয়াগের সঙ্গে নেটে অনুশীলন করার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।

তবে বন্দুকের সঙ্গে পরিচয় হয়েছিল আরও ছোটবেলায়। স্থানীয় একটি শুটিং প্রতিযোগিতা জিতে একবার ৩০ টাকা পুরস্কার পেয়েছিলেন মৈরাজ। মজার বিষয়, সেই টাকা দিয়েই কিনেছিলেন ক্রিকেট ব্যাট। পরে দিল্লিতে এসে এক আত্মীয়ের হাত ধরে কার্নি সিং শুটিং রেঞ্জে যান। সেখানে দেশের নামী শুটারদের কাছ থেকে দেখে শুটিংয়ের প্রতি আগ্রহ আরও বাড়ে।

কয়েক বছর ট্র্যাপ ও স্কিট—দুই বিভাগেই অনুশীলন করেন মৈরাজ। তাঁর জীবনের মোড় ঘুরে যায় ১৯৯৯ সালে চেন্নাইয়ের একটি প্রতিযোগিতায়। রঞ্জন সোধির বিরুদ্ধে স্কিট শুট-অফে জয় তাঁকে নতুন পথ দেখায়। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ট্র্যাপ ছেড়ে পুরোপুরি স্কিটকেই বেছে নেন তিনি। মৈরাজের কথায়, তাঁর নাম, পরিচিতি ও সাফল্যের নেপথ্যে রয়েছে এই স্কিটই।

২০১৬ সালের রিও অলিম্পিকে স্কিটে যোগ্যতা অর্জন করে ইতিহাস গড়েছিলেন মৈরাজ। এই বিভাগে অলিম্পিকের যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় শুটার হয়েছিলেন তিনি। বিশ্বকাপেও সোনা ও রুপো জিতেছেন। তবে ২০১৮ সালের জাকার্তা এবং হাংঝাউ এশিয়ান গেমসে অল্পের জন্য সুযোগ হাতছাড়া হওয়ার হতাশা এখনও তাঁর মনে রয়েছে।

এবার ফের এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়ামঞ্চে নামার সুযোগ এসেছে। ২০০৬ ও ২০১৪ সালের পর আবার এশিয়াডে দেশের প্রতিনিধিত্ব করবেন মৈরাজ। বয়স ৫০ ছুঁলেও কোনও বাড়তি চাপ নিতে নারাজ অভিজ্ঞ শুটার। নতুন প্রতিযোগীর মতোই শুরু করতে চান তিনি।

এবারের ভারতীয় দলে তারুণ্য ও অভিজ্ঞতার বৈপরীত্যও নজরকাড়া। দলের অন্যতম কনিষ্ঠ সদস্য ক্রিকেটার বৈভব সূর্যবংশীর সঙ্গে মৈরাজের বয়সের ব্যবধান প্রায় ৩৫ বছর। তা নিয়েও রসিকতা করতে ছাড়ছেন না তিনি। মৈরাজের কথায়, ‘পঞ্চাশই এখন কুড়ি। ওর বয়স আছে, আমার অভিজ্ঞতা।’ তরুণ বৈভবের জেদের পাশে নিজের প্রজ্ঞাকে রেখেই এশিয়াডের নতুন চ্যালেঞ্জের দিকে তাকিয়ে রয়েছেন ভারতীয় শুটিংয়ের এই বর্ষীয়ান তারকা।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

ভারত এখন আত্মবিশ্বাসী ও সক্ষম রাষ্ট্র, বিশ্বমঞ্চে নিয়ম নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে: রাজনাথ সিং

সকাল সকাল ডেস্ক লখনউ : ভারত আজ শুধু বিশ্বের অন্যতম দ্রুত বিকাশমান অর্থনীতি নয়, বরং নিজস্ব সভ্যতা,...

Read More