তুরস্কের স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১৬, আহত ১৩

দুর্ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ, বিচারবিভাগীয় ও প্রশাসনিক তদন্তের নির্দেশ প্রেসিডেন্ট এরদোয়ানের

সকাল সকাল ডেস্ক

আঙ্কারা: পশ্চিম তুরস্কের একটি স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৩ জন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি জানিয়েছেন, ইজমির প্রদেশের আলিয়াগা জেলায় ঘটে যাওয়া এই বিস্ফোরণের প্রকৃত কারণ খুঁজে বের করতে এবং দায়ীদের চিহ্নিত করতে বিচারবিভাগীয় ও প্রশাসনিক তদন্ত শুরু হয়েছে।

তুরস্কের সংবাদমাধ্যম ‘টিএনটি ওয়ার্ল্ড’-এর প্রতিবেদন অনুযায়ী, আঙ্কারায় প্রেসিডেন্ট ভবনে মন্ত্রিসভার বৈঠক শেষে এরদোয়ান বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় গোটা দেশ গভীরভাবে শোকাহত। ঘটনার জন্য যাঁরা দায়ী, তাঁদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইজমিরের গভর্নর সুলেমান এলবান জানিয়েছেন, স্থানীয় সময় সকাল প্রায় ১১টা ৪৬ মিনিটে আলিয়াগা জেলার ‘হাবাস আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট’-এ বিস্ফোরণটি ঘটে। সেই সময় কারখানায় একটি ফার্নেস পরিবর্তনের কাজ চলছিল। আচমকাই একটি সিলিং ক্রেন ভেঙে পড়ে। ক্রেনের সঙ্গে থাকা কিছু সামগ্রী একটি ইলেকট্রিক আর্ক ফার্নেসের মধ্যে পড়ে যায়। এর ফলে প্রাকৃতিক গ্যাস সরবরাহের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয় এবং প্রবল বিস্ফোরণ ঘটে।

দুর্ঘটনার পর প্রাথমিকভাবে ১০ জনের মৃত্যু এবং ১৫ জনের আহত হওয়ার খবর জানিয়েছিলেন গভর্নর। পরে মৃতের সংখ্যা বেড়ে ১৬ এবং আহতের সংখ্যা ১৩ বলে নিশ্চিত করা হয়। বিস্ফোরণের পরই ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ধ্বংসস্তূপের নিচে অন্তত চারজন আটকে থাকার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

গভর্নর আরও জানান, দুর্ঘটনার সময় কারখানায় প্রায় ২০০ জন শ্রমিক উপস্থিত ছিলেন। সাধারণত উৎপাদনের শিফটে এই কারখানায় ৩০০ জনেরও বেশি শ্রমিক কাজ করেন। বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে দুর্ঘটনার কারণ এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

এদিকে, তুরস্কের এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে আজারবাইজান। দেশটির বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই ঘটনায় তারা অত্যন্ত মর্মাহত। নিহতদের পরিবার ও পরিজনদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েনও দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন। সমাজমাধ্যম এক্সে তিনি লিখেছেন, এই কঠিন সময়ে তুরস্কের পাশে রয়েছেন তিনি।

উল্লেখ্য, তুরস্কের ভূমধ্যসাগরীয় উপকূলবর্তী শহর আন্তালিয়ায় যখন জলবায়ু পরিবর্তন মোকাবিলার উপায় নিয়ে আলোচনায় বিশ্বনেতা ও পরিবেশকর্মীরা একত্রিত হয়েছেন, ঠিক সেই সময়েই এই ভয়াবহ শিল্প দুর্ঘটনা ঘটল।

Read More News

Read More