এশিয়ান গেমসে ভারতের জোড়া ধামাকা, হকিতে ১৭ গোল-ব্যাডমিন্টনে দাপুটে জয়

সকাল সকাল ডেস্ক

নাগোয়া: এশিয়ান গেমসের মঞ্চে সোমবার একাধিক বিভাগে দাপট দেখাল ভারত। মহিলা হকিতে ইন্দোনেশিয়াকে ১৭-১ গোলে বিধ্বস্ত করার পাশাপাশি পুরুষদের দলগত ব্যাডমিন্টনে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল ভারত। শুটিং, কবাডি, বক্সিং ও টেবল টেনিসেও এসেছে সাফল্য।

মহিলা হকিতে ভারতের আক্রমণের সামনে কার্যত দাঁড়াতেই পারেনি ইন্দোনেশিয়া। উজবেকিস্তানকে ১৯-০ গোলে হারানোর পর এবার ইন্দোনেশিয়ার জালে ১৭ গোল দিল ভারতীয় দল। দীপিকা সেহরাওয়াত ও ঋতুজা পিসাল হ্যাটট্রিক করেন। ম্যাচের অষ্টম মিনিটে ড্র্যাগফ্লিক থেকে ভারতের গোলের খাতা খোলেন দীপিকা। পরে ২৮ ও ৪০ মিনিটে আরও দু’বার লক্ষ্যভেদ করেন তিনি। ঋতুজা গোল করেন ১৫, ২০ ও ৩৯ মিনিটে।

নবনীত কৌর ও লালরেমসিয়ামির স্টিক থেকেও আসে জোড়া গোল। এছাড়া সুনেলিতা টোপ্পো, সাক্ষী রানা, ঈশিকা এবং অধিনায়ক সালিমা টেটেও গোলের তালিকায় নাম তোলেন। প্রথম কোয়ার্টারেই ৪-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। হাফটাইমে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৯-০। ম্যাচের ৩২ মিনিটে ইনেস আদিয়িতা ইন্দোনেশিয়ার একমাত্র গোলটি করেন।

ব্যাডমিন্টনেও বাংলাদেশের বিরুদ্ধে ভারতের জয় ছিল একপেশে। পুরুষদের দলগত বিভাগে প্রথম তিনটি সিঙ্গলস জিতেই ৩-০ ব্যবধানে ম্যাচ পকেটে পুরে নেয় ভারত। ফলে ডবলস ম্যাচ খেলার প্রয়োজন পড়েনি।

প্রথম সিঙ্গলসে আইমান ইবন জামানকে ২১-৪, ২১-১২ গেমে হারান লক্ষ্য সেন। দ্বিতীয় ম্যাচে আয়ুষ শেট্টি ২১-৪, ২১-১৩ ব্যবধানে গৌরব সিংহকে পরাজিত করেন। তৃতীয় সিঙ্গলসে কিদাম্বি শ্রীকান্ত ২১-১৫, ২১-৯ গেমে আল আমিন জুমারকে হারিয়ে ভারতের কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেন।

শুটিংয়েও ভারতের পদকের ঝুলি ভারী হয়েছে। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত বিভাগে হিমাংশু ধিলোঁ রুপো এবং রুদ্রাংশ পাটিল ব্রোঞ্জ জিতেছেন। এর আগে পার্থ মানের সঙ্গে দলগত বিভাগেও রুপো জিতেছিলেন তাঁরা।

কবাডির গ্রুপ ‘এ’-র ম্যাচে জাপানের বিরুদ্ধে ৪৯-২৩ ব্যবধানে জয় পেয়েছে ভারতীয় পুরুষ দল। বক্সিংয়ের ৭০ কেজি বিভাগে বুঞ্জং সিনসিরিকে হারিয়ে পরের রাউন্ডে জায়গা করে নিয়েছেন সুমিত। মহিলাদের দলগত টেবল টেনিসেও পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ভারত।

সাঁতারে পুরুষদের ৫০ মিটার ব্যাকস্ট্রোকের ফাইনালে জায়গা করে নিয়েছেন শ্রীহরি নটরাজ। তবে ৫০ মিটার ফ্রিস্টাইলে মণি আকাশ ও গীতেশ শাহ ফাইনালে উঠতে পারেননি।

মিক্সড মার্শাল আর্টসেও ভারতের পদক এসেছে। ৬০ কেজি বিভাগের সেমিফাইনালে সিঙ্গাপুরের হুই হুন তেওর কাছে হেরে ব্রোঞ্জ পেয়েছেন সূচিকা তরিয়াল। উশুতে নিয়েমান ওয়াংসু ১৫তম স্থানে প্রতিযোগিতা শেষ করেছেন।

সব মিলিয়ে এশিয়ান গেমসে সোমবার ভারতের জন্য ছিল ব্যস্ত ও সাফল্যে ভরা দিন। হকির গোলবন্যা থেকে ব্যাডমিন্টনের দাপট, শুটিংয়ের পদক থেকে কবাডির বড় জয়—একাধিক ইভেন্টে ভারতীয় ক্রীড়াবিদরা নিজেদের ছাপ রেখেছেন।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

Read More