ক্রিকেটে ইতিহাসের সামনে ভারত-জাপান, এশিয়ান গেমসের আগে সানোয় টি-টোয়েন্টি দ্বৈরথ

সকাল সকাল ডেস্ক

সানো : বেসবলের দেশ জাপানে এবার ক্রিকেটের বড় মঞ্চ। মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হতে চলেছে ভারত ও জাপানের পুরুষ দল। এশিয়ান গেমসের আগে সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় সকাল সাড়ে ৯টায়। ‘সুজুকি কাপ’ নামের এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

ভারত ও জাপানের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ‘স্পোর্ট ৭৫’ উদ্যোগের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে এই ম্যাচ। দুই দেশের মধ্যে ক্রীড়াক্ষেত্রে আদানপ্রদান ও সহযোগিতা বাড়ানোই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে জাপানে ক্রিকেটের প্রসারের ক্ষেত্রেও ম্যাচটিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এশিয়ান গেমসের আগে ভারতের কাছেও এই ম্যাচ প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার সুযোগ। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে জাপানের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। সহ-অধিনায়কের দায়িত্বে রয়েছেন তিলক বর্মা। দলে রয়েছেন সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিষান, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ এবং অর্শদীপ সিংয়ের মতো ক্রিকেটার।

তবে বিশেষ নজর থাকবে তরুণ বৈভব সূর্যবংশীর দিকে। ভারতের স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি। এ ছাড়া বরুণ চক্রবর্তীর পরিবর্তে দলে এসেছেন বিপ্রজ নিগম। হর্ষিত রানার পরিবর্তে সুযোগ পেয়েছেন যশ ঠাকুর।

অন্যদিকে, জাপানের নেতৃত্বে থাকবেন কেন্ডেল কাডোভাকি-ফ্লেমিং। জাপানে ক্রিকেট এখনও বেসবল বা ফুটবলের মতো জনপ্রিয় না হলেও গত কয়েক বছরে খেলাটির প্রসারে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ঘরের মাঠে খেলার সুযোগ জাপানি ক্রিকেটের কাছে তাই বিশেষ তাৎপর্যপূর্ণ।

ম্যাচের আগে অবশ্য আবহাওয়া নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে ভারতের প্রস্তুতিও ব্যাহত হয়েছে। ম্যাচের দিন বৃষ্টির আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এশিয়ান গেমসে ভারতের পুরুষ ক্রিকেট দল আগামী ২৮ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনাল থেকে অভিযান শুরু করবে। তার আগে জাপানের বিরুদ্ধে এই একমাত্র টি-টোয়েন্টি ম্যাচই শ্রেয়সদের কাছে শেষ মুহূর্তের প্রস্তুতির গুরুত্বপূর্ণ সুযোগ।

ভারতে ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে ফ্যানকোডে। টেলিভিশনে স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার হওয়ার কথা।

ভারতীয় দল: শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিষান, শিবম দুবে, তিলক বর্মা (সহ-অধিনায়ক), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, বৈভব সূর্যবংশী, যশ ঠাকুর ও বিপ্রজ নিগম।

জাপান দল: কেন্ডেল কাডোভাকি-ফ্লেমিং (অধিনায়ক), চার্লি হারা-হিঞ্জ, বেঞ্জামিন ইতো-ডেভিস, অ্যালেস্টার কাডোভাকি-ফ্লেমিং, কোহেই কুবোতা, জেক কুসুদা-নায়ার্ন, ওয়াতারু মিয়ুচি, রেও সাকুরানো-থমাস, অ্যালেক্স শিরাই-প্যাটমোর, শোমা সুগায়া-স্লাটার, ডেকলান সুজুকি-ম্যাককম্ব, সুয়োশি তাকাদা, ইব্রাহিম তাকাহাশি, মাকোতো তানিয়ামা ও লাচলান ইয়ামামোতো-লেক।

ক্রিকেটের শক্তির বিচারে দুই দেশের অবস্থানে বড় ব্যবধান থাকলেও এই ম্যাচের তাৎপর্য শুধুমাত্র ফলাফলে সীমাবদ্ধ নয়। জাপানের ক্রিকেট ইতিহাসে ভারতের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক ম্যাচ নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

Read More