ভদোদরায় বাস-ট্রাকের সংঘর্ষে মৃত বেড়ে ৭, আহত ২৬

সকাল সকাল ডেস্ক,

ভদোদরা : গুজরাতের ভদোদরা-জেরোড হাইওয়েতে ঘটে গেল এক ভয়াবহ পথ দুর্ঘটনা। গুজরাটের ভদোদরা শহরের কোটম্বি স্টেডিয়ামের কাছে বুধবার ভোরে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। রাজস্থানের বাঁশওয়ারা থেকে সুরাটগামী একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭, আহত আরও ২৬ জন। দুর্ঘটনায় নিহত ৭ জনের মধ্যে ৬ জনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন, প্রীত হিতেশ ভাটিয়া (৯), বিনোদ নরেশ ডামোর (৩০), হরজিংভাই ভালজিভাই কাটারা (৩০), মুকেশ জিবাজি ডিন্ডোর (৩৪), পিঙ্কি ভাটিয়া (৩৬), মহেন্দ্রকুমার ভোগীলাল পান্ড্য (৬৮)।

দুর্ঘটনার পর বাসের ভেতরে বহু যাত্রী আটকে পড়েন। খবর পেয়ে রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা, দমকল কর্মীরা, পুলিশ ও অন্যান্য উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু করে। আহতদের ভদোদরার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস-ট্রাকটিকে দ্রুত রাস্তা থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে। বাসের গতি অতিরিক্ত থাকার কারণেই এই দুর্ঘটনা, নাকি চালক ঘুমিয়ে পড়েছিলেন, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Read More News

Read More