নিষ্ঠুর তৃণমূল সরকার উত্তরবঙ্গের চা বাগানগুলিকে শেষ করে দিচ্ছে : নরেন্দ্র মোদী

সকাল সকাল ডেস্ক

শিলিগুড়ি : তৃণমূল কংগ্রেসকে উত্তরবঙ্গ-বিরোধী তকমা দিলেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার শিলিগুড়ির নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেন, “দার্জিলিং সহ উত্তরবঙ্গের একটি বিরাট অংশ চা-চাষের অঞ্চল।এখানকার চায়ের স্বাদ আমার চেয়ে ভালো আর কে জানে? কিন্তু আপনারা তো দেখছেন, এই নিষ্ঠুর তৃণমূল সরকার চা বাগানগুলোও ধ্বংস করে দিচ্ছে।”

প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, “আপনাদের প্রতিবেশী রাজ্য অসম, যেখানে বিজেপি সরকার চা বাগানগুলিতে বহু সুযোগ-সুবিধা গড়ে তুলেছে। চা বাগানের সন্তানদের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান নিয়ে অনেক কাজ করা হয়েছে। সেখানকার চা বাগানের শ্রমিকদের জমি ইজারা দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের বিজেপিও এখানকার চা বাগানের পরিবারগুলির জন্য অনেক প্রতিশ্রুতি দিয়েছে। শ্রমিকদের পরিবারকে জমি ইজারা, স্থায়ী বাড়ি, ট্যাপের জল, বিদ্যুৎ, জল এবং কর্মসংস্থানের সুবিধা প্রদান করতে হবে। অন্য কথায়, এখানে গঠিত বিজেপি সরকার শ্রমিকদের আয়, শিক্ষা, চিকিৎসা এবং অন্য সবকিছু নিয়ে কাজ করবে।”

প্রধানমন্ত্রী বলেন, “আমাদের শিলিগুড়ি ভারতের নিরাপত্তারও একটি প্রধান প্রবেশদ্বার। শিলিগুড়ি করিডোর শুধু একটি শব্দ নয়, এটি ভারতমাতার বাহু। কিন্তু মনে রাখবেন, তোষণ এবং নিজেদের ভোটব্যাঙ্ককে তুষ্ট করার জন্য তৃণমূল কী করেছিল।”

Read More News

Read More