ঠাকুর পঞ্চানন বর্মার মৃত্যুবার্ষিকীতে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি
সকাল সকাল ডেস্ক। কলকাতা রাজবংশী সমাজের বিশিষ্ট নেতা ও সমাজসংস্কারক রায়সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার মৃত্যুবার্ষিকীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধাঞ্জলি জানালেন। তিনি জানান, “রাজবংশী সমাজের প্রাণপুরুষ ঠাকুর পঞ্চানন বর্মার প্রয়াণ দিবসে তাঁকে আন্তরিক শ্রদ্ধা জানাই। আমার দৃঢ় বিশ্বাস, তাঁর ভাবনা ও আদর্শ কখনো মরে যায়নি এবং তা ভবিষ্যতেও মানুষকে উদ্বুদ্ধ করবে।” মুখ্যমন্ত্রী আরও বলেন, ঠাকুর পঞ্চানন বর্মার স্মৃতিকে সম্মান জানিয়ে কোচবিহারে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। তাঁর জন্মস্থান খলিসামারিতে এর দ্বিতীয় ক্যাম্পাসও চালু হয়েছে। তাঁর জন্মদিনকে রাজ্য সরকার সরকারি ছুটি ঘোষণা করেছে। তাঁর বাড়িকে সংস্কার করে ‘পঞ্চানন বর্মা সংগ্রহশালা ও গবেষণাকেন্দ্র’ গড়ে তোলা হয়েছে এবং তাঁর পূর্ণাবয়ব মূর্তিও স্থাপন করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, রাজবংশী ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে। পাশাপাশি কামতাপুরী, সাঁওতালী, কুরুখ, কুড়মালী, নেপালী, হিন্দি, উর্দু, ওড়িয়া, পাঞ্জাবি, তেলুগু প্রভৃতি ভাষাকেও সরকারি স্বীকৃতি দেওয়া হয়েছে। রাজবংশী সমাজের উন্নয়নের জন্য রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ড, রাজবংশী কালচারাল একাডেমি, রাজবংশী ভাষা অ্যাকাডেমি এবং কামতাপুরী ভাষা অ্যাকাডেমি গঠন করা হয়েছে। প্রায় ২০০টি রাজবংশী স্কুলকে সরকারি অনুমোদন দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, রাজ্য পুলিশে ‘নারায়ণী ব্যাটেলিয়ন’ গঠন করা হয়েছে যার সদর দফতর মেখলিগঞ্জে। বাবুরহাটে মহাবীর চিলা রায়ের ১৫ ফুট উঁচু ব্রোঞ্জের মূর্তি বসানো হয়েছে। এছাড়া কোচ-কামতাপুরী-রাজবংশী সমাজের ঐতিহ্য ও গৌরবকে সম্মান জানিয়ে কোচবিহার শহরকে হেরিটেজ সিটির মর্যাদা দেওয়া হয়েছে।
জম্মুতে অবৈধ খননের বিরুদ্ধে পুলিশের অভিযান, বাজেয়াপ্ত চার ট্র্যাক্টর-ট্রলি
সকাল সকাল ডেস্ক। জম্মু ; জম্মু জেলায় অবৈধ খননের বিরুদ্ধে বড়সড় অভিযানে নেমে পুলিশ চারটি ট্র্যাক্টর-ট্রলি বাজেয়াপ্ত করেছে। অনুমতি ছাড়া খনিজ উত্তোলন ও পরিবহণের কাজে এগুলি ব্যবহার করা হচ্ছিল বলে জানা গেছে। মঙ্গলবার পুলিশ জানায়, পিপি জৌরিয়া এলাকায় এই ট্র্যাক্টর-ট্রলিগুলি অবৈধ খননের সময় ধরা পড়ে। পরে জেলা খনন আধিকারিককে খবর দেওয়া হয় এবং তিনি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেন। জম্মু পুলিশ জানিয়েছে, অবৈধ খননের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পরিবেশ রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও পুলিশ স্পষ্ট জানিয়েছে।
রানিনগরে নৌকাডুবি, দুই কৃষক নদীতে তলিয়ে গেলেন
সকাল সকাল ডেস্ক। মুর্শিদাবাদ ; মুর্শিদাবাদ জেলার রানিনগরে ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটল। এতে দুই কৃষক নদীতে তলিয়ে যান। তাঁদের মধ্যে একজনকে উদ্ধার করা গেলেও অন্যজনের এখনও কোনো সন্ধান মেলেনি। ঘটনাস্থলে রানিনগর থানার পুলিশ ইতিমধ্যেই পৌঁছেছে। পাশাপাশি ডুবুরিদের তলব করা হয়েছে এবং উদ্ধারকাজ চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রানিনগরের কাতলামারী কার্গিল এলাকায় পদ্মার শাখা নদী, যেটি মরা পদ্মা নামে পরিচিত, সেখানেই মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটে। সাধারণত ওই নদীতে সারা বছর জল খুব একটা থাকে না, তাই কৃষকরা হেঁটেই জমিতে যাতায়াত করেন। কিন্তু বর্ষাকালে নদীর জল বেড়ে যাওয়ায় নৌকার উপরেই ভরসা রাখতে হয়। এদিনও কয়েকজন কৃষক নৌকায় চেপে মাঠে কাজ শেষ করে ফিরছিলেন। হঠাৎ মাঝনদীতে নৌকা ডুবে যায়। সবাই জলে পড়লেও বেশিরভাগ কৃষক সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হন। তবে দুই কৃষক আর উঠতে পারেননি। তাঁদের মধ্যে একজনকে উদ্ধার করা গেলেও অপর কৃষক, সুজন শেখ ওরফে সুমন (৩০), নিখোঁজ রয়েছেন। তাঁকে উদ্ধারের জন্য তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।
মঙ্গলবারই হবে উপরাষ্ট্রপতি নির্বাচন
সকাল সকাল ডেস্ক। নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর: আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে দেশের ১৭তম উপরাষ্ট্রপতি নির্বাচন। সেদিনই জানা যাবে কে হবেন জগদীপ ধনখড়ের উত্তরসূরি।এনডিএ প্রার্থী হিসেবে লড়ছেন সি পি রাধাকৃষ্ণন। বিরোধী ইন্ডি জোটের প্রার্থী প্রাক্তন সুপ্রিম কোর্ট বিচারপতি বি সুদর্শন রেড্ডি।উল্লেখ্য, ধনখড় স্বাস্থ্যগত কারণে হঠাৎ করেই জুলাই মাসে পদত্যাগ করেছিলেন।
দ্বিতীয়বার ইউএস ওপেন চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ
সকাল সকাল ডেস্ক। নিউ ইয়র্ক, ৮ সেপ্টেম্বর: ইউএস ওপেনের ফাইনালে ইয়ানিক সিনারকে হারিয়ে দ্বিতীয়বার শিরোপা জিতলেন কার্লোস আলকারাজ।ফাইনালের ফলাফল: ৬-২, ৩-৬, ৬-১, ৬-৪। এই জয়ের ফলে আবারও বিশ্ব র্যাঙ্কিংয়ের এক নম্বরে ফিরলেন ২২ বছর বয়সী স্প্যানিশ তারকা।উইম্বলডনের ফাইনালে সিনারের কাছে হারের প্রতিশোধ নিলেন আলকারাজ। এখন তাঁর ক্যারিয়ারে ছয়টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা।
ইতিহাস গড়ে দক্ষিণ আফ্রিকাকে ৩৪২ রানে হারাল ইংল্যান্ড
সকাল সকাল ডেস্ক। সাউদাম্পটন, ৮ সেপ্টেম্বর: একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্ব রেকর্ড জয়ের সাক্ষী হল সাউদাম্পটন। দক্ষিণ আফ্রিকাকে ৩৪২ রানে হারিয়ে নতুন রেকর্ড গড়ল ইংল্যান্ড।প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৪১৪ রান তোলে ইংল্যান্ড। জ্যাকব বেথেল ও জো রুট শতরান করেন। জবাবে প্রোটিয়ারা মাত্র ৭২ রানে গুটিয়ে যায়। জোফরা আর্চার ও ব্রাইডন কার্স মিলে ছয় উইকেট নেন, আদিল রশিদ নেন তিনটি।আগে ২০২৩ সালে ভারতের ৩১৭ রানের জয় ছিল সর্বোচ্চ। এবার ইংল্যান্ড সেটি ভাঙল।
“সংবিধান রক্ষার জন্যই উপরাষ্ট্রপতি নির্বাচন” – সঞ্জয় রাউত
সকাল সকাল ডেস্ক। নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর: আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনকে সংবিধান ও গণতন্ত্র রক্ষার প্রক্রিয়া বলে মন্তব্য করলেন শিবসেনা (উদ্ধব গোষ্ঠী)-র সাংসদ সঞ্জয় রাউত।তিনি বলেন, “লোকসভা-রাজ্যসভার সাংসদরা ভোট দেবেন দেশের স্বার্থে। আমাদের আগের উপরাষ্ট্রপতি কোথায়, তা নিয়েও প্রশ্ন আছে। গণতন্ত্রকে এভাবে সংকটে ফেলা যায় না।”
ভেনিসে পুরস্কার পেলেন অনুপর্ণা, মুখ্যমন্ত্রীর অভিনন্দন
সকাল সকাল ডেস্ক। কলকাতা, ৮ সেপ্টেম্বর: ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের সম্মান পেলেন পুরুলিয়ার মেয়ে অনুপর্ণা রায়। তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি Songs of Forgotten Trees জিতে নিল ‘অরিজোন্টি’ বিভাগে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার।এই খবর জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিনন্দন বার্তা পাঠালেন। তিনি লেখেন, “অনুপর্ণার এই সাফল্য আমাদের বাংলার গর্ব। তাঁর মা-বাবা ও সহযোগীদের অভিনন্দন। আশা করি আরও এগিয়ে গিয়ে বাংলার মুখ উজ্জ্বল করবেন।”
“শিল্প কারখানা বন্ধ করাই তৃণমূলের নীতি” – কটাক্ষ শুভেন্দুর
সকাল সকাল ডেস্ক। কলকাতা, ৮ সেপ্টেম্বর: কোলাঘাটের রামকো সিমেন্ট কারখানা বন্ধ হওয়া নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।তিনি এক্স-এ লিখেছেন, “রাজ্যে যত কল-কারখানা বাকি আছে, তৃণমূল সরকার সেগুলিরও শ্রাদ্ধ করতে বদ্ধপরিকর। এভাবে চলতে থাকলে কোনো নতুন লগ্নি আসবে না, বরং পুরনো শিল্পও অন্যত্র চলে যাবে।”তিনি আরও দাবি করেন, বিজেপি সরকার এলে শ্রমিকদের অধিকার রক্ষা ও শিল্প পুনর্জীবনের ব্যবস্থা হবে।
বাংলার মেয়েদের দাপট, রেলওয়েজকে ৭-০ গোলে হারাল
সকাল সকাল ডেস্ক। কলকাতা, ৮ সেপ্টেম্বর: সিনিয়র জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলার দুরন্ত জয়। কৃষ্ণনগরের দ্বিজেন্দ্রলাল রায় স্টেডিয়ামে বাংলার মেয়েরা রেলওয়েজকে ৭-০ গোলে হারাল। এর আগে মেঘালয়কেও একই ব্যবধানে হারিয়েছিল দল।প্রথমার্ধেই সবকটি গোল হয়ে যায়। গোলদাতাদের মধ্যে ছিলেন রিম্পা হালদার, সঙ্গীতা বাসফোর ও মৌসুমী মুর্মু। অধিনায়ক রিম্পা নিজেও একটি গোল করেন। সুলঞ্জনা রাউল লালকার্ড দেখেন। বাংলার গোলকিপার মামণি দাসকে প্রায় ভাবনায় ফেলতে পারেনি রেলওয়ের খেলোয়াড়রা।