শুভেন্দুর কটাক্ষ মমতার ‘শ্রমশ্রী’ প্রকল্পকে
সকাল সকাল ডেস্ক। কলকাতা, ২৯ আগস্ট, : “আপনার ঢপের ‘শ্রমশ্রী’ প্রকল্পকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে ওরা পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরের রাজ্যে পাড়ি দিচ্ছে মাসে পাঁচ হাজারের থেকে অনেক বেশি টাকা আয় করার জন্য।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে এক্সবার্তায় এ কথা লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুবাবু শুক্রবার লিখেছেন, “মাননীয়া শুভনন্দন ! আমার প্রিয় জেলা পুরুলিয়ার চিত্র তুলে ধরলাম। চিত্রটি পুরুলিয়া রেল স্টেশনের। এলাকার শ’য়ে শ’য়ে যুবকরা ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে কাজের জন্য। এই চিত্র দেখলে দুটো ব্যাপারে নিশ্চিত হওয়া যায়; প্রথমত আপনার শাসনকালে পশ্চিমবঙ্গের কর্মসংস্থানের এমন বেহাল দশা যে বাঙালিদের বাধ্য হয়ে ভিন রাজ্যে পাড়ি দিতে হয় কাজের খোঁজে, দ্বিতীয়ত ভারতবর্ষের কোনো প্রান্তেই কোথাও কোন বাংলাভাষীদের হেনস্থা করা হচ্ছে না কিংবা বাঙালি অস্মিতা আক্রান্ত নয়। সবটাই আপনার মনগড়া, ভোট রাজনীতির পরিকল্পনা। পশ্চিমবঙ্গের সকল সচেতন নাগরিক তা ভালো ভাবে বুঝেছেন। এই শ্রমিকদের যদি নিজের রাজ্যে রেখে দিতে চান, আগামী বছরের নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত সৃষ্ট প্রকল্প ‘শ্রমশ্রী’ না চালু করে কর্মসংস্থানের সুযোগের ‘শ্রীবৃদ্ধি’ ঘটানোর চেষ্টা করুন। তবে আপনি সক্ষম নন এটা করতে, হলে আগেই তা করে দেখাতেন, নির্বাচনের পূর্বে এক বছরের জন্যে ভাতার প্রলোভন দেখিয়ে, পরিযায়ী দের ভোট নেওয়ার উদ্দেশ্যে তাঁদের ফেরত আনার চেষ্টা করতেন না। আগামী বছর বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে কর্মসংস্থানের ‘শ্রীবৃদ্ধি’ হবে। এবং এই সকল যুবকদের বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে যেতে হবে না। নিজের রাজ্যে কর্মসংস্থান পাবে। সেই দিন বেশি দুরে নয়।”
মহেশতলায় রেললাইনের পাশে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার
সকাল সকাল ডেস্ক। দক্ষিণ ২৪ পরগনা, ২৯ আগস্ট : মহেশতলার সন্তোষপুরে রেললাইনের পাশে মিলল মহিলার রক্তাক্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। রাতেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে মহেশতলা থানার সন্তোষপুর পাহাড়পুর রোডের রেললাইনের পাশে রক্তাক্ত অবস্থায় এক মহিলাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মহেশতলা থানায়। মহেশতলা থানার পুলিশ ও জিআরপি গিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ওই মহিলাকে উদ্ধার করে। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মহিলার দেহের পাশে একটি ব্যাগ পড়েছিল। সেই ব্যাগের থেকে মোবাইল চার্জার, আধার কার্ড পায় পুলিশ। কিন্তু কীভাবে মৃত্যু? খুন, আত্মহত্যা নাকি নিছক দুর্ঘটনা? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
নুসরত জাহানের ‘রক্তবীজ ২’ আইটেম গান: দর্শকও, যশ দাশগুপ্তও মুগ্ধ
সকাল সকাল ডেস্ক। কলকাতা‘রক্তবীজ ২’ সিনেমার একটি আইটেম গানের মুক্তি নিয়েই আলোচনায় এলেন অভিনেত্রী নুসরত জাহান। গানের জনপ্রিয় কলি “অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেওনা…” বর্তমানে দর্শকের মধ্যে মিম ও কথোপকথনের অংশ হিসেবে ছড়িয়ে পড়েছে। নুসরত বলেন, “আমি বিষয়টি ক্রিয়েটিভ এবং এস্থেটিক দিক থেকে দেখছি। একজন অভিনেত্রী হিসেবে এই গানের কলিতে আমার কোনো অসুবিধা নেই।” কয়েক মাস ধরেই নুসরত ব্যক্তিগত জীবন নিয়ে খবরের শিরোনামে। টলিপাড়ায় জোর জল্পনা চলছে যে, যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্কের ভাঙন হয়েছে। এই আইটেম গানের প্রসঙ্গে নুসরত জানালেন, “এই গান মুক্তির পর যশ দেখেছে এবং প্রশংসা করেছেন। এর আগেও আমি আইটেম ডান্স করেছি, এবং দর্শক এই নতুন আইটেম গানকে ইতিমধ্যেই পছন্দ করছে।” পুজোর ছবিতে ‘রক্তবীজ ২’-এর এই আইটেম গান গুরুত্বপূর্ণ মোচড়ের সময়ে দর্শকের সামনে আসবে। নুসরত তার ব্যক্তিগত জীবন নিয়েও গুঞ্জনকে পাত্তা না দিয়ে নিজের মতো করে সব কিছু সামলাচ্ছেন। তিনি সাক্ষাৎকারে উল্লেখ করেছেন, “অর্ডার ছাড়া বর্ডার পার করলে ব্যক্তিগত জীবনে প্রবেশ নিষেধ।”
আর জি কর মামলা থেকে সরলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ
সকাল সকাল ডেস্ক। কলকাতা, ২৮ আগস্ট: আর জি কর মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। বিচারপতি ঘোষ সরে দাঁড়ানোয় মামলা ফিরে গেল প্রধান বিচারপতির কাছে। অভয়া কাণ্ড নিয়ে একাধিক মামলা চলছে কলকাতা হাই কোর্ট ও সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার মূলত নির্যাতিতার পরিবারের তরফে নতুন করে তদন্তের আর্জি সংক্রান্ত মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি জানান, এই সংক্রান্ত মামলা বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে বিচারাধীন রয়েছে। তাই এই মামলার শুনানিও ডিভিশন বেঞ্চে হওয়া উচিত বলেই মনে করছেন বিচারপতি ঘোষ। এই যুক্তিতেই তিনি মামলা থেকে সরে দাঁড়ালেন।
ছাত্রদের জীবনে অন্ধকার নামিয়ে আনার চেষ্টা সুপ্রিম কোর্টে আটকেছেন, দাবি অভিষেকের
সকাল সকাল ডেস্ক। কলকাতা, ২৮ আগস্ট : “হাই কোর্টের একাংশ বাংলার ছাত্রদের জীবনে অন্ধকার নামিয়ে আনতে চেয়েছিল, সুপ্রিম কোর্টে আটকেছি।” দলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বৃহস্পতিবার রেড রোডের সমাবেশে প্রধান বক্তা হিসেবে এই মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। “আগে মানুষ সরকার বেছে নিত। কিন্তু এখন কেন্দ্রীয় সরকার ভোটার বাছছে”! বিজেপিকে এই ভাষাতেই এসআইআর প্রসঙ্গে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে তাঁর বক্তব্যে উঠে আসে বাংলা ভাষার অপমান প্রসঙ্গও। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করেন। এসআইআর-এর নাম করে দেশের ভোটারদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই পরিপ্রেক্ষিতেই তাঁর সাফ কথা, এর বিরুদ্ধে লড়াই চলবে।
কাঁকুড়গাছির বিজেপি কর্মীর খুনের মামলায় ধৃত অবসরপ্রাপ্ত এসি-র জামিন
সকাল সকাল ডেস্ক। কলকাতা, ২৮ আগস্ট : চার বছর আগে কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে খুনের মামলায় ধৃত কলকাতা পুলিশের অবসরপ্রাপ্ত এসি (তৎকালীন ওসি, নারকেলডাঙা থানা) শুভজিৎ সেনকে জামিন দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি শুভ্রা ঘোষ জেল হেফাজতে থাকা ওই ওসির জামিনের আর্জি মঞ্জুর করেছেন। প্রায় সাড়ে চার বছরের পুরনো এই মামলায় নাম জড়িয়েছে একাধিক পুলিশকর্মী ও আধিকারিকের। গত ১৮ জুলাই বিশেষ সিবিআই আদালত কলকাতা পুলিশের তৎকালীন এসআই রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। পাশাপাশি, শুভজিৎ এবং ‘খুনে সাহায্যকারী’ সুজাতা দে-র জামিনের আবেদন খারিজ করে তাঁদের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। তবে চলতি মাসের শুরুতে রত্না এবং দীপঙ্কর জামিন পেয়ে যান। সিবিআই হাই কোর্টে তাঁদের জামিনের বিরোধিতা করলেও বিচারপতি জয় সেনগুপ্ত শেষমেশ দুই পুলিশকর্মীর জামিনের আবেদন মঞ্জুর করেন। এ বার মামলায় আর এক অভিযুক্ত শুভজিৎও জামিন পেলেন।
মানকুমার বসু ঠাকুরকে বিনম্র শ্রদ্ধা সুকান্ত মজুমদারের
সকাল সকাল ডেস্ক। কলকাতা, ২৮ আগস্ট: “স্বাধীনতা আন্দোলনের অন্যতম মহান ব্যক্তিত্ব ও ভারতীয় নৌবিদ্রোহের অমর শহীদ মানকুমার বসু ঠাকুরের জন্মদিবসে জানাই আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি।” বৃহস্পতিবার এক্সবার্তায় এ কথা লিখলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। তিনি লিখেছেন, আজাদ হিন্দ বাহিনীর গোপন বিভাগের সঙ্গে যুক্ত হয়ে তিনি দেশীয় সিপাহীদের অন্তরে জাগিয়ে তুলেছিলেন স্বাধীনতার দীপ্ত চেতনা। তাঁর নেতৃত্বেই গোলন্দাজ বাহিনীর জওয়ানরা গোপনে সঞ্চিত গোলাবারুদ সমুদ্রে নিক্ষেপ করে ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। ঔপনিবেশিক বৈষম্য ও অরাজকতার বিরুদ্ধে যখন অসন্তোষ ধ্বনিত হচ্ছিল, তখন ‘বিদ্রোহের বীজ’ রোপণের অভিযোগে ১৮ এপ্রিল ১৯৪৩-এ মানকুমারসহ বারোজন বিপ্লবীকে গ্রেপ্তার করা হয়। অবশেষে ২৮ সেপ্টেম্বর ১৯৪৩, দেশমাতৃকার মুক্তির শপথ বুকে নিয়ে, ‘বন্দে মাতরম’ ধ্বনি উচ্চারণ করতে করতে মানকুমার ও তাঁর সহযোদ্ধারা মাদ্রাজ দুর্গে ফাঁসির মঞ্চে আরোহণ করেন। তাঁদের আত্মত্যাগ, পরাক্রম এবং দেশভক্তি ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”
ফের অনুভূত গুমোট গরম, নিম্নচাপের প্রভাব নেই দক্ষিণবঙ্গে
সকাল সকাল ডেস্ক। কলকাতা, ২৭ আগস্ট : বৃষ্টি থামতেই ফের অনুভূত গুমোট গরম, রোদের তেজও বেশ অনুভূত হচ্ছে। ফলে সামান্য অস্বস্তিও বাড়ছে। নিম্নচাপ অঞ্চলের প্রত্যক্ষ প্রভাবও নেই দক্ষিণবঙ্গে। তবে, বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। তবে, পশ্চিমবঙ্গের আবহাওয়ার ওপর বিশেষ প্রভাব পড়বে না। তবুও, আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য বেশি। আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী দুই দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার পশ্চিমবঙ্গে : দিলীপ ঘোষ
সকাল সকাল ডেস্ক। খড়গপুর, ২৭ আগস্ট : পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর কথায়, দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার পশ্চিমবঙ্গে। বুধবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মন্ত্রী এবং বিধায়করা জেলে। সবাই জানে চোর কারা। এখানে এসআইআর শুরু হওয়ার পর, এখানকার ১ কোটিরও বেশি ভুয়ো ভোটারদেরও বের করে দেওয়া হবে, তাই তাদের সরকার এখানেও গঠিত হবে না। তারা এতে ভীত, তাই তারা এমন অর্থহীন বক্তব্য পেশ করছে। দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার পশ্চিমবঙ্গে।” অন্যান্য রাজ্যে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের পাড়ি জমানোর বিষয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, “বাংলায় কোনও সুযোগ নেই, যে কারণে মানুষ এখান থেকে পাড়ি জমাচ্ছে।” ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবিটি সম্পর্কে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, “যেহেতু মানুষ কাশ্মীর সম্পর্কে জানতে পেরেছে, বাংলার অবস্থা তার চেয়েও খারাপ।” ১৩০-তম সংবিধান সংশোধনী বিল সম্পর্কে দিলীপ ঘোষ বলেছেন, “বিলটি পাস হয়ে গেলে, এটি আইনে পরিণত হবে এবং দেশে বিদ্যমান দুর্নীতি ধীরে ধীরে হ্রাস পাবে।”
গত বছরের খরচের হিসেব দিলে তবেই পুজোর অনুদান, নির্দেশ কলকাতা হাইকোর্টের
সকাল সকাল ডেস্ক। কলকাতা, ২৭ আগস্ট: দুর্গা পুজোর অনুদান মামলায় বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবারের শুনানিতে স্পষ্ট জানানো হল, পুজো কমিটিগুলি গত বছরের খরচের হিসেব দিলে তবেই অনুদান পাবে। কিন্তু সেই হিসেব না দিলে অনুদান দেওয়া যাবে না বলে স্পষ্ট করা হয়েছে। বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ এমনই নির্দেশ দিয়েছে। বুধবার কলকাতা হাইকোর্টে রাজ্য জানায়, ৪১ হাজার ৭৯৫টি পুজো কমিটি অনুদান নিয়েছে। তার মধ্যে ৪১ হাজার ৭৯২টি কমিটিই খরচের হিসেব দিয়েছে। বাকি তিনটি ক্লাব যারা কোনও হিসেব দেয়নি তারা শিলিগুড়ির। এই বক্তব্য শুনে পুজোর ছুটির এক মাসের মধ্যে ‘ইউটিলাইজেশন সার্টিফিকেট’ বা খরচের হিসেব নিয়ে রাজ্যকে রিপোর্ট দিতে বলেছে রাজ্যের উচ্চ আদালত। পুজোর অনুদান মামলায় এর আগেও হিসেব-নিকেশের প্রসঙ্গ উঠেছিল। সেই সময়ে রাজ্যের অবস্থান জানতে চেয়েছিল কলকাতা হাইকোর্ট। জানতে চাওয়া হয়, কত পুজো কমিটি অনুদান পায়, কতগুলি পুজো কমিটি খরচের হিসেব দেয় বা দেয়নি। পাশাপাশি খরচের হিসেব না দেওয়া কমিটিগুলিকে রাজ্য আবার কেন অনুদান দিচ্ছে সেই প্রশ্নও করেছিল আদালত। বুধবার সেই প্রেক্ষিতে স্পষ্ট নির্দেশ – অনুদানের টাকার খরচের হিসেব বা দিলে তা আর দেওয়াই যাবে না।