সকাল সকাল ডেস্ক
ঢাকা। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার জল্পনার মধ্যেই নতুন করে রাজনৈতিক অস্থিরতা ছড়িয়েছে বাংলাদেশে। আওয়ামী লীগ সমর্থকদের বিক্ষোভ, বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগ এবং পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে বুধবার সকাল থেকেই উত্তেজনা তৈরি হয়েছে একাধিক জেলায়। পিরোজপুরে বাসে আগুন লাগানোর ঘটনায় জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক কন্ডাক্টরের। অন্যদিকে গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও শব্দবোমা ব্যবহার করেছে পুলিশ।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার থেকেই বাংলাদেশের বিভিন্ন এলাকায় উত্তেজনা বাড়তে শুরু করে। বিশেষ করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও সংলগ্ন এলাকায় আওয়ামী লীগ সমর্থকদের বিক্ষোভ ঘিরে অশান্তি ছড়ায়। শেখ হাসিনার প্রত্যাবর্তনের জল্পনার আবহে সেখানে রাজনৈতিক কর্মসূচি শুরু হয়। মঙ্গলবার বিকেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। একপর্যায়ে উত্তেজিত জনতা টুঙ্গিপাড়া থানায় আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। বুধবারও বিভিন্ন এলাকায় সেই উত্তেজনার প্রভাব দেখা যায়।
সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়। বুধবার সকালে সেখানে দু’টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একটি বাসের ভিতরে ঘুমিয়ে ছিলেন ২৫ বছর বয়সি এক কন্ডাক্টর। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তিনি বাইরে বেরোতে পারেননি। ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে তাঁর মৃত্যু হয়। কারা এই অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় পুলিশের দাবি, মৃতের পরিবার কিংবা বাসমালিকদের পক্ষ থেকে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি।
এদিকে রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি শ্রমিক আন্দোলনেও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুর শিল্পাঞ্চল। বুধবার সকাল থেকে মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন পোশাকশিল্পের শ্রমিকরা। আন্দোলনের জেরে ১০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পাশাপাশি আরও ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। বারবার অনুরোধ সত্ত্বেও বিক্ষোভকারীরা অবরোধ না তোলায় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও শব্দবোমা ব্যবহার করে। সাময়িকভাবে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হলেও পরে অন্যত্র ফের অবরোধ শুরু করেন। এর ফলে গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন।
রাজনৈতিক সংঘাত, আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবং শ্রমিক অসন্তোষের জেরে বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের সামনে আইনশৃঙ্খলা বজায় রাখা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ।
No Comment! Be the first one.