প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে বেড়েছে বাঘের সংখ্যা ও সংরক্ষিত বনাঞ্চল: ভূপেন্দ্র যাদব
সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে বন্যপ্রাণ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে। এদিন নয়াদিল্লির ইন্দিরা পরিবেশ ভবনে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত বারো বছরে দেশে বাঘের সংখ্যা যেমন উল্লেখযোগ্যভাবে বেড়েছে, তেমনি বৃদ্ধি পেয়েছে বাঘ সংরক্ষণের জন্য নির্ধারিত অভয়ারণ্যের সংখ্যাও। অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভূপেন্দ্র যাদব বিদ্যালয়-স্তরের চিত্রাঙ্কন ও মুখোশ নির্মাণ প্রতিযোগিতার বিজয়ী পড়ুয়াদের সঙ্গে মতবিনিময় করেন। প্রতিযোগীদের শিল্পকর্ম ও ভাবনায় বন্যপ্রাণ সংরক্ষণ এবং প্রকৃতির প্রতি দায়বদ্ধতার বার্তা উঠে এসেছে বলে তিনি প্রশংসা করেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, বন্যপ্রাণ সংরক্ষণ শুধু পরিসংখ্যান বা সরকারি উদ্যোগের বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে মানুষের আবেগ, দীর্ঘদিনের অভিজ্ঞতা, ঐতিহ্যবাহী জ্ঞান এবং প্রকৃতির প্রতি গভীর শ্রদ্ধাবোধ। তিনি সকলকে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান। ভূপেন্দ্র যাদবের মতে, বাঘ সংরক্ষণে ভারতের সাফল্য বিশ্বের কাছে এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। সরকারের ধারাবাহিক উদ্যোগ, বনাঞ্চল সম্প্রসারণ, আধুনিক পর্যবেক্ষণ ব্যবস্থা এবং স্থানীয় মানুষের অংশগ্রহণের ফলে দেশে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং সংরক্ষণ ব্যবস্থাও আরও শক্তিশালী হয়েছে। আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলা এবং বন্যপ্রাণ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা।
কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়লেন গুলবীর সিং, ১০ হাজার মিটারে ভারতের প্রথম পুরুষ পদকজয়ী
সকাল সকাল ডেস্ক গ্লাসগো : কমনওয়েলথ গেমসের ইতিহাসে নতুন নজির গড়লেন ভারতের দীর্ঘপাল্লার দৌড়বিদ গুলবীর সিং। মঙ্গলবার গ্লাসগোতে অনুষ্ঠিত পুরুষদের ১০ হাজার মিটার দৌড়ে রৌপ্য পদক জিতে এই ইভেন্টে পদকজয়ী প্রথম ভারতীয় পুরুষ অ্যাথলিট হিসেবে নিজের নাম ইতিহাসে তুলে রাখলেন তিনি। ফাইনালে গুলবীর সিং ২৭ মিনিট ৪৯.৭৮ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। দৌড়ের শেষ এক কিলোমিটারে দুর্দান্ত গতি বাড়িয়ে প্রতিদ্বন্দ্বীদের টেক্কা দিয়ে তিনি রৌপ্য পদক নিশ্চিত করেন। গুলবীরের এই সাফল্যের মাধ্যমে কমনওয়েলথ গেমসের পুরুষদের ১০ হাজার মিটার দৌড়ে ভারতের দীর্ঘদিনের পদক-খরা কাটল। এর আগে ২০১০ সালে দিল্লিতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে মহিলাদের ১০ হাজার মিটার বিভাগে কবিতা রাউত ব্রোঞ্জ পদক জিতেছিলেন। সেই আসরের পর এই ইভেন্টে ভারত আবার পদক জিতল এবং প্রথমবারের মতো পুরুষদের বিভাগেও সাফল্যের মুখ দেখল। ভারতীয় অ্যাথলেটিক্সের জন্য গুলবীর সিংয়ের এই রৌপ্য পদক একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। দীর্ঘপাল্লার দৌড়ে আন্তর্জাতিক মঞ্চে তাঁর এই কৃতিত্ব ভবিষ্যতের ভারতীয় অ্যাথলিটদের জন্যও বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।
পিওকে-তে জনরোষ পাকিস্তানের অর্থনৈতিক বিপর্যয়ের প্রত্যক্ষ নিদর্শন : রণধীর জয়সওয়াল
সকাল সকাল ডেস্ক, নয়াদিল্লি : পাক অধিকৃত জম্মু-কাশ্মীরে তথাকথিত বিধানসভা নির্বাচন করানো ওই অঞ্চলে মানবাধিকার লঙ্ঘন ও অবৈধ কার্যকলাপ চালানোর সুবিধার্থে নেওয়া এক ছদ্ম পদক্ষেপ বলে ভারত উল্লেখ করেছে। নতুন দিল্লিতে মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, জম্মু-কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। পাক অধিকৃত জম্মু-কাশ্মীরে যে জনরোষ গড়ে উঠেছে তা পাকিস্তানের অর্থনৈতিক বিপর্যয়ের প্রত্যক্ষ নিদর্শন। ওই এলাকায় মানুষের প্রাথমিক অধিকার যে প্রশাসনিক চাপে লঙ্ঘিত হচ্ছে, তা বিক্ষোভ থেকেই প্রমাণিত। রণধীর জয়সওয়াল আরও বলেন, “আমরা সবাই জানি, পাকিস্তান কয়েক দশক ধরে ভারতের বিরুদ্ধে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে মদত দিয়ে আসছে। ভারতের জনগণ—যার মধ্যে ‘জেন জি’-এর তরুণরাও রয়েছেন—দাবি জানিয়ে আসছেন, পাকিস্তানের মদতপুষ্ট এই আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের অবসান ঘটাতেই হবে। আমরা আশা করি, ওপার থেকেও বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।”
রাষ্ট্রপতি হিসেবে চার বছর পূর্তি, ‘ই-উপহার’-এর তৃতীয় সংস্করণের উদ্বোধন দ্রৌপদী মুর্মুর
সকাল সকাল ডেস্ক, নয়াদিল্লি : রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের চার বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার ‘ই-উপহার’-এর তৃতীয় সংস্করণের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই সংস্করণে রাষ্ট্রপতির প্রাপ্ত ৩০০টি নির্বাচিত উপহার জনসাধারণের জন্য নিলামে তোলা হবে। আগামী ৫ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত এই অনলাইন নিলাম চলবে। নিলাম থেকে প্রাপ্ত অর্থ বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে ব্যয় করা হবে। রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপ-রাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন রাষ্ট্রপতির চার বছরের কার্যকালকে কেন্দ্র করে প্রকাশিত একাধিক গ্রন্থের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং সেগুলোর প্রথম কপি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ড. এল. মুরুগান। এদিন যে প্রকাশনাগুলোর উদ্বোধন করা হয়, সেগুলির মধ্যে রয়েছে— ‘রাষ্ট্রপতি ভবন: রাষ্ট্র কা ভবন’, ‘সেবা অউর সংবেদনা’, ‘সমাবেশী সহভাগিতা’, ‘ভারতীয়তা কা উৎসব’ এবং বিশিষ্ট ব্যক্তিদের প্রবন্ধ সংকলনের ওড়িয়া সংস্করণ ‘আমা রাষ্ট্রপতি – আমা গৌরব’। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, এই সচিত্র প্রকাশনাগুলি পাঠকদের রাষ্ট্রপতি ভবনের ঐতিহ্য, কর্মকাণ্ড ও বহুমাত্রিক ভূমিকা সম্পর্কে আরও সম্যক ধারণা দেবে। তাঁর মতে, এই গ্রন্থগুলির প্রকৃত গুরুত্ব শুধু তথ্য উপস্থাপনায় নয়, বরং দেশের ঐতিহ্যের প্রতি মানুষের গর্ববোধ জাগিয়ে তোলা এবং উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগানোর মধ্যেই নিহিত।
আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপে অন্তর্বর্তী স্থগিতাদেশ, একাধিক নির্দেশ সুপ্রিম কোর্টের
সকাল সকাল ডেস্ক, নয়াদিল্লি : দেশজুড়ে বিভিন্ন আন্দোলন ও বিক্ষোভে অংশগ্রহণকারী প্রতিবাদকারীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের বিষয়ে গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী নির্দেশ জারি করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ মঙ্গলবার জানিয়ে দিয়েছে, আন্দোলনের ঘটনায় আটক ১৮ বছরের কম বয়সি নাবালকদের অবিলম্বে মুক্তি দিতে হবে। তবে যাঁদের বিরুদ্ধে আগে থেকেই ফৌজদারি মামলা রয়েছে, তাঁদের ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর হবে না। এই মামলায় দিল্লি, মহারাষ্ট্র, বিহার, কেরল, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের মুখ্যসচিবদের নোটিশ পাঠিয়েছে সর্বোচ্চ আদালত এবং নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। আদালত আরও নির্দেশ দিয়েছে, আন্দোলন সংক্রান্ত সমস্ত নজরদারি তথ্য সংরক্ষণ করতে হবে। এর মধ্যে রয়েছে সিসি ক্যামেরার ফুটেজ, ড্রোনে ধারণ করা দৃশ্য, দেহে ধারণযোগ্য ক্যামেরার রেকর্ডিং, বেতার যোগাযোগের তথ্য এবং পুলিশ নিয়ন্ত্রণকক্ষে আসা ফোনকলের নথি। পাশাপাশি, আন্দোলন চলাকালীন সংগৃহীত প্রতিবাদকারীদের ডিজিটাল তথ্য সংরক্ষণ করতে হবে, তবে আদালতের অনুমতি ছাড়া তা প্রকাশ করা যাবে না। আন্দোলনকারীদের ব্যক্তিগত তথ্যও প্রকাশে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। ছাত্র আন্দোলনকারীদের বিরুদ্ধে আপাতত কোনও প্রতিরোধমূলক পদক্ষেপ না নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। শুনানির সময় বেঞ্চ উদ্বেগ প্রকাশ করে জানায়, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে হওয়া আন্দোলন মোকাবিলায় লাঠিচার্জ, ছররা গুলি, কাঁদানে গ্যাস, রাবারের গুলি এবং বৈদ্যুতিক দণ্ড ব্যবহারের অভিযোগ সামনে এসেছে। আদালত জানায়, কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা স্বাধীন তদন্তের বিরোধিতা করছেন না। তবে তাঁর বক্তব্য, আন্দোলনের মধ্যে কিছু অপরাধমূলক ঘটনাও ঘটেছে এবং প্রায় ২০০ জন পুলিশকর্মী আহত হয়েছেন। তাই যে কোনও তদন্তে পুলিশ ও আন্দোলনকারী—উভয় পক্ষের ঘটনাই নিরপেক্ষভাবে বিবেচনা করা প্রয়োজন। সুপ্রিম কোর্ট কেন্দ্রকে তদন্ত কমিটি গঠনের বিষয়ে তাদের অবস্থান জানাতে বলেছে। তার আগে স্বাধীন তদন্ত সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে না বলেও জানিয়েছে আদালত। এর আগের শুনানিতেও সর্বোচ্চ আদালত স্পষ্ট করেছিল, শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে প্রতিবাদ করা প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। কোনও আন্দোলনের অজুহাতে নির্বিচারে লাঠিচার্জ বা অতিরিক্ত বলপ্রয়োগ গ্রহণযোগ্য নয়। কোথাও অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ উঠলে তার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত বলেও মত প্রকাশ করেছিল আদালত। পাশাপাশি, সারা দেশে আন্দোলন মোকাবিলায় একরকম নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়। বেঞ্চের অপর বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, আহত ছাত্রছাত্রী এবং পুলিশকর্মী—উভয়ের নিরাপত্তাই সমান গুরুত্বপূর্ণ। তিনি প্রশ্ন তোলেন, সহিংস পরিস্থিতি সামাল দেওয়ার সময় অনেক পুলিশকর্মীর কাছে প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম, যেমন হেলমেট, কেন ছিল না। উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গত ২০ জুন থেকে দিল্লির যন্তর-মন্তরে আন্দোলন শুরু হয়। পরে ২৮ জুন থেকে সোনম ওয়াংচুক অনশন শুরু করেন। প্রায় ২০ দিনের অনশনের পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ২০ জুলাই সংসদ অভিযানের সময় দিল্লির একাধিক এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনার পর বিভিন্ন থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে।
প্রধানমন্ত্রীর পোস্ট অপসারণের ঘটনায় ক্ষমা চাইল মেটা, প্রযুক্তিগত ত্রুটির কথা জানাল সংস্থা
সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি সামাজিক মাধ্যমের পোস্ট সাময়িকভাবে অপসারণের ঘটনায় দুঃখপ্রকাশ করল মেটা। সংস্থার দাবি, একটি প্রযুক্তিগত ত্রুটির কারণেই পোস্টটি সরিয়ে দেওয়া হয়েছিল। পরে সমস্যা চিহ্নিত হওয়ার পর পোস্টটি পুনরায় চালু করা হয়। সূত্রের খবর, ভারত সরকার ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে দেখছে। কীভাবে প্রধানমন্ত্রীর পোস্ট সাময়িকভাবে সরিয়ে দেওয়া হল এবং এর নেপথ্যে কী কারণ ছিল, তা জানতে সংশ্লিষ্ট কর্তাদের ডেকে ব্যাখ্যা চাওয়া হতে পারে। সম্প্রতি নিট-সংক্রান্ত আন্দোলনের প্রেক্ষাপটে দেশের তরুণ প্রজন্মের উদ্দেশে একটি স্বল্পদৈর্ঘ্যের স্বপ্রতিকৃতির ভিডিও প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন প্রজন্মের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্যেই তিনি এই ভিডিওটি প্রকাশ করেন। তবে ভিডিওটি প্রকাশের কিছু সময় পরই তা সামাজিক মাধ্যম থেকে আর দেখা যাচ্ছিল না। বিষয়টি সামনে আসতেই বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। কয়েক ঘণ্টার মধ্যেই পোস্টটি আবার স্বাভাবিকভাবে দৃশ্যমান হয়। পরবর্তীতে মেটা এক বিবৃতিতে জানায়, সম্পূর্ণ ঘটনাটি একটি প্রযুক্তিগত ত্রুটির ফল। সংস্থা এই অনভিপ্রেত ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছে এবং জানিয়েছে, ত্রুটি সংশোধনের পর পোস্টটি পুনরায় সক্রিয় করা হয়েছে।
প্রশ্নফাঁসরোধী বিল পেশ লোকসভায়, দু’টো পর্যন্ত মুলতুবি অধিবেশন
সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : লোকসভায় পেশ হল ‘পাবলিক এগ্জামিনেশন অ্যামেন্ডমেন্ট ২০২৬’ বিল। সোমবার এই বিল সংসদের নিম্নকক্ষে পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। এই বিলটি আইনে পরিণত হলে প্রশ্নফাঁসের ঘটনায় অভিযুক্তদের আরও কড়া শাস্তি দেওয়া যাবে। নিশ্চিত করা যাবে ফাস্ট ট্র্যাক আদালতে এই সংক্রান্ত ঘটনার দ্রুত বিচারও। সোমবার বিরোধীদের তুমুল হৈহট্টগোলর মধ্যেই প্রশ্নফাঁসরোধী বিল লোকসভায় পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। বিল পেশ হওয়ার কয়েক মিনিটের মধ্যেই লোকসভায় হট্টগোলের জেরে অধিবেশন দুপুর ২টো পর্যন্ত মুলতবি করা হয়। উল্লেখ্য, প্রশ্নফাঁস কাণ্ডে এদিনও সংসদ উত্তাল হয়েছে। প্রথম দুপুর বারোটা এবং পরে দু’টো পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়েছে।
রাজকোটে জরুরি অবতরণ ইন্ডিগো বিমানের, সুরক্ষিত সমস্ত যাত্রীরা
সকাল সকাল ডেস্ক রাজকোট : গুজরাটের রাজকোটে জরুরি অবতরণ করলো দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমান। কার্গো হোল্ড এলাকায় ধোঁয়া দেখা যাওয়ার পর রাজকোট বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমানটি। সমস্ত যাত্রী নিরাপদ আছেন। রাজকোট বিমানবন্দরের পরিচালক দিগন্ত বোরাহ জানিয়েছেন, দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমান সোমবার রাজকোটে জরুরি অবতরণ করে; বিমানের কার্গো হোল্ড অংশে ধোঁয়া দেখা যাওয়ার পরই বিমানটি জরুরি অবতরণ করেন। ইন্ডিগোর ৬ই ১৪৫২ বিমানতে ১৯৪ জন যাত্রী ছিলেন। অবতরণের পর তাঁরা সবাই নিরাপদে বিমান থেকে নেমে আসেন। কার্গো হোল্ডে ধোঁয়া শনাক্ত হওয়ার পর পাইলট রাজকোট বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করেন এবং এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করে। রাজকোট বিমানবন্দরের পরিচালক বলেন, “কার্গো হোল্ড এলাকায় ধোঁয়া দেখা যাওয়ার পই দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর বিমানটি রাজকোট বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং সকল যাত্রী নিরাপদ আছেন।”
সিআরপিএফ জওয়ানরা সর্বদা দেশকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন : প্রধানমন্ত্রী
সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি: সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর প্রতিষ্ঠা দিবসে বাহিনীর সমস্ত জওয়ানদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এক্স মাধ্যমে লিখেছেন, সিআরপিএফ জওয়ানরা সর্বদা দেশকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। সোমবার প্রধানমন্ত্রী মোদী সামাজিক মাধ্যমে লিখেছেন, সিআরপিএফ-এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বাহিনীর সব সদস্যকে জানাই শুভেচ্ছা। অটল সাহস ও কর্তব্যের প্রতি অবিচল নিষ্ঠার মাধ্যমে সিআরপিএফ নিজেদের এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছে। অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা থেকে শুরু করে কঠিন পরিস্থিতিতে নাগরিকদের সেবা প্রদান— সর্বক্ষেত্রেই সিআরপিএফ-এর জওয়ানরা সর্বদা দেশকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। মাওবাদী উপদ্রব নির্মূলে তাঁদের প্রচেষ্টা বিশেষভাবে উল্লেখযোগ্য এবং তা বহু মানুষের জীবনে শান্তি ও অগ্রগতি বয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
হাসপাতাল থেকে ছুটি পেয়েই রাজঘাটে সোনম ওয়াংচুক, মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের বার্তা
সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : গুরুগ্রামের মেদান্তা হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পরই দিল্লির রাজঘাটে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী গীতাঞ্জলি আংমো। রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধা জানানোর পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। সোনম ওয়াংচুক বলেন, “২৬ দিনব্যাপী অনশন ও আন্দোলনের সমাপ্তির পর আমার প্রথম ইচ্ছাই ছিল রাজঘাটে এসে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানানো। তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি দেশবাসীকে জানাতে চাই, তিনি যে অহিংস আন্দোলনের পথ দেখিয়েছিলেন, একশো বছর আগে যেমন তা প্রাসঙ্গিক ছিল, আজও তেমনই কার্যকর ও সময়োপযোগী।” তিনি আরও বলেন, “গত পাঁচ-ছয় বছর ধরে লাদাখে আমরা গান্ধীজির দেখানো পথ অনুসরণ করে আন্দোলন চালিয়ে আসছি এবং তার ইতিবাচক ফলও পেয়েছি। তবে জাতীয় স্তরে এই পথ কতটা কার্যকর হতে পারে, তা নিয়ে আমার মনে সংশয় ছিল। সাম্প্রতিক অভিজ্ঞতা আমাকে বিশ্বাস করিয়েছে, একশো বছর পরেও এই পথ সমানভাবে প্রাসঙ্গিক। আমার বিশ্বাস, আগামী শতাব্দীগুলিতেও এই দর্শনের গুরুত্ব অটুট থাকবে।” দেশবাসীর উদ্দেশে বার্তা দিয়ে ওয়াংচুক বলেন, “আমি ভারত ও বিশ্বের মানুষের কাছে আবেদন জানাই, নিজেদের দাবি ও সমস্যার সমাধানের জন্য বাপুর দেখানো শান্তি ও অহিংসার পথেই এগিয়ে চলুন। সমাধান পেতে সময় লাগতে পারে, কিন্তু এই পথ কখনও অন্ধকারের দিকে নিয়ে যায় না। প্রথম প্রচেষ্টাতেই সাফল্য নাও আসতে পারে, তবে ধৈর্য ও অধ্যবসায়ের মাধ্যমে ইতিবাচক ফল অবশ্যই পাওয়া সম্ভব।” আন্দোলনে অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সমাজকর্মী বলেন, “দেশের তরুণ সমাজ, সাধারণ মানুষ, প্রবীণ নাগরিক এবং যাঁরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছেন, তাঁদের প্রত্যেককে আমি অভিনন্দন জানাই। এই আন্দোলন প্রমাণ করেছে, কোনও সাফল্য শক্তি প্রয়োগ, লাঠি কিংবা পাথরের মাধ্যমে অর্জিত হয় না। প্রকৃত সাফল্য আসে শান্তিপূর্ণ অবস্থান, আত্মত্যাগ এবং কষ্ট সহ্য করার মানসিকতার মধ্য দিয়ে।” তিনি বলেন, অহিংস আন্দোলনের শক্তিই গণতন্ত্রের অন্যতম বড় ভিত্তি এবং ভবিষ্যতেও এই পথেই সামাজিক ও জাতীয় সমস্যার সমাধান খুঁজে নেওয়া সম্ভব।