সকাল সকাল ডেস্ক
ওয়াশিংটন: আমেরিকার ওরেগন অঙ্গরাজ্যের বেন্ড শহরের সিলভার রেল এলিমেন্টারি স্কুলে বন্দুকবাজের হামলায় অন্তত তিন শিশু ও এক প্রাপ্তবয়স্কের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, ১৬ বছর বয়সি সন্দেহভাজন হামলাকারীকেও ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তি গুলি করেন। পরে তার মৃত্যু হয়। ওরেগন আমেরিকার পশ্চিমাঞ্চলের প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিম অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য।
সিবিএস নিউজের প্রতিবেদন অনুযায়ী, বেন্ড পুলিশের মুখপাত্র শীলা মিলার সাংবাদিক সম্মেলনে জানান, অন্তত দু’জন আহত ব্যক্তিকে সেন্ট চার্লস মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে শিশুরাও রয়েছে। তবে এই ঘটনায় মোট কতজন হতাহত হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।
মিলার জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১টার কিছু আগে পুলিশের কাছে একটি ফোন আসে। সেখানে জানানো হয়, এক ব্যক্তি একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালাচ্ছে। পুলিশের বিবৃতি অনুযায়ী, এর প্রায় এক মিনিট পরেই জরুরি পরিষেবা নম্বর ৯১১-এ একাধিক ফোন আসে। ফোনে জানানো হয়, ওই ব্যক্তি স্কুলের ভিতরে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেছে।
খবর পাওয়ার তিন মিনিটের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। কিছুক্ষণ পর জানা যায়, হামলাকারীর মৃত্যু হয়েছে। তবে সন্দেহভাজনকে কে গুলি করেছে, তা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছেন মিলার। তাঁর অনুমান, ঘটনাস্থলে উপস্থিত কোনও ব্যক্তি হামলাকারীকে গুলি করে থাকতে পারেন। ঘটনার পর স্কুল এবং সংলগ্ন একটি গির্জার আশপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সূত্রের খবর, এই হামলায় তিন শিশু ও এক প্রাপ্তবয়স্কের মৃত্যু হয়েছে। সন্দেহভাজন বন্দুকবাজও নিহত হয়েছে।
এফবিআইয়ের অধিকর্তা কাশ প্যাটেল জানিয়েছেন, সংস্থার স্থানীয় আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছেছেন। এই মর্মান্তিক ঘটনার পর শুক্রবার জেলার সমস্ত স্কুলে পঠনপাঠন ও খেলাধুলার কার্যক্রম বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বেন্ড-লা পাইন স্কুলসের সুপারিনটেনডেন্ট স্টিভেন কুক বলেন, ‘‘এই মর্মান্তিক ঘটনায় আমরা স্তম্ভিত এবং গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবার এবং এই হিংসাত্মক ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রত্যেকের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।’’
প্রসঙ্গত, বেন্ড শহরটি মধ্য ওরেগনে অবস্থিত। পোর্টল্যান্ড থেকে প্রায় ১৫০ মাইল দক্ষিণ-পূর্বে এই শহরের অবস্থান। ‘কে-১২ স্কুল শুটিং ডেটাবেস’-এর পরিসংখ্যান অনুযায়ী, গত বছর আমেরিকার কে-১২ স্তরের স্কুলগুলিতে বন্দুকবাজের হামলার ২৩৫টি ঘটনা ঘটেছিল। চলতি বছরে এখনও পর্যন্ত অন্তত ১৪৯টি এমন ঘটনা ঘটেছে।
No Comment! Be the first one.