বারাণসীতে কাশী-তামিল সঙ্গমমের পঞ্চম সংস্করণের সূচনা করলেন উপরাষ্ট্রপতি

সকাল সকাল ডেস্ক

বারাণসী : কাশী ও তামিলনাড়ুর শতাব্দীপ্রাচীন সাংস্কৃতিক, আধ্যাত্মিক এবং শিক্ষাগত সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্যে শুরু হল কাশী-তামিল সঙ্গমমের পঞ্চম সংস্করণ। শনিবার বারাণসীর নমো ঘাটে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী। তামিলনাড়ু থেকে আগত বহু শিক্ষার্থীও উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে এই সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের আয়োজনে তামিলনাড়ু থেকে সাতটি পৃথক দলে মোট ১ হাজার ৭৫০ জন প্রতিনিধি বারাণসীতে আসবেন। মহান তামিল কবি ও দার্শনিক তিরুভাল্লুভারের কালজয়ী সাহিত্যকর্ম ‘তিরুক্কুরাল’-কে কেন্দ্র করে এবারের কাশী-তামিল সঙ্গমমের মূল ভাবনা নির্ধারণ করা হয়েছে।

এই আয়োজনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের যুবসমাজ ও শিক্ষার্থীদের তামিল ভাষা, সাহিত্য, সংস্কৃতি এবং তিরুক্কুরালে নিহিত নৈতিক আদর্শ ও জীবনদর্শনের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, তিরুভাল্লুভার রচিত ‘তিরুক্কুরাল’ গ্রন্থে মোট ১ হাজার ৩৩০টি দ্বিপদী রয়েছে। নৈতিকতা, সদাচার, মানবিক মূল্যবোধ, সামাজিক জীবন এবং জীবনদর্শন সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে এই গ্রন্থে। কাশী-তামিল সঙ্গমমের মাধ্যমে সেই আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মধ্যে পারস্পরিক সংযোগ আরও শক্তিশালী করার প্রচেষ্টা চালানো হচ্ছে।

কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী জানান, এই উদ্দেশ্যে দেশের ১ হাজার ৩৮০টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ‘তিরুক্কুরাল অভ্যাস’ নামে একটি প্রতিযোগিতা শুরু করা হয়েছে। প্রতিযোগিতায় কৃতী শিক্ষার্থীদের ১০ হাজার টাকার ইন্টার্নশিপ প্রদান করা হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন করে শিক্ষার্থীকে নির্বাচিত করা হবে। নির্বাচিত শিক্ষার্থীরা নিজেদের প্রতিষ্ঠানের অন্যান্য পড়ুয়াদের কাছে তিরুক্কুরালের সাহিত্যিক, নৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরবেন।

Read More News

বেসরকারি স্কুলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শুভেন্দুর, শিক্ষার মানোন্নয়ন ও স্বচ্ছতায় জোর

সকাল সকাল ডেস্ক কলকাতা : রাজ্যের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বেসরকারি স্কুলের প্রতিনিধিদের...

Read More