সকাল সকাল ডেস্ক
রিয়াদ: সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। আভা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই মহিলার মৃত্যু হয়েছে এবং ২৮ জন আহত হয়েছেন। অন্যদিকে, রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও আটজন।
সংবাদমাধ্যম ‘গালফ নিউজ’-এর প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল অ্যাভিয়েশন (জিএসিএ) জানিয়েছে, মঙ্গলবার ও বুধবার দেশটির দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় মোট তিনজন নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন। গত ৬ ও ৭ অক্টোবর আভা এবং কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
আভা বিমানবন্দরে নিহত দুই বিদেশি মহিলা
জিএসিএ-র বিবৃতি অনুযায়ী, আভা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত দুই মহিলার একজন মরক্কোর এবং অন্যজন আলজেরিয়ার নাগরিক। এই হামলায় সৌদি নাগরিক ও বিদেশি বাসিন্দা মিলিয়ে মোট ২৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বাংলাদেশ ও ফিলিপিন্সের দুই বাসিন্দাও রয়েছেন।
অন্যদিকে, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজনের মৃত্যু হয়েছে। আহত আটজনের মধ্যে পাঁচজন সৌদি নাগরিক, দু’জন মিশরের এবং একজন পাকিস্তানের বাসিন্দা।
আহতদের হাসপাতালে ভর্তি, সম্পত্তিরও ক্ষয়ক্ষতি
হামলার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুটি বিমানবন্দরেই সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে, বিমানবন্দর দুটির পাশাপাশি সৌদি আরবের আরও কয়েকটি শহরেও হুথিদের হামলার খবর পাওয়া গিয়েছে। এসব হামলায় আরও ১৩ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
No Comment! Be the first one.