ইরানে হামলার সিদ্ধান্ত প্রেসিডেন্ট ট্রাম্পের ছিল : জেডি ভ্যান্স

সকাল সকাল ডেস্ক

ওয়াশিংটন : আমেরিকা ও ইরানের মধ্যে চলমান সামরিক সংঘাতকে কেন্দ্র করে মার্কিন প্রশাসনের অন্দরে মতপার্থক্য প্রকাশ্যে আসতে শুরু করেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স শুক্রবার ইরানে মার্কিন হামলা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে সরাসরি সমর্থন করা থেকে বিরত থাকেন। ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে আটকাতে তিনি পুনরায় সামরিক হামলার অনুমোদন দিতেন কি না, এমন প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে যান ভ্যান্স। তিনি বলেন, ফেব্রুয়ারিতে ইরানে হামলার সিদ্ধান্ত প্রেসিডেন্ট ট্রাম্পের ছিল। তাঁর কাজ প্রেসিডেন্টকে সমর্থন করা।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে ভ্যান্সের এই মন্তব্য এমন সময় সামনে এসেছে, যখন ইরানের সঙ্গে চলমান সংঘাত নিয়ে আমেরিকায় রাজনৈতিক বিতর্ক ক্রমশ তীব্র হচ্ছে। বিশেষ করে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পর যুদ্ধের কৌশল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

সম্প্রতি সমাজমাধ্যমে রিপাবলিকান পার্টির নির্বাচনী পরাজয়ের কারণ বিশ্লেষণ করতে গিয়ে ইরান যুদ্ধকে অন্যতম বড় কারণ হিসেবে উল্লেখ করেছিলেন জেডি ভ্যান্স। তিনি বলেছিলেন, আমেরিকার এই সংঘাত থেকে বেরিয়ে আসা প্রয়োজন। তাঁর এই মন্তব্যকে প্রেসিডেন্ট ট্রাম্পের বিদেশনীতি থেকে দূরত্ব তৈরির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

সমাজমাধ্যমে ভ্যান্স লিখেছিলেন, যুদ্ধ চলতে থাকার কারণেই দলের নির্বাচনী পরাজয় হয়েছে। কেউ যদি মনে করেন, আগামী ছয় বছরের জন্য সেনেটে রাজনৈতিক ক্ষতি স্বীকার করা এই যুদ্ধের যথার্থ মূল্য, তবে তাঁকে প্রকাশ্যে সেই যুক্তি তুলে ধরতে হবে।

এই মন্তব্যের পর মার্কিন রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়, ইরানকে কেন্দ্র করে ট্রাম্পের সামরিক কৌশলের সঙ্গে ভাইস প্রেসিডেন্ট সম্পূর্ণ একমত কি না।

শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ভ্যান্সের নির্বাচনী বিশ্লেষণে তিনি অসন্তুষ্ট নন। তবে তাঁর মতে, ভাইস প্রেসিডেন্টের বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়েছে। ট্রাম্প চেয়েছিলেন, ভ্যান্স স্বীকার করুন যে ইরানে হামলা চালানো জরুরি ছিল এবং প্রয়োজন হলে তিনিও একই সিদ্ধান্ত নিতেন।

ট্রাম্প বলেন, তাঁর সঙ্গে কাজ করা প্রত্যেকেরই নিজস্ব মতামত প্রকাশের অধিকার রয়েছে। তবে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখে তিনি জানান, ইরানকে তিনি ভালোভাবেই চেনেন এবং সেখানকার নেতৃত্বকে বিশ্বাস করা যায় না।

সাংবাদিক সম্মেলনে ভ্যান্স বলেন, ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখা আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হওয়া উচিত। ইরানকে সন্ত্রাসবাদে মদতদাতা দেশ হিসেবে উল্লেখ করে তিনি আশঙ্কা প্রকাশ করেন, দেশটির হাতে পরমাণু অস্ত্র পৌঁছলে বিশ্ব নিরাপত্তার ক্ষেত্রে গুরুতর বিপদ তৈরি হতে পারে।

ভ্যান্সের মতে, ইরান পরমাণু অস্ত্র ব্যবহার করে অন্য দেশগুলির উপর চাপ সৃষ্টি করতে পারে অথবা বড় ধরনের হামলা চালাতে পারে। তবে ইরানে পুনরায় সামরিক হামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট সমর্থন জানাননি। তাঁর বক্তব্য, সামরিক পদক্ষেপের সিদ্ধান্ত প্রেসিডেন্টই গ্রহণ করেন। ট্রাম্প ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, প্রয়োজন হলে তিনি আবারও একই ধরনের পদক্ষেপ করতে পারেন। ভাইস প্রেসিডেন্ট হিসেবে তাঁর দায়িত্ব প্রেসিডেন্টকে সমর্থন করা।

জেডি ভ্যান্স দীর্ঘদিন ধরেই বিদেশের যুদ্ধে আমেরিকার অংশগ্রহণের বিষয়ে সতর্ক অবস্থান নেওয়ার পক্ষে সওয়াল করে আসছেন। তিনি কূটনৈতিক আলোচনা ও শান্তিপূর্ণ সমাধানের সমর্থক হিসেবে পরিচিত। ইরানের সঙ্গে উত্তেজনা কমাতেও এর আগে তিনি আলোচনার উদ্যোগ নিয়েছিলেন।

জানা গিয়েছে, গ্রীষ্মকালে একটি অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করার ক্ষেত্রে তিনি ভূমিকা পালন করেছিলেন। যদিও সেই চুক্তি দীর্ঘস্থায়ী হয়নি।

সাম্প্রতিক কয়েক সপ্তাহে ভ্যান্স তেহরানের কট্টরপন্থী নেতাদের কাছে ব্যক্তিগত বার্তা পাঠিয়ে পুনরায় আলোচনা শুরুর চেষ্টা করেছিলেন। কিন্তু ট্রাম্প তাঁর সেই উদ্যোগ বন্ধ করে দেন এবং তাঁকে দেশের অভ্যন্তরীণ নীতির উপর মনোযোগ দেওয়ার নির্দেশ দেন। সমাজমাধ্যমে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, ইরানের সঙ্গে আমেরিকার আর কোনও চুক্তির প্রয়োজন নেই।

এদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি চার দিনের এশিয়া সফর শেষ করে আমেরিকায় ফিরেছেন। এই সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর ত্রিপাক্ষিক বৈঠকও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।

দুই রাষ্ট্রনেতার সঙ্গে ট্রাম্পের আন্তরিক সাক্ষাৎ এবং বন্ধুত্বপূর্ণ আচরণ নিয়ে আমেরিকার রাজনৈতিক মহলে সমালোচনা শুরু হয়। চিনে পৌঁছে ট্রাম্প শি জিনপিংকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং পুতিনকে নিজের বন্ধু বলে উল্লেখ করেন।

যদিও হোয়াইট হাউসের আধিকারিকরা এই বৈঠককে মার্কিন কূটনীতির শক্তি হিসেবে তুলে ধরেছেন। তাঁদের বক্তব্য, বিরোধী দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গেও আলোচনার ক্ষমতা আমেরিকার রয়েছে। আর সেটিই আন্তর্জাতিক ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তির অন্যতম প্রমাণ।

অন্যদিকে, জেডি ভ্যান্সের সাম্প্রতিক মন্তব্যকে ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাবনার সঙ্গেও যুক্ত করে দেখা হচ্ছে। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, ভবিষ্যতে তিনি প্রেসিডেন্ট পদের দৌড়ে অংশ নিতে পারেন। সেই পরিস্থিতিতে ইরান যুদ্ধ এবং মার্কিন বিদেশনীতি নিয়ে তাঁর অবস্থান রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

Read More News

ঝাড়খণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ বন্দির মুক্তিতে সম্মতি, পুনর্বাসনে বিশেষ নির্দেশ মুখ্যমন্ত্রীর

সকাল সকাল ডেস্ক রাঁচি: ঝাড়খণ্ডের বিভিন্ন কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ জন বন্দির মুক্তিতে...

নিষিদ্ধ মাওবাদী সংগঠন সিপিআই (মাওবাদী)-র জোনাল কমান্ডার তথা ১০ লক্ষ টাকার পুরস্কার ঘোষিত মাওবাদী...

Read More