সকাল সকাল ডেস্ক
নয়াদিল্লি : রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত ইন্ডি জোটের গুরুত্বপূর্ণ বৈঠকে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সশরীরে অনুপস্থিতি নিয়ে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটাল কংগ্রেস। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপাল স্পষ্ট জানান, অখিলেশের অনুপস্থিতির সঙ্গে কোনও রাজনৈতিক মতবিরোধের সম্পর্ক নেই। পূর্বনির্ধারিত দলীয় কর্মসূচির কারণেই তিনি দিল্লিতে উপস্থিত হতে পারেননি। তবে তিনি ভার্চুয়ালি বৈঠকে যোগ দেওয়ার চেষ্টা করছেন বলে জানান বেণুগোপাল।
অখিলেশ যাদবের অনুপস্থিতি প্রসঙ্গে বেণুগোপাল বলেন, অখিলেশের সঙ্গে দু’দিন আগেই তাঁর কথা হয়েছে। গতকালও প্রদেশ কংগ্রেস সভাপতিরা তাঁর সঙ্গে কথা বলেছেন। আগামীকাল উত্তরপ্রদেশে রাজ্যসভার মনোনয়নপত্র জমা দেওয়ার দিন নির্ধারিত থাকায় সমাজবাদী পার্টির গুরুত্বপূর্ণ সাংগঠনিক কর্মসূচি রয়েছে। সেই কারণেই অখিলেশ যাদব সশরীরে দিল্লিতে পৌঁছতে পারেননি।
বেণুগোপাল আরও জানান, অখিলেশ যাদব বৈঠকে ভার্চুয়ালি যোগ দেওয়ার চেষ্টা করছেন। পাশাপাশি সমাজবাদী পার্টির শীর্ষ নেতৃত্বের প্রতিনিধিরা বৈঠকে সরাসরি উপস্থিত রয়েছেন। ফলে তাঁর অনুপস্থিতিকে কেন্দ্র করে জোটের মধ্যে কোনও বিভাজন বা মতবিরোধের সম্ভাবনা নেই বলেই বার্তা দিয়েছে কংগ্রেস।
অন্যদিকে, সাংবাদিক সম্মেলনে নির্বাচন কমিশন সংক্রান্ত একটি বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয় কংগ্রেস। বেণুগোপাল দাবি করেন, দুই নির্বাচন কমিশনার ইতিমধ্যেই ক্যাবিনেট সচিবকে চিঠি দিয়েছেন। তাঁর বক্তব্য, বিষয়টি সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবগত ছিলেন। পরিস্থিতি থামাতে প্রধানমন্ত্রীর সাংবিধানিক দায়িত্ব ছিল বলেও দাবি করেন তিনি।
এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবিলম্বে পদত্যাগ দাবি করেছে কংগ্রেস। নির্বাচন কমিশন সংক্রান্ত ইস্যুকে সামনে রেখে কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক চাপ আরও বাড়ানোর ইঙ্গিতও মিলেছে কংগ্রেসের এই বক্তব্যে।
No Comment! Be the first one.