মুম্বইয়ে প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন, সচিনের সঙ্গে খেললেন গলি ক্রিকেট

সকাল সকাল ডেস্ক

মুম্বই : তিন দিনের ভারত সফরে সোমবার মুম্বই পৌঁছলেন ব্রিটেনের প্রিন্স উইলিয়াম এবং তাঁর স্ত্রী প্রিন্সেস কেট মিডলটন। সফরের প্রথম দিনেই ব্যালার্ড এস্টেটে কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর এবং স্থানীয় তরুণদের সঙ্গে গলি ক্রিকেটে অংশ নেন ব্রিটিশ রাজদম্পতি। তাঁদের এই ক্রিকেট খেলা সফরের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে।

মুম্বইয়ে ষষ্ঠ ‘আর্থশট পুরস্কার’ অনুষ্ঠানে যোগ দেবেন প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন। আগামী ১৭ নভেম্বর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় উল্লেখযোগ্য অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের এই অনুষ্ঠানে সম্মানিত করা হবে। মুম্বই সফর শেষে আগামী ১৮ নভেম্বর রাজদম্পতির নয়াদিল্লি যাওয়ার কথা। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁদের দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে।

এদিকে ব্রিটিশ রাজদম্পতির সফর এবং নিরাপত্তার কথা মাথায় রেখে মুম্বইয়ের যান চলাচল ব্যবস্থায় একাধিক পরিবর্তন আনা হয়েছে। মুম্বই ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকে ১৬ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত দক্ষিণ মুম্বইয়ের বিভিন্ন এলাকায় যান নিয়ন্ত্রণ ও বিধিনিষেধ জারি করা হয়েছে। যদিও পুলিশের বিজ্ঞপ্তিতে মোট কতগুলি রুটে যান চলাচল ঘুরিয়ে দেওয়া হয়েছে, তার নির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি।

নির্দেশিকা অনুযায়ী, হুতাত্মা রাজগুরু চক এবং ফ্রি প্রেস রোডে ভিআইপি যানবাহনের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। শহিদ ভগৎ সিং মার্গ থেকে ব্যালার্ড পিয়ারের দিকে সাধারণ যানবাহনের চলাচল নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি এন. মোরারজি রোডে উত্তর-দক্ষিণ অভিমুখে সাধারণ যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এনসিপিএ সংলগ্ন বিনয় কে. শাহ মার্গ এবং দোরাবজি টাটা রোডেও পার্কিং নিষিদ্ধ করা হয়েছে। তবে অ্যাম্বুল্যান্স, দমকল এবং পুলিশের গাড়িকে এই বিধিনিষেধের বাইরে রাখা হয়েছে।

মুম্বইয়ে অবস্থানকালে ক্রিকেট, ফ্যাশন এবং চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত একাধিক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে ব্রিটিশ রাজদম্পতির। এরপর নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁদের বৈঠকের মধ্য দিয়ে ভারত সফরের পরবর্তী পর্ব শুরু হবে।

Read More News

নিষিদ্ধ মাওবাদী সংগঠন সিপিআই (মাওবাদী)-র জোনাল কমান্ডার তথা ১০ লক্ষ টাকার পুরস্কার ঘোষিত মাওবাদী...

Read More