ম্যানিলায় প্রধানমন্ত্রী মোদীকে উষ্ণ অভ্যর্থনা, প্রবাসী ভারতীয়দের সঙ্গে কুশল বিনিময়

সকাল সকাল ডেস্ক

ম্যানিলা ও নয়াদিল্লি : ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ম্যানিলা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাঁকে লাল গালিচা সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বিমানবন্দরে উপস্থিত প্রবাসী ভারতীয়দের উৎসাহ ও উদ্দীপনার মধ্যে তাঁদের সঙ্গে হাসিমুখে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।

২৩তম আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলন এবং ২১তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিতে ফিলিপিন্স সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী ১৭ নভেম্বর ম্যানিলায় অনুষ্ঠিত হবে এই দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিমানবন্দরে উপস্থিত প্রবাসী ভারতীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। তাঁরা ‘ভারত মাতা কি জয়’ এবং ‘মোদী-মোদী’ স্লোগানে মুখরিত করে তোলেন বিমানবন্দর চত্বর। প্রধানমন্ত্রীও নিরাপত্তা বেষ্টনীর কাছে গিয়ে তাঁদের অভিবাদন গ্রহণ করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।

কূটনৈতিক সূত্রে জানা গিয়েছে, শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি এই সফরে ফিলিপিন্সের রাষ্ট্রপতি ফার্দিনান্দ আর মার্কোস জুনিয়রের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও সে দেশে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের কর্মসূচিও রয়েছে তাঁর।

ভারতের ‘অ্যাক্ট ইস্ট নীতি’ বাস্তবায়ন এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কৌশলগত, বাণিজ্যিক ও সামুদ্রিক সহযোগিতা আরও মজবুত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।

Read More News

নিষিদ্ধ মাওবাদী সংগঠন সিপিআই (মাওবাদী)-র জোনাল কমান্ডার তথা ১০ লক্ষ টাকার পুরস্কার ঘোষিত মাওবাদী...

Read More