সকাল সকাল ডেস্ক
রিয়াধ, ২০ সেপ্টেম্বর: সৌদি আরবে ইয়েমেনের হুথিদের সাম্প্রতিক হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। এই পরিস্থিতিতে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা প্যাক্ট’। সৌদি আরবের পাশে থাকার বার্তা দিয়েছে ইসলামাবাদ ও আঙ্কারা। তার পরই পাকিস্তান ও তুরস্ককে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী।
মক্কা প্যাক্ট অনুযায়ী, চুক্তিবদ্ধ তিন দেশের কোনও একটির উপর বাইরের শক্তির হামলাকে তিন দেশের উপর আক্রমণ হিসেবে বিবেচনা করার কথা বলা হয়েছে। সৌদি আরবের বিভিন্ন এলাকায় হুথিদের সাম্প্রতিক হামলার পর এই চুক্তির সম্ভাব্য প্রয়োগ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
হুথিদের হামলার পর সৌদি আরবের পাশে থাকার বার্তা দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, কূটনৈতিক সহযোগিতার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী রিয়াধকে অন্যান্য ক্ষেত্রেও সহায়তা করতে প্রস্তুত ইসলামাবাদ। সৌদি আরবের অনুরোধের ভিত্তিতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলেও পাকিস্তানি সেনার তরফে জানানো হয়েছে।
একই অবস্থান নিয়েছে তুরস্ক। তুরস্কের বিদেশমন্ত্রী হাকান ফিদান বলেছেন, সৌদি আরবের ভূখণ্ডগত অখণ্ডতা ও সার্বভৌমত্বের উপর গুরুতর আক্রমণ হচ্ছে। দুই দেশের মধ্যে থাকা মৈত্রী চুক্তির প্রসঙ্গ তুলে তিনি জানান, সৌদি আরবের সামরিক বা প্রযুক্তিগত সহায়তার প্রয়োজন হলে তা পূরণে আঙ্কারার আপত্তি নেই।
পাকিস্তান ও তুরস্কের এই অবস্থানের পরই পাল্টা সতর্কবার্তা দিয়েছে হুথিরা। এক সাক্ষাৎকারে হুথি তথা আনসারাল্লাহর পলিটিক্যাল ব্যুরোর সদস্য মহম্মদ আল-বুখাইতি জানিয়েছেন, পাকিস্তান ও তুরস্ক সরাসরি সংঘাতে জড়িয়ে পড়লে তার জবাব দেওয়া হবে।
আল-বুখাইতির বক্তব্য, ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের সামরিক অভিযানে পাকিস্তান বা তুরস্ক যোগ দিলে হুথিরা পাল্টা পদক্ষেপ করবে। তবে পাকিস্তান ও তুরস্কের সাধারণ মানুষের প্রতি এই সতর্কবার্তা নয় বলেও তিনি জানিয়েছেন। তাঁর দাবি, দুই দেশের সরকারের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের প্রেক্ষিতেই এই বার্তা দেওয়া হয়েছে।
সৌদি আরবে হুথিদের হামলা এবং তার পর পাকিস্তান ও তুরস্কের অবস্থানের জেরে মক্কা প্যাক্টের ভূমিকা নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা বেড়েছে। তবে পাকিস্তান বা তুরস্ক সরাসরি সামরিকভাবে এই সংঘাতে যুক্ত হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে হুথিদের নতুন হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে।
No Comment! Be the first one.