সকাল সকাল ডেস্ক
নয়াদিল্লি : বিশ্বজুড়ে উন্নত প্রযুক্তির চাহিদা দ্রুত বাড়ার মধ্যেই ভারতে সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে বড় পদক্ষেপের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ‘সেমিকন ইন্ডিয়া ২০২৬’-এর উদ্বোধন করে তিনি জানান, দেশে প্রযুক্তি বিপ্লবকে আরও এগিয়ে নিয়ে যেতে সেমিকন্ডাক্টর মিশনের দ্বিতীয় পর্যায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, সেমিকন্ডাক্টর শিল্পের জন্য ১ লক্ষ ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নিয়েছিল কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই ৭০ হাজারেরও বেশি পড়ুয়াকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি, দেশে এবং বিদেশে কর্মরত ভারতীয় তরুণ-তরুণী ও গবেষকদের উন্নত প্রযুক্তির বিকাশে অংশ নিতে ভারতে ফিরে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
ভারতের শিল্প সংস্কারের গতি তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, সেমিকন্ডাক্টর মিশনের প্রথম পর্যায়ে প্রায় ৮ বিলিয়ন ডলার বিনিয়োগের লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল। দ্বিতীয় পর্যায়ে সেই বিনিয়োগের লক্ষ্যমাত্রা বাড়িয়ে প্রায় ১৩.৫ বিলিয়ন ডলার করা হয়েছে। ‘রিফর্ম এক্সপ্রেস’-এর মাধ্যমে এই ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ নীতিগত পরিবর্তন আনা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এর ফলে এখন থেকে আন্তর্জাতিক সংস্থাগুলি দেশীয় স্টার্টআপ, ভারতীয় নকশা প্রস্তুতকারী সংস্থা এবং ওসিআই মালিকানাধীন সংস্থাগুলির সঙ্গে যৌথভাবে কাজ করতে পারবে। নীতি প্রণয়ন, অর্থায়ন এবং নিয়ন্ত্রক কাঠামো—প্রতিটি ক্ষেত্রেই প্রয়োজনীয় সহায়তা দিতে কেন্দ্রীয় সরকার প্রস্তুত রয়েছে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ভবিষ্যৎ নিয়েও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যৌগিক সেমিকন্ডাক্টর উৎপাদন থেকে শুরু করে সমগ্র ইকোসিস্টেমে ‘সিলিকন ফোটোনিক্স’-এর সংযোজন কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিকাঠামোর ভিত্তি ইতিমধ্যেই ভারতে স্থাপিত হয়েছে বলেও জানান তিনি।
বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলকে আরও শক্তিশালী করতে ভারত একাধিক সংস্কার করেছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বিশ্বখ্যাত প্রযুক্তি এবং যন্ত্রপাতি প্রস্তুতকারী সংস্থাগুলিকে ভারতের এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান। তাঁর বক্তব্য, উন্নত প্রযুক্তির ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান সক্ষমতা এবং বৃহৎ বাজারকে কাজে লাগিয়ে বিশ্বমানের সেমিকন্ডাক্টর পরিকাঠামো গড়ে তোলার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
No Comment! Be the first one.