সকাল সকাল ডেস্ক
মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে গুলির ঘটনায় একজন নিহত এবং অন্তত দুজন আহত হয়েছেন। গতকাল সোমবার দেশটির প্রেসিডেন্ট প্রাসাদ ও জোকালো পাবলিক স্কয়ারের পাশে এ ঘটনা ঘটে।
মেক্সিকো সিটির নিরাপত্তাবিষয়ক সচিবালয় এ ঘটনাকে ‘সরাসরি হামলা’ হিসেবে চিহ্নিত করেছে। বলা হয়েছে, গুলিতে ৪২ বছর বয়সী এক পুরুষ নিহত হয়েছেন। আহত দুজনও পুরুষ। দুজনেরই বয়স ৩৯ বছর।
আরও বলা হয়েছে, সন্দেহভাজন হামলাকারী গুলি করার পরপরই মোটরসাইকেলে করে পালিয়ে গেছেন। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
হামলার ঘটনাটি মেক্সিকো সিটির সান্তো ডোমিঙ্গো চত্বরে ঘটেছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। ঔপনিবেশিক আমলের ভবনে ঘেরা এ জায়গা জাল নথিপত্র তৈরি ও বিক্রির কারণে বেশ পরিচিত।
মেক্সিকোয় মাদক পাচারকারী চক্রের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোয় এমন গোলাগুলি ও হতাহতের ঘটনা খুবই সাধারণ একটি বিষয়। কিন্তু রাজধানীতে, বিশেষ করে প্রেসিডেন্ট প্রাসাদের পাশে এমন ঘটনা সচরাচর দেখা যায় না। যদিও রাজধানীতে ইউনিয়ন তেপিতো ও ফুয়ের্সা অ্যান্টি ইউনিয়নের মতো কয়েকটি সড়কভিত্তিক অপরাধী চক্র সক্রিয় রয়েছে।
No Comment! Be the first one.