সকাল সকাল ডেস্ক
কুয়েত সিটি প্রায় তিন বছর আগে পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিতে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে কুয়েত। সরকারি গেজেটে চুক্তিটি প্রকাশের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতার নতুন কাঠামো কার্যকর হয়েছে।
কুয়েত টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের জুনে স্বাক্ষরিত এই চুক্তিটি গত রবিবার সরকারি গেজেট কুয়েত আল-ইয়ুম-এ প্রকাশ করা হয়।
চুক্তির আওতায় দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সামরিক প্রশিক্ষণ, শিক্ষা, গোয়েন্দা তথ্য বিনিময়, রসদ ব্যবস্থাপনা, প্রতিরক্ষা প্রযুক্তি, গবেষণা এবং অভিজ্ঞতা বিনিময়সহ একাধিক ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো হবে। এর মাধ্যমে কুয়েত ও পাকিস্তানের সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্য নেওয়া হয়েছে।
এছাড়া সামরিক সরঞ্জাম উৎপাদন, ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থা, বৈজ্ঞানিক গবেষণা, সামরিক গণমাধ্যম, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমেও যৌথ উদ্যোগের সুযোগ রাখা হয়েছে।
চুক্তি বাস্তবায়ন ও তদারকির জন্য দুই দেশের প্রতিনিধিদের নিয়ে একটি যৌথ সামরিক কমিটি গঠন করা হবে। এই কমিটি যৌথ সামরিক মহড়া, সরকারি সফর এবং বিভিন্ন সহযোগিতামূলক কর্মসূচির পরিকল্পনা ও বাস্তবায়নের দায়িত্ব পালন করবে।
চুক্তির মেয়াদ পাঁচ বছর। নির্ধারিত সময় শেষে কোনও পক্ষ তা বাতিলের সিদ্ধান্ত না নিলে এটি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে। পাশাপাশি গোপন সামরিক তথ্যের সুরক্ষা নিশ্চিত করা এবং চুক্তি-সংক্রান্ত বিরোধ কূটনৈতিক আলোচনার মাধ্যমে নিষ্পত্তির বিষয়েও দুই দেশ একমত হয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে কুয়েত ও পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের মধ্যে একাধিক উচ্চপর্যায়ের বৈঠকের পরই এই অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকগুলিতে প্রতিরক্ষা সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়ে আলোচনা হয়েছিল।
উপসাগরীয় অঞ্চলের পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতির মধ্যে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্ব দিচ্ছে কুয়েত। বিশ্লেষকদের মতে, সেই কৌশলেরই অংশ হিসেবে পাকিস্তানের সঙ্গে এই প্রতিরক্ষা চুক্তি কার্যকর করা হলো।
উল্লেখ্য, সম্প্রতি ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সময় উপসাগরীয় কয়েকটি দেশের পাশাপাশি কুয়েতও সম্ভাব্য ঝুঁকির মুখে পড়ে। ইরানের দাবি ছিল, হামলার লক্ষ্য ছিল উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলি। তবে কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের আকাশসীমায় প্রবেশ করা সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে প্রতিহত করা হয়েছে।
No Comment! Be the first one.