পুজোর আগেই কলকাতায় ব্রাজিল? ভিনিসিয়াসদের ম্যাচ ঘিরে তুঙ্গে জল্পনা

সকাল সকাল ডেস্ক

কলকাতা, : দুর্গাপুজোর আগে কলকাতার ফুটবলপ্রেমীদের জন্য সুখবর আসতে পারে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী অক্টোবরে ফিফা উইন্ডোর একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে কলকাতায় আসতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। যদিও এখনও পর্যন্ত ব্রাজিল ফুটবল ফেডারেশন এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করেনি।

ব্রাজিলের সংবাদমাধ্যম ইএসপিএন ব্রাজিল-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ফিফা উইন্ডোয় তিনটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। প্রথম দুটি ম্যাচের সূচি ও প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত হলেও তৃতীয় ম্যাচটি কলকাতায় আয়োজনের বিষয়ে আলোচনা অনেকটাই এগিয়েছে।

অন্যদিকে, ব্রাজিলের আরেক সংবাদমাধ্যম এস্তাদাও-এর দাবি, কলকাতায় ম্যাচ আয়োজন প্রায় নিশ্চিত। বর্তমানে চুক্তির শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা নিয়ে আলোচনা চলছে। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোয়, তাহলে দুর্গাপুজোর আগেই কলকাতার ফুটবলপ্রেমীরা ভিনিসিয়াস জুনিয়র, ম্যাথিউস কুনহা-সহ ব্রাজিল দলের তারকাদের মাঠে দেখার সুযোগ পাবেন।

প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপ চলাকালীন সময় থেকেই ভারতীয় আয়োজকদের সঙ্গে ব্রাজিল ফুটবল ফেডারেশনের আলোচনা শুরু হয়েছিল। কলকাতায় ব্রাজিলের বিপুল সমর্থকগোষ্ঠী এবং শহরের ফুটবল সংস্কৃতির কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছর বিশ্বকাপ উপলক্ষে কলকাতার একটি রাস্তা ‘ফিফা গলি’ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়াও এই আগ্রহ আরও বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে।

তবে কলকাতায় ব্রাজিল খেলতে এলে তাদের প্রতিপক্ষ কোন দল হবে, তা এখনও স্পষ্ট নয়। এর আগে ২৫ সেপ্টেম্বর টাউন্সভিল এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচ খেলবে কার্লো আনচেলত্তির দল।

জানা গিয়েছে, এই ম্যাচ আয়োজনের দৌড়ে বাংলাদেশ, সিঙ্গাপুর এবং কাতারের মতো দেশও ছিল। তবে ভারতের সঙ্গেই ব্রাজিল ফুটবল ফেডারেশনের আলোচনা সবচেয়ে ইতিবাচক পর্যায়ে রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ভারতের মাটিতে শেষবার কোনও শীর্ষ আন্তর্জাতিক ফুটবল দলের প্রীতি ম্যাচ হয়েছিল ২০১১ সালে। সেবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ভেনেজুয়েলা। প্রায় দেড় দশক পর আবার যদি ব্রাজিল কলকাতায় নামে, তবে তা নিঃসন্দেহে ভারতীয় ফুটবলের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে।

তবে উল্লেখযোগ্য বিষয় হলো, কলকাতায় ব্রাজিলের ম্যাচ আয়োজন নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। ফলে বিষয়টি আপাতত আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে জল্পনার পর্যায়েই রয়েছে।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

কুমিরমুড়ি গ্রামের ছেলে থেকে জাতীয় পুরস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা, রবি রাজ মুর্মুর সাফল্যের গল্প

সকাল সকাল ডেস্ক রাঁচি, ২৪ জুলাই: ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার জাদুগোড়ার কুমিরমুড়ি গ্রামের...

Read More