সকাল সকাল ডেস্ক
হারারে: ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরে টানা টি-টোয়েন্টি সিরিজ হারের হতাশা কাটিয়ে অবশেষে জয়ের ছন্দে ফিরল ভারত। জিম্বাবোয়েকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯০ রানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের সিরিজ নিজেদের নামে করে নিল শ্রেয়স আইয়ারের দল। একই সঙ্গে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে প্রথম আন্তর্জাতিক সিরিজ জয়ের স্বাদ পেলেন শ্রেয়স।
গৌতম গম্ভীরের পরিবর্তে এই সফরে ভারতীয় দলের দায়িত্বে রয়েছেন ভিভিএস লক্ষ্মণ। তরুণ ক্রিকেটারদের সুযোগ দিলেও দলে খুব বেশি পরিবর্তন আনেননি তিনি। এদিন অশোক শর্মার জায়গায় সুযোগ পান যশ ঠাকুর।
টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবোয়ের অধিনায়ক সিকন্দর রাজা। তবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। বৈভব সূর্যবংশী ৯ বলে ২০ এবং অভিষেক শর্মা মাত্র ৮ রান করে ফিরলেও ইনিংস সামলে নেন ঈশান কিষাণ ও তিলক বর্মা। অধিনায়ক শ্রেয়স আইয়ার ২৫ রান করে আউট হন।
তিন নম্বরে নেমে ঈশান কিষাণ ৪৪ বলে ৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তাঁর ব্যাট থেকে আসে ৯টি চার ও ২টি ছক্কা। অন্যদিকে, তিলক বর্মা মাত্র ২৯ বলে অপরাজিত ৬০ রান করেন। তিনি ৫টি চার ও ৩টি ছক্কা হাঁকিয়ে ভারতের রান ৫ উইকেটে ২১৯-এ পৌঁছে দেন।
২২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের চাপে পড়ে জিম্বাবোয়ে। ব্রায়ান বেনেট ৩২ রান করে কিছুটা লড়াই করলেও অন্য ব্যাটাররা বড় ইনিংস খেলতে পারেননি। ওয়েসলি মাধেভেরে ২৪ রান করেন, আর অধিনায়ক সিকন্দর রাজা খাতা খুলতেই ব্যর্থ হন। শেষ পর্যন্ত ১৭.৫ ওভারে ১২৯ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা।
ভারতের হয়ে অভিষেক শর্মা বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে ১৭ রানে ৩টি উইকেট নেন। যশ ঠাকুর ও প্রিন্স যাদব ২টি করে উইকেট শিকার করেন। এছাড়া রবি বিষ্ণোই, শিবম দুবে এবং তিলক বর্মা একটি করে উইকেট তুলে নেন।
এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে অপ্রতিরোধ্য এগিয়ে গেল ভারত। ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরের ব্যর্থতার পর এই সিরিজ জয় ভারতীয় শিবিরে স্বস্তি ফিরিয়ে আনল। একই সঙ্গে অধিনায়ক হিসেবে প্রথম ট্রফি জিতে আত্মবিশ্বাসও অনেকটাই বাড়ল শ্রেয়স আইয়ারের।
No Comment! Be the first one.