সকাল সকাল ডেস্ক
জোয়াই (মেঘালয়) : সুস্থ চিন্তাভাবনা, সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং ডিজিটাল প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার করতে যুবসমাজের প্রতি আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারমণ। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ শনিবার মেঘালয়ের পশ্চিম জয়ন্তিয়া পাহাড় জেলার অন্তর্গত ওয়াহিয়াজের ফুটবল স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে জোয়াই-নার্টিয়াং-কদিয়াপ-খান্দুলি (জেএনকেকে) সড়কের উদ্বোধন করে উপস্থিত তরুণ-তরুণীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এই আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা।
নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তায় নির্মিত এই সড়ক প্রকল্পের আনুমানিক ব্যয় হয়েছে ৫৯ কোটি টাকার বেশি। সড়কটি অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে, বাজার ও প্রয়োজনীয় পরিষেবাগুলিতে মানুষের সহজ প্রবেশাধিকার নিশ্চিত করবে এবং পশ্চিম জয়ন্তিয়া পাহাড় জেলার মানুষের জীবিকা উন্নয়নে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। উন্নত সড়ক যোগাযোগ অর্থনৈতিক কার্যকলাপ বৃদ্ধি করবে এবং স্থানীয় মানুষের যাতায়াত আরও সহজ করবে।
অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে নির্মলা সীতারমণ উন্নয়নের গতি ত্বরান্বিত করা এবং দেশের প্রত্যন্ত ও সীমান্তবর্তী এলাকা সহ প্রতিটি অঞ্চলে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়ার ক্ষেত্রে উন্নত মানের পরিকাঠামোর গুরুত্ব তুলে ধরেন।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী ওয়াহিয়াজের ফুটবল স্টেডিয়ামে জোয়াইয়ের কিয়াং নাংবাহ সরকারি কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেছেন। ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত এবং সম্মানীয় স্বাধীনতা সংগ্রামী উ কিয়াং নাংবাহের নামে নামাঙ্কিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি জয়ন্তিয়া পাহাড় অঞ্চলে উচ্চশিক্ষার প্রসার এবং তরুণ প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
মতবিনিময় করতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারমণ যুব সমাজ, শিক্ষা, প্রযুক্তি, কর্মজীবনের লক্ষ্য এবং দেশ গঠনে তরুণদের ভূমিকা নিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে খোলামেলা আলোচনা করেছেন। ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষা, কর্মসংস্থানের সুযোগ, আর্থিক সচেতনতা, উদ্যোগপতি হওয়ার সম্ভাবনা এবং ভারতের ভবিষ্যৎ গঠনে যুবসমাজের ভূমিকা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
ছাত্রছাত্রীদের উৎসাহিত করে কেন্দ্রীয় মন্ত্রী তাঁদের সবসময় কৌতূহলী, আত্মবিশ্বাসী এবং নিরন্তর শেখার মানসিকতা বজায় রাখতে হবে বলে পরামর্শ দিয়েছেন। ডিজিটাল যুগের সুযোগ ও চ্যালেঞ্জ সম্পর্কে বলতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, মোবাইল ফোনের মাধ্যমে তথ্য এখন খুব সহজে পাওয়া গেলেও অতিরিক্ত এবং যাচাই না করা তথ্য অনেক সময় বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই তরুণদের প্রযুক্তি ব্যবহারে সংযমী ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন তিনি।
No Comment! Be the first one.