গুজরাটের তিন পুরনিগমে বোমা হামলার হুমকি, কড়া নিরাপত্তা ব্যবস্থা

সকাল সকাল ডেস্ক

সুরাট : গুজরাটের সুরাট, জামনগর এবং ভদোদরা পুরনিগমের দফতর উড়িয়ে দেওয়ার হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসন ও পুলিশ মহলে। বুধবার হুমকিমূলক ই-মেল পাওয়ার পরই তৎপর হয়ে ওঠে নিরাপত্তা সংস্থাগুলি এবং তিন পুরনিগম চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

প্রাথমিকভাবে জামনগর পুরনিগমে বোমা রাখা হয়েছে বলে একটি ই-মেল আসে। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই পুরনিগম ভবন খালি করে দেওয়া হয়। পুলিশ, বম্ব স্কোয়াড এবং ডগ স্কোয়াডের দল গোটা ভবন ও আশপাশের এলাকায় তল্লাশি চালায়।

এর কিছুক্ষণের মধ্যেই ভদোদরা এবং পরে সুরাট পুরনিগমের প্রধান কার্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি আসে। সুরাটে সিনিয়র পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে বম্ব স্কোয়াড এবং ডগ স্কোয়াড পুরনিগম ভবন, পার্কিং এলাকা এবং সংলগ্ন চত্বরে ব্যাপক তল্লাশি চালায়।

এই ঘটনার জেরে কিছু সময়ের জন্য পুরনিগমের কর্মী এবং কাজের জন্য আসা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়ে গুজবে কান না দেওয়ার আবেদন জানিয়েছে।

সুরাট সাইবার ক্রাইম শাখা জানিয়েছে, হুমকিমূলক ই-মেলটি কে এবং কোথা থেকে পাঠিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত তিন জায়গাতেই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

Read More News

Read More