ইরান যুদ্ধ থামাতে পুতিনের সঙ্গে দীর্ঘ আলোচনা ট্রাম্পের, ইউক্রেন নিয়েও কথা

সকাল সকাল ডেস্ক:

ওয়াশিংটন/মস্কো : যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যে চরমে পৌঁছানো উত্তেজনা প্রশমিত করতে কূটনৈতিক তৎপরতা শুরু হওয়ার প্রাথমিক ইঙ্গিত মিলেছে। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর প্রথমবার সোমবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ টেলিফোনে কথা বলেন। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই আলোচনার বেশিরভাগটাই ছিল ইরানকে কেন্দ্র করে। পাশাপাশি ট্রাম্প তাঁর রুশ সমকক্ষের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়েও কিছু সময় আলোচনা করেন।

দ্য মস্কো টাইমস, মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এবং দ্য টাইমস (লন্ডন)–এর প্রতিবেদনে জানানো হয়েছে, দুই নেতার এই কথোপকথন নিয়ে ক্রেমলিন একটি বিবৃতিও প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, সোমবার প্রায় এক ঘণ্টা ধরে এই আলোচনা হয় এবং পুতিনের সঙ্গে ট্রাম্প ইরান ও ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা বলেন।

ক্রেমলিনের মুখপাত্র পুতিনের উদ্ধৃতি দিয়ে জানান, ট্রাম্প ইরান যুদ্ধ দ্রুত শেষ করার জন্য একাধিক প্রস্তাব দিয়েছেন। পুতিন বলেন, তিনি উপসাগরীয় অঞ্চলের নেতাদের পাশাপাশি ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গেও যোগাযোগ রাখছেন। ক্রেমলিন আরও জানিয়েছে, আলোচনায় ভেনেজুয়েলা এবং জ্বালানি শিল্প নিয়েও কথা হয়েছে।

একটি প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প পুতিনের সঙ্গে ইরান ও ইউক্রেন—দুই যুদ্ধই শেষ করার প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন। অ্যাক্সিওসের বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র রাশিয়া। মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা, এই যুদ্ধে রাশিয়া ইরানকে সহায়তা করছে। যদিও ট্রাম্প তা মনে করেন না। তবে হোয়াইট হাউসের দূত স্টিভ উইটকফ শনিবার সাংবাদিকদের বলেন, রাশিয়ার উচিত ইরানের সঙ্গে কোনো গোপন গোয়েন্দা তথ্য ভাগ না করা।

পুতিনের বৈদেশিক নীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ জানান, দুই নেতার মধ্যে আলোচনা ছিল অত্যন্ত খোলামেলা এবং পারস্পরিক স্বার্থকে কেন্দ্র করে। তাঁর দাবি, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের জন্য পুতিন ট্রাম্পকে একাধিক প্রস্তাব দিয়েছেন।

এই ঘটনার মধ্যেই ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদির উদ্ধৃতি দিয়ে আরেকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুদ্ধবিরতির শর্ত নিয়ে রাশিয়া ইতিমধ্যেই তাদের সঙ্গে যোগাযোগ করেছে। ইরানের সরকারি সম্প্রচারমাধ্যম প্রেস টিভিকে গরিবাবাদি জানান, ফ্রান্স, চীন এবং রাশিয়া শান্তি প্রস্তাবের শর্ত নিয়ে আলোচনার জন্য যোগাযোগ করেছে।

গরিবাবাদির এই মন্তব্যের কয়েক ঘণ্টা পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, পুতিনের সঙ্গে তাঁর “খুবই ভালো আলোচনা” হয়েছে।

ট্রাম্প বলেন, “আমি পুতিনকে বলেছি, ইউক্রেনে যুদ্ধ শেষ করার ক্ষেত্রে আপনি আমার সহায়তা নিন এবং একই সঙ্গে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ করতেও সাহায্য করুন।” পুতিনের ঘনিষ্ঠ উশাকভ আরও জানান, আলোচনায় আন্তর্জাতিক তেলবাজারে বাড়তে থাকা দামের বিষয়টিও উঠে এসেছে।

Read More News

Read More