গ্রিসের উপকূলরক্ষী বাহিনীর জাহাজের সঙ্গে অভিবাসীবোঝাই নৌকার সংঘর্ষ, মৃত ১৫

সকাল সকাল ডেস্ক

অ্যাথেন্স : গ্রিস ও তুরস্কের মধ্যবর্তী এজিয়ান সাগরে চিওস দ্বীপের উপকূলে গ্রিক উপকূলরক্ষী বাহিনীর একটি টহলদারী জাহাজের সঙ্গে অভিবাসী ও শরণার্থীবোঝাই একটি নৌকার সংঘর্ষ হয়| তাতে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৪ জনের দেহ সমুদ্র থেকে উদ্ধার করা হয়েছে।

গ্রিসের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, উদ্ধার হওয়া ২৪ জন অভিবাসীর মধ্যে একজন গুরুতর আহত অবস্থায় নিকটবর্তী হাসপাতালে মারা যান। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে ১১ জন পুরুষ ও চার জন মহিলা রয়েছেন।

স্থানীয় সময় অনুযায়ী রাত প্রায় ৯টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একাধিক শিশু ও দুই জন অন্তঃসত্ত্বা মহিলা ছিলেন। চিকিৎসকদের দাবি, গুরুতর আঘাতের কারণে ওই দুই মহিলার গর্ভপাত হয়েছে। ন্যাশনাল এমার্জেন্সি এইড সেন্টারের সূত্রে খবর, উদ্ধার হওয়া বেশিরভাগ মানুষের আঘাত তুলনামূলকভাবে সামান্য। তবে এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁদের সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।

উপকূলরক্ষী বাহিনীর চারটি জাহাজ, স্বেচ্ছাসেবক ডুবুরিদের নিয়ে একটি নৌকা এবং একটি হেলিকপ্টার উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।

সরকারি বেতার সংস্থা জানিয়েছে, আহতের সংখ্যা বেড়ে ২৫ হয়েছে। রাত প্রায় ১২টা নাগাদ আহত এক মহিলাকে চিওস হাসপাতালের ভর্তি করা হয়। আহতদের মধ্যে অন্তত ১০ জন শিশু রয়েছে। এদিকে, দুর্ঘটনায় উপকূলরক্ষী বাহিনীর দুই জন আধিকারিকও আহত হন এবং তাঁদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওইনোসেসের মেয়র গিওর্গোস ড্যানিয়েল জানান, সংশ্লিষ্ট টহলদারী জাহাজটি ওইনোসেস এলাকায় অবস্থান করছিল এবং সেখান থেকেই অভিবাসীবোঝাই নৌকাটিকে নজরে আনে।

গ্রিসের আরেক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই দুর্ঘটনার পেছনে উপকূলরক্ষী বাহিনী ও মানব পাচারকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা থাকতে পারে। দাবি করা হয়েছে, পাচারকারীদের নৌকাই বিপজ্জনক কৌশল অবলম্বন করে উপকূলরক্ষী বাহিনীর জাহাজের সঙ্গে ধাক্কা দেয়, যার ফলে নৌকায় থাকা অভিবাসীদের মধ্যে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই ঘটনায় বহু অভিবাসী নিহত ও আহত হন। তাঁরা মেরসিনিডি এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে গুলি চালনার খবর পাওয়া গেলেও, তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিক তথ্য অনুযায়ী, নৌকাটিতে প্রায় ৩৫ জন আরোহী ছিলেন।

Read More News

Read More