সকাল সকাল ডেস্ক
সোমনাথ গুপ্ত, দুর্গাপুর
যে মানুষটাকে দুই দশক ধরে নিজের বাড়ির একজন বলে ভেবেছিলেন এক বৃদ্ধা। যার হাতে দিনের পর দিন সংসারের চাবি ছিল সেই বিশ্বস্ত গৃহকর্মীই সাফ করেছিল পুরো বাড়ি।দুর্গাপুরের ফরিদপুর ফাঁড়ি এলাকার ৫৪ ফুট এলাকায় এক বৃদ্ধার বাড়িতে চুরির ঘটনায় সামনে এল এমনই চাঞ্চল্যকর তথ্য। গ্রেফতার ওই গৃহকর্মী এবং আরো এক ব্যক্তি। শুক্রবার বিকেলে দুর্গাপুর থানায় সাংবাদিক বৈঠক করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা। তিনি বলেন, বিগত বছরের ২৭ ডিসেম্বর একটি ঘটনা ঘটেছিল। বাড়ি থেকে গয়না ও নগদ টাকা খোয়া যাওয়ার অভিযোগ দায়ের করেন ওই বৃদ্ধা। অভিযোগ পেতেই আইসি ফরিদপুর ও ওসি দুর্গাপুরের নেতৃত্বে পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত যত এগোয়, ততই স্পষ্ট হয় এই চুরি বাইরের কোনও দুষ্কৃতীর কাজ নয়, বরং ঘরের ভেতরেই গড়ে উঠেছিল পুরো ছক। পুলিশি তদন্তে গ্রেফতার করা হয়েছে সঞ্জয় ওঝা ও তার ভাই শিবনাথ ওঝাকে। পুলিশ সূত্রে জানা গেছে, সঞ্জয় ওঝা প্রায় কুড়ি বছর ধরে ওই বৃদ্ধার বাড়িতে বিশ্বস্ত গৃহকর্মী হিসেবে কাজ করত। দীর্ঘদিনের সেই আস্থা, নির্ভরতা আর নিরাপত্তার অনুভূতিকে কাজে লাগিয়েই চুরির পরিকল্পনা করে সে।তদন্তের পর পুলিশ উদ্ধার করেছে চুরি যাওয়া সমস্ত গয়না এবং নগদ ২৪ হাজার টাকা। সোনা রুপোর প্রায় লক্ষাধিক টাকার অলংকার ছিল। কিন্তু ঘটনায় নাটকীয় মোড় আসে তদন্ত চলাকালীন। শিবনাথ ওঝার কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। যার জেরে অভিযুক্তদের বিরুদ্ধে অস্ত্র আইনেপৃথক মামলাও রুজু হয়েছে। ধৃত দু’জনেরই বাড়ি ঝাড়খণ্ডের বোকারোতে। বর্তমানে তারা দুর্গাপুরে বসবাস করছিল বলেই পুলিশ সূত্রে জানা গেছে। এই মুহূর্তে দু’জন অভিযুক্তই পুলিশি হেফাজতে রয়েছে। এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি কমিশনারের পাশাপাশি এসিপি দুর্গাপুর সুবীর রায়, সিআই রণবীর বাগ সহ পুলিশের আধিকারিকরা। পুলিশ মনে করছে, জেরায় এই চুরির পিছনে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
No Comment! Be the first one.