সকাল সকাল ডেস্ক:
বেরুত: সাময়িক যুদ্ধবিরতি চললেও লেবাননে হামলা আরও জোরদার করেছে ইজরায়েল। দক্ষিণ লেবাননে গত ২৪ ঘণ্টায় অন্তত ৫০টি বিমান হামলা চালানো হয়েছে বলে খবর। এই হামলায় কমপক্ষে ৪১ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত ইজরায়েলি হামলায় মোট মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে বলে জানা যাচ্ছে।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ লেবাননে ইজরায়েলের সামরিক তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শনিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া ব্যাপক বোমাবর্ষণ রবিবার সকালেও একাধিক শহরে প্রবল বিস্ফোরণের সৃষ্টি করে। বর্তমানে গোটা অঞ্চলের আকাশে ইজরায়েলি ড্রোন টহল দিচ্ছে, ফলে পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ।
বোমাবর্ষণে চিহীন শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। আল-তুফ্ফাহ জেলার আর-রাইহান এলাকাতেও শক্তিশালী বিস্ফোরণ ঘটে। লাগাতার হামলার জেরে দক্ষিণ লেবাননের বাসিন্দারা পরিবার-পরিজন নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ছেড়ে পালাচ্ছেন। টানা ২৪ ঘণ্টা ধরে পুরো দক্ষিণ লেবানন বোমাবর্ষণের মুখে রয়েছে।
উল্লেখ্য, ইজরায়েল ও লেবাননের মধ্যে সংঘাত বহুদিনের। ১৯৪৮ সালে ইজরায়েল রাষ্ট্র গঠনের বিরোধিতা করেছিল লেবানন সহ একাধিক আরব দেশ। তারপর থেকে দুই দেশের মধ্যে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক শান্তি চুক্তি হয়নি।
১৯৭০-এর দশকে প্যালেস্টাইন মুক্তি সংস্থা দক্ষিণ লেবাননকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে ইজরায়েলের বিরুদ্ধে হামলা শুরু করে। এর জবাবে ১৯৭৮ সালে ইজরায়েল ‘অপারেশন লিটানি’ চালায়। পরে ১৯৮২ সালে প্রথম লেবানন যুদ্ধ শুরু হয়, যেখানে ইজরায়েলি সেনা বৈরুত পর্যন্ত পৌঁছে যায়।
এই সময়েই ইরান সমর্থিত সংগঠন হিজবুল্লাহর উত্থান ঘটে। ২০০০ সালে ইজরায়েল দক্ষিণ লেবানন থেকে সেনা সরিয়ে নিলেও শেবা ফার্মসসহ বিভিন্ন বিতর্কিত এলাকা নিয়ে উত্তেজনা বজায় থাকে।
২০০৬ সালে হিজবুল্লাহর হাতে দুই ইজরায়েলি সেনা অপহৃত হওয়ার পর ৩৪ দিন ধরে যুদ্ধ চলে, যা শেষ হয় জাতিসংঘের প্রস্তাব ১৭০১ অনুযায়ী যুদ্ধবিরতির মাধ্যমে।
এরপর ২০২৩ সালের অক্টোবরে হামাসের সমর্থনে হিজবুল্লাহ উত্তর ইজরায়েলে রকেট হামলা শুরু করলে উত্তেজনা আবার বেড়ে যায়। জবাবে ইজরায়েল লেবাননে বিমান হামলা ও সীমিত স্থল অভিযান জোরদার করে।
২০২৪ সালের শেষে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে বড়সড় হামলা চালায় ইজরায়েল। চলতি বছরের এপ্রিল মাসে মার্কিন মধ্যস্থতায় স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি কার্যকর হলেও, ইজরায়েল এখনও হিজবুল্লাহকে বড় হুমকি হিসেবে দেখছে এবং তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে।
No Comment! Be the first one.