এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের বড় নির্দেশ, আপাতত চাকরি বহাল ‘যোগ্য’ প্রার্থীদের

সকাল সকাল ডেস্ক

কলকাতা: ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। নতুন করে দায়ের হওয়া অন্তর্বর্তী আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত ‘যোগ্য’ শিক্ষক ও শিক্ষাকর্মীরা তাঁদের পুরনো পদে কাজ চালিয়ে যেতে পারবেন। শীর্ষ আদালতের এই নির্দেশে আপাতত স্বস্তি পেলেন কয়েক হাজার চাকরিপ্রার্থী।

২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ঘিরে মামলায় কলকাতা হাইকোর্ট প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর গোটা প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিল। সেই রায়ের ফলে একসঙ্গে চাকরি হারানোর মুখে পড়েন হাজার হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন এবং চাকরিপ্রার্থীদের একাংশ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।

পরবর্তী সময়ে সুপ্রিম কোর্ট হাইকোর্টের প্যানেল বাতিলের মূল নির্দেশ বহাল রাখে। তবে যাঁদের বিরুদ্ধে নিয়োগে অনিয়মের নির্দিষ্ট অভিযোগ নেই, সেই ‘যোগ্য’ প্রার্থীদের সাময়িকভাবে স্বপদে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। শীর্ষ আদালত জানিয়েছিল, তাঁরা আগামী ৩১ অগস্ট পর্যন্ত কাজে বহাল থাকতে পারবেন। একই সঙ্গে ওই সময়ের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশও দেওয়া হয়েছিল।

কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে বিপুল সংখ্যক শূন্যপদে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এই পরিস্থিতিতে ‘যোগ্য’ চাকরিপ্রার্থীদের একাংশ ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। নতুন করে ইন্টারলোকিউটরি অ্যাপ্লিকেশন বা অন্তর্বর্তী আবেদন দায়ের করে তাঁদের আর্জি, নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বর্তমান চাকরিতে বহাল থাকার মেয়াদ বৃদ্ধি করা হোক।

মঙ্গলবার বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে বিষয়টির শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু তাঁর অনুপস্থিতির কারণে মামলাটি প্রধান বিচারপতির বেঞ্চে ওঠে। সেখানে আবেদনকারীদের আইনজীবী চাকরিপ্রার্থীদের বর্তমান পরিস্থিতি এবং অন্তর্বর্তী আবেদনের গুরুত্ব আদালতের সামনে তুলে ধরেন।

সব দিক বিবেচনা করে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, যেহেতু নতুন করে একটি অন্তর্বর্তী আবেদন জমা পড়েছে, তাই সেই আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত আদালতের আগের নির্দেশই কার্যকর থাকবে। অর্থাৎ, ‘যোগ্য’ হিসেবে চিহ্নিত শিক্ষক ও শিক্ষাকর্মীরা আপাতত তাঁদের পদে কাজ চালিয়ে যেতে পারবেন।

এর ফলে ৩১ অগস্টের সময়সীমা ঘিরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা আপাতত কাটল। নতুন অন্তর্বর্তী আবেদনের শুনানি এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সংশ্লিষ্ট ‘যোগ্য’ শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি বহাল থাকবে। এখন তাঁদের নজর সুপ্রিম কোর্টে ওই আবেদনের পরবর্তী শুনানির দিকে।

Read More News

সফল উৎক্ষেপণে আরও শক্তিশালী ভারতের প্রতিরক্ষা, ডিআরডিও-র অগ্নি-৪ পরীক্ষায় নতুন মাইলফলক

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : ভারতের কৌশলগত প্রতিরক্ষা সক্ষমতায় আরও একটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন...

Read More