সকাল সকাল ডেস্ক।
নয়াদিল্লি: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিরোধী সাংসদদের স্লোগান অব্যাহত থাকায় শুক্রবার দিনের মতো মুলতুবি হয়ে গেল লোকসভার অধিবেশন। সংসদে শৃঙ্খলা বজায় রাখার জন্য বারবার আবেদন জানানো হলেও বিরোধী সাংসদরা স্লোগান দিতে থাকেন। তাঁদের মধ্যে ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভের জেরে শেষ পর্যন্ত দিনের মতো অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।
আগামী সোমবার, ২৭ জুলাই সকাল ১১টায় ফের বসবে লোকসভা। উল্লেখ্য, বাদল অধিবেশন শুরু হওয়ার পর ২০ জুলাই থেকে শুক্রবার পর্যন্ত লোকসভায় কোনও উল্লেখযোগ্য কাজ হয়নি। নিট পেপার লিক নিয়ে পূর্ণাঙ্গ আলোচনার পাশাপাশি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিরোধীদের বিক্ষোভের জেরে বারবার অধিবেশন মুলতুবি হয়েছে।
নিট পেপার লিক ইস্যুতে আলোচনার জন্য সরকার সম্পূর্ণ প্রস্তুত বলে ফের জানালেন সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। শুক্রবার সকালে বিরোধীদের উদ্দেশে তিনি বলেন, সরকার নিট ইস্যুতে আলোচনার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও বিরোধীরা যদি আলোচনা এড়ানোর অজুহাত খোঁজে, তাহলে তা দেশের জন্য ভালো বার্তা নয়। রিজিজু বলেন, “আজ সকালেও আমি বিরোধীদের বলেছি যে সরকার নিট ইস্যুতে আলোচনার জন্য সম্পূর্ণ প্রস্তুত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দেশকে আশ্বস্ত করেছেন যে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা রুখতে কঠোর আইন আনা হবে। তা সত্ত্বেও বিরোধীরা যদি আলোচনা এড়ানোর অজুহাত খোঁজে, তাহলে তা দেশের জন্য ভালো বার্তা নয়।”
উল্লেখ্য, ২০ জুলাই থেকে শুরু হওয়া বাদল অধিবেশনের শুক্রবার ছিল পঞ্চম দিন। নিট পেপার লিক নিয়ে পূর্ণাঙ্গ আলোচনার পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিরোধীদের বিক্ষোভের জেরে বাদল অধিবেশনের শুরু থেকেই সংসদের কাজ ব্যাহত হচ্ছে। অন্যদিকে, সরকার বারবার জানিয়েছে যে এই বিষয়ে আলোচনার জন্য তারা প্রস্তুত।
No Comment! Be the first one.