সকাল সকাল ডেস্ক
রাশিয়ায় উদ্ভাবিত এমআরএনএ-ভিত্তিক ক্যানসার টিকার প্রাথমিক ফল আশাব্যঞ্জক বলে দাবি করেছেন দেশটির গবেষকেরা। তাঁদের বক্তব্য, টিকাটি গ্রহণকারী প্রথম রোগীর শরীরে ইতিবাচক রোগপ্রতিরোধী প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং তিনি বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন। যদিও এই গবেষণা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং বৃহত্তর ক্লিনিক্যাল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়নি।
টিকাটির উন্নয়নে যুক্ত গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট-এর বৈজ্ঞানিক পরিচালক আলেক্সান্দর গিনজবার্গ রুশ সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি-কে জানান, প্রথম রোগীর শরীরে এমন সক্রিয় প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠছে, যা টিউমার এবং শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়া ক্যানসার কোষের (মেটাস্টেসিস) বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করতে পারে।
গত বছর রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় দেশীয়ভাবে তৈরি দুটি ক্যানসার চিকিৎসা পদ্ধতির অনুমোদন দেয়। এর মধ্যে একটি উন্নত পর্যায়ের মেলানোমার জন্য তৈরি এমআরএনএ-ভিত্তিক টিকা ‘নিওঅনকোভ্যাক’ এবং অন্যটি কলোরেক্টাল ক্যানসারের জন্য তৈরি পেপটাইড-ভিত্তিক ওষুধ ‘অনকোপেপ্ট’।
চলতি বছরের এপ্রিলে প্রথমবার মানবদেহে নিওঅনকোভ্যাক প্রয়োগ করা হয়। পরীক্ষামূলকভাবে টিকাটি দেওয়া হয় ৬০ বছর বয়সী এক রোগীকে, যিনি তৃতীয় পর্যায়ের মেলানোমা এবং শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়া ক্যানসারে আক্রান্ত। বর্তমানে তিনি মস্কোর হারজেন অনকোলজি রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
গিনজবার্গ জানিয়েছেন, ওই রোগীকে আরও দুটি ডোজ দেওয়া হবে। পুরো চিকিৎসা প্রক্রিয়ায় তাঁর রোগপ্রতিরোধী প্রতিক্রিয়া এবং শারীরিক অবস্থার উপর নিবিড় নজর রাখা হবে।
এদিকে আরও ১০ জন রোগীর জন্য ব্যক্তিকেন্দ্রিক মেলানোমা টিকা তৈরির কাজ চলছে। আগামী দেড় থেকে তিন মাসের মধ্যে সেই টিকাগুলি প্রস্তুত হবে বলে জানিয়েছেন গবেষকরা।
রাশিয়ার ন্যাশনাল মেডিক্যাল রিসার্চ সেন্টার অব রেডিওলজি-র প্রধান আন্দ্রে কাপরিনের মতে, এই প্রযুক্তি ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে। প্রচলিত চিকিৎসার পাশাপাশি এই পদ্ধতির লক্ষ্য রোগপ্রতিরোধী ব্যবস্থাকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া, যাতে তা ক্যানসার কোষ শনাক্ত করে কার্যকরভাবে ধ্বংস করতে পারে।
এই চিকিৎসা পদ্ধতিতে প্রথমে রোগীর টিউমার এবং সুস্থ টিস্যুর নমুনা সংগ্রহ করে জিনগত বিশ্লেষণ করা হয়। সেই তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট রোগীর জন্য পৃথকভাবে একটি ব্যক্তিকেন্দ্রিক টিকা তৈরি করা হয়, যা রোগপ্রতিরোধী ব্যবস্থাকে নির্দিষ্ট ক্যানসার কোষ শনাক্ত করতে সহায়তা করে।
রাশিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষের দাবি, কলোরেক্টাল ক্যানসারের জন্য তৈরি অনকোপেপ্ট গ্রহণকারী রোগীদের শরীরেও ইতিবাচক রোগপ্রতিরোধী প্রতিক্রিয়া দেখা গেছে। পাশাপাশি গামালেয়া ইনস্টিটিউট অগ্ন্যাশয়, কিডনি এবং নন-স্মল সেল ফুসফুসের ক্যানসারের জন্যও নতুন চিকিৎসা প্রযুক্তি নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে।
তবে বিশেষজ্ঞদের মতে, এই প্রাথমিক ফলাফল আশাব্যঞ্জক হলেও টিকার কার্যকারিতা ও নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে বৃহৎ পরিসরের ক্লিনিক্যাল ট্রায়াল এবং দীর্ঘমেয়াদি তথ্য বিশ্লেষণ প্রয়োজন।
No Comment! Be the first one.