সকাল সকাল ডেস্ক
ওয়াশিংটন/তেহরান: হরমুজ প্রণালিতে মার্কিন নিরাপত্তা ব্যবস্থার আওতায় থাকা দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘নীতি লঙ্ঘনকারী’ দুটি ট্যাংকারে হামলা চালিয়ে সেগুলোর অগ্রযাত্রা থামিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি আরও চারটি জাহাজ তাদের নির্ধারিত পথ পরিবর্তন করে ফিরে যেতে বাধ্য হয়েছে বলেও দাবি করা হয়।
আইআরজিসির দাবি, জাহাজগুলো মার্কিন সামরিক সুরক্ষায় একটি ‘অঘোষিত রুট’ ব্যবহার করে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল। তবে এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে, ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার জেরে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা আরও বেড়েছে। সাম্প্রতিক সামরিক পাল্টাপাল্টি পদক্ষেপের পর অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে বলে বাজার বিশ্লেষকদের অভিমত।
শুক্রবার কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ছোড়া কয়েকটি ড্রোন তারা ভূপাতিত করেছে। ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, লেবাননের দক্ষিণাঞ্চলে প্রাচীন বিউফোর্ট দুর্গের কাছে ইসরায়েলি বাহিনীর অভিযানে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর টানেল ও সামরিক অবকাঠামো লক্ষ্য করেই এই অভিযান চালানো হয়েছে। তবে লেবাননের কর্মকর্তারা অভিযোগ করেছেন, এই হামলা বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন।
এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার বৈঠকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং চলমান সংঘাত নিয়ে আলোচনা করেছেন বলে হোয়াইট হাউস সূত্রে জানা গেছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা আন্তর্জাতিক জ্বালানি বাজারের পাশাপাশি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে।
No Comment! Be the first one.