সকাল সকাল ডেস্ক
পুজোর বক্স অফিসে একাধিক বাংলা ছবির লড়াই। সেই তালিকায় রয়েছে ‘একেন বাবু’ সিরিজের নতুন ছবি থেকে ‘বহুরূপী ২’। তবে মুক্তির আগে থেকেই আলোচনার কেন্দ্রে দেব-শুভশ্রী জুটির ‘দেশু ৭’। ছবির টিজার এবং প্রথম গান ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। প্রিমিয়ারের ‘গোল্ডেন টিকিট’ও কয়েক মাস আগেই বিক্রি হয়ে গিয়েছে বলে দাবি। এর মধ্যেই ছবির প্রচার এবং শুভশ্রীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খুললেন দেব।
রবিবার কলকাতায় একটি স্যালোঁর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন দেব। সেখানেই ‘দেশু ৭’ প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেতা জানান, শুভশ্রীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে সমাজমাধ্যমে যে ভাবে নানা ধরনের চর্চা চলছে, তাতে এখন প্রকাশ্যে স্বাভাবিক ভাবে কথা বলতেও অস্বস্তি হয় তাঁর।
দেব বলেন, একসময় তাঁদের মধ্যে সম্পর্ক ছিল। এখন তাঁরা বন্ধু। কিন্তু প্রকাশ্যে শুভশ্রীর সঙ্গে কথা বলা বা স্বাভাবিক ভাবে মেলামেশা করলেও তা নিয়ে নানা ধরনের রিল তৈরি হচ্ছে। কোনও অনুষ্ঠানে সাধারণ ভাবে আলিঙ্গন করলেও সেটিকে অন্য ভাবে তুলে ধরা হচ্ছে বলে অভিযোগ তাঁর। ফলে চাইলেও তাঁরা স্বাভাবিক থাকতে পারছেন না।
এই পরিস্থিতির প্রভাব পড়েছে ছবির প্রচারেও। দেবের দাবি, তাঁরা প্রচারে বেরোলেই ছবির পরিবর্তে ব্যক্তিগত সম্পর্ক, বিচ্ছেদ কিংবা অন্যান্য বিষয় নিয়ে প্রশ্ন করা হচ্ছে। অথচ ‘দেশু ৭’-এর নির্মাণ, ছবির ক্যানভাস কিংবা লাদাখে শুটিংয়ের মতো বিষয় নিয়ে প্রত্যাশিত আলোচনা হচ্ছে না।
নিজের প্রথম পরিচালনায় বড় ক্যানভাসে ‘দেশু ৭’ তৈরি করেছেন দেব। টিজারেও অ্যাকশন, রোম্যান্স এবং বড় মাপের দৃশ্যায়নের আভাস মিলেছে। ছবিটি তৈরির ক্ষেত্রে বাণিজ্যিক সাফল্যের সহজ পথ বেছে নিতে চাননি বলেও জানিয়েছেন অভিনেতা।
দেবের কথায়, চাইলে শুভশ্রীকে নিয়ে অল্প দিনের শুটিংয়ে একাধিক ছবি তৈরি করে আর্থিক ভাবে লাভবান হতে পারতেন। কারণ দীর্ঘ বিরতির পর তাঁদের জুটিকে পর্দায় দেখতে দর্শকদের আগ্রহ রয়েছে। কিন্তু সেই সুযোগ কাজে লাগিয়ে তাড়াহুড়ো করে ছবি তৈরির বদলে দর্শক দেব-শুভশ্রীকে ঠিক কী ভাবে দেখতে চান, তা নিয়ে ভাবনাচিন্তা করেই ‘দেশু ৭’-এর গল্প এবং চরিত্র নির্মাণ করা হয়েছে বলে দাবি তাঁর।
দীর্ঘ সময় পর এই ছবির মাধ্যমে বড় পর্দায় ফিরছেন অনির্বাণ ভট্টাচার্যও। দেব ও শুভশ্রীর পাশাপাশি ছবিতে রয়েছেন রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য, কাঞ্চন মল্লিক এবং লোকনাথ দে-সহ একাধিক পরিচিত মুখ।
পুজোর মরসুমে একাধিক বাংলা ছবি যখন দর্শক টানার লড়াইয়ে নামছে, তখন দেব-শুভশ্রী জুটির প্রত্যাবর্তন এবং বড় বাজেটের আয়োজনের কারণে ‘দেশু ৭’-কে ঘিরে প্রত্যাশা ইতিমধ্যেই তুঙ্গে। তবে ব্যক্তিগত সম্পর্কের চর্চা সরিয়ে দর্শকের নজর ছবির নির্মাণ ও গল্পের দিকে ফেরানোই এখন দেবের অন্যতম লক্ষ্য।
No Comment! Be the first one.