সকাল সকাল ডেস্ক
নয়াদিল্লি : ভারতীয় ক্রিকেটের সামগ্রিক কাঠামোয় বদল আনতে এবার কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটারদের অভিজ্ঞতা কাজে লাগানোর পক্ষে জোরালো সওয়াল করলেন সুনীল গাভাসকর। তাঁর প্রস্তাব, বিসিসিআইয়ের ক্রিকেট উপদেষ্টা কমিটির কাজের পরিধি বাড়িয়ে সেখানে সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়দের মতো প্রাক্তনদের যুক্ত করা হোক। শুধু জাতীয় দলের কোচ বা নির্বাচক বাছাই নয়, ঘরোয়া ক্রিকেটের কাঠামো থেকে আন্তর্জাতিক সূচি—ভারতীয় ক্রিকেটের গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে এই কমিটির মতামত নেওয়া উচিত বলে মনে করেন তিনি।
সম্প্রতি দলীপ ট্রফির ফাইনাল ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে ঘরোয়া ক্রিকেটের নিয়ম নিয়ে। ঈশান কিষাণের নেতৃত্বাধীন ইস্ট জোন প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে খেতাব জেতে। ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হওয়ার পরিবর্তে প্রথম ইনিংসের লিডের ভিত্তিতে খেতাব নির্ধারণের এই নিয়মে সন্তুষ্ট নন গাভাসকর। তাঁর মতে, ঘরোয়া ক্রিকেটের এমন ত্রুটিগুলি চিহ্নিত করে নিয়মে প্রয়োজনীয় পরিবর্তনের ক্ষেত্রে ক্রিকেট উপদেষ্টা কমিটির সক্রিয় ভূমিকা নেওয়া উচিত।
২০২২ সালে অশোক মালহোত্রা, যতীন পরাঞ্জপে এবং সুলক্ষণা নায়েককে নিয়ে তিন সদস্যের ক্রিকেট উপদেষ্টা কমিটি গঠন করেছিল বিসিসিআই। মূলত জাতীয় দলের কোচ ও নির্বাচক বাছাইয়ের দায়িত্ব ছিল তাদের উপর। গাভাসকর চাইছেন, এবার সেই কমিটির দায়িত্ব আরও বাড়ানো হোক।
নিজের কলামে ভারতের প্রাক্তন অধিনায়ক লিখেছেন, আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের সূচি থেকে শুরু করে দেশের ক্রিকেটের গুরুত্বপূর্ণ সমস্ত বিষয় এই কমিটির নজরে থাকা প্রয়োজন। তাঁর মতে, ভারতীয় ক্রিকেটে এমন অনেক অভিজ্ঞ প্রাক্তন রয়েছেন, যাঁদের দক্ষতা প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে কাজে লাগানো যেতে পারে।
সম্ভাব্য সদস্য হিসেবে সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়, রবি শাস্ত্রী, অনিল কুম্বলে, হরভজন সিং এবং বীরেন্দ্র সেহওয়াগের নাম উল্লেখ করেছেন গাভাসকর। তাঁর প্রস্তাব, বিসিসিআই সভাপতি ও সচিবও এই কমিটির অংশ হোন। বিশ্বের অন্যতম শক্তিশালী ক্রিকেট বোর্ডের আর্থিক ক্ষমতার পাশাপাশি ক্রিকেটীয় সিদ্ধান্ত গ্রহণের কাঠামোকেও আরও পেশাদার করে তোলার প্রয়োজন রয়েছে বলে তাঁর মত।
গাভাসকরের মতে, দ্রাবিড় বা সচিনের মতো কিংবদন্তিরা যখন জাতীয় দলের প্রধান কোচ, অধিনায়ক কিংবা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের সঙ্গে আলোচনায় বসবেন, তখন সেই বৈঠকের গুরুত্বই হবে আলাদা। একইভাবে মহিলা ক্রিকেটের জন্যও অভিজ্ঞ প্রাক্তনদের নিয়ে শক্তিশালী কমিটি গড়ার প্রস্তাব দিয়েছেন তিনি।
তবে এমন প্রস্তাব আদৌ বাস্তবায়িত হবে কি না, তা নিয়ে সংশয়ও রয়েছে গাভাসকরের। তাঁর কথায়, এমন একটি কমিটির কথা ভাবলেই রোমাঞ্চ হয়। কিন্তু সেটি কোনও দিন বাস্তবে রূপ নেবে, নাকি শুধুই স্বপ্ন হয়ে থাকবে—সেই প্রশ্নও তুলেছেন ভারতের কিংবদন্তি ওপেনার।
No Comment! Be the first one.