ইতিহাস গড়ে দক্ষিণ আফ্রিকাকে ৩৪২ রানে হারাল ইংল্যান্ড
সকাল সকাল ডেস্ক। সাউদাম্পটন, ৮ সেপ্টেম্বর: একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্ব রেকর্ড জয়ের সাক্ষী হল সাউদাম্পটন। দক্ষিণ আফ্রিকাকে ৩৪২ রানে হারিয়ে নতুন রেকর্ড গড়ল ইংল্যান্ড।প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৪১৪ রান তোলে ইংল্যান্ড। জ্যাকব বেথেল ও জো রুট শতরান করেন। জবাবে প্রোটিয়ারা মাত্র ৭২ রানে গুটিয়ে যায়। জোফরা আর্চার ও ব্রাইডন কার্স মিলে ছয় উইকেট নেন, আদিল রশিদ নেন তিনটি।আগে ২০২৩ সালে ভারতের ৩১৭ রানের জয় ছিল সর্বোচ্চ। এবার ইংল্যান্ড সেটি ভাঙল।
“সংবিধান রক্ষার জন্যই উপরাষ্ট্রপতি নির্বাচন” – সঞ্জয় রাউত
সকাল সকাল ডেস্ক। নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর: আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনকে সংবিধান ও গণতন্ত্র রক্ষার প্রক্রিয়া বলে মন্তব্য করলেন শিবসেনা (উদ্ধব গোষ্ঠী)-র সাংসদ সঞ্জয় রাউত।তিনি বলেন, “লোকসভা-রাজ্যসভার সাংসদরা ভোট দেবেন দেশের স্বার্থে। আমাদের আগের উপরাষ্ট্রপতি কোথায়, তা নিয়েও প্রশ্ন আছে। গণতন্ত্রকে এভাবে সংকটে ফেলা যায় না।”
ভেনিসে পুরস্কার পেলেন অনুপর্ণা, মুখ্যমন্ত্রীর অভিনন্দন
সকাল সকাল ডেস্ক। কলকাতা, ৮ সেপ্টেম্বর: ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের সম্মান পেলেন পুরুলিয়ার মেয়ে অনুপর্ণা রায়। তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি Songs of Forgotten Trees জিতে নিল ‘অরিজোন্টি’ বিভাগে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার।এই খবর জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিনন্দন বার্তা পাঠালেন। তিনি লেখেন, “অনুপর্ণার এই সাফল্য আমাদের বাংলার গর্ব। তাঁর মা-বাবা ও সহযোগীদের অভিনন্দন। আশা করি আরও এগিয়ে গিয়ে বাংলার মুখ উজ্জ্বল করবেন।”
“শিল্প কারখানা বন্ধ করাই তৃণমূলের নীতি” – কটাক্ষ শুভেন্দুর
সকাল সকাল ডেস্ক। কলকাতা, ৮ সেপ্টেম্বর: কোলাঘাটের রামকো সিমেন্ট কারখানা বন্ধ হওয়া নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।তিনি এক্স-এ লিখেছেন, “রাজ্যে যত কল-কারখানা বাকি আছে, তৃণমূল সরকার সেগুলিরও শ্রাদ্ধ করতে বদ্ধপরিকর। এভাবে চলতে থাকলে কোনো নতুন লগ্নি আসবে না, বরং পুরনো শিল্পও অন্যত্র চলে যাবে।”তিনি আরও দাবি করেন, বিজেপি সরকার এলে শ্রমিকদের অধিকার রক্ষা ও শিল্প পুনর্জীবনের ব্যবস্থা হবে।
বাংলার মেয়েদের দাপট, রেলওয়েজকে ৭-০ গোলে হারাল
সকাল সকাল ডেস্ক। কলকাতা, ৮ সেপ্টেম্বর: সিনিয়র জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলার দুরন্ত জয়। কৃষ্ণনগরের দ্বিজেন্দ্রলাল রায় স্টেডিয়ামে বাংলার মেয়েরা রেলওয়েজকে ৭-০ গোলে হারাল। এর আগে মেঘালয়কেও একই ব্যবধানে হারিয়েছিল দল।প্রথমার্ধেই সবকটি গোল হয়ে যায়। গোলদাতাদের মধ্যে ছিলেন রিম্পা হালদার, সঙ্গীতা বাসফোর ও মৌসুমী মুর্মু। অধিনায়ক রিম্পা নিজেও একটি গোল করেন। সুলঞ্জনা রাউল লালকার্ড দেখেন। বাংলার গোলকিপার মামণি দাসকে প্রায় ভাবনায় ফেলতে পারেনি রেলওয়ের খেলোয়াড়রা।
নবপ্রজন্মকে শিক্ষার আলোয় গড়ে তোলার কারিগর শিক্ষকরাই : মুখ্যমন্ত্রী মমতা
সকাল সকাল ডেস্ক। কলকাতা, ৫ সেপ্টেম্বর : শিক্ষক দিবস উপলক্ষ্যে আন্তরিক শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকালে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী লিখেছেন, নবপ্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত করে তোলার মূল কারিগর শিক্ষকরাই। মুখ্যমন্ত্রী আরও জানান, “আজ ‘শিক্ষক দিবস’। প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস। তাঁকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। এই পুণ্যদিনে সকল শিক্ষক-শিক্ষিকা, অধ্যাপক-অধ্যাপিকা ও অশিক্ষক কর্মীবৃন্দকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। নবপ্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত করে তোলার মূল কারিগর তাঁরাই।” মুখ্যমন্ত্রী আরও লেখেন, “গতকাল যথাযোগ্য মর্যাদায় আমরা ‘শিক্ষক দিবস’-এর অনুষ্ঠান পালন করেছি। সেখানে সমাজের প্রতি শিক্ষকদের এই অসাধারণ অবদানকে স্বীকৃতি জানাতে রাজ্যের বিভিন্ন স্কুল, আইটিআই – এর বিশিষ্ট শিক্ষক-শিক্ষিকাদের ‘শিক্ষারত্ন’ সম্মাননা জ্ঞাপন করা হয়েছে। সেরা স্কুলগুলোকেও পুরস্কৃত করা হয়েছে। এছাড়া রাজ্যের কৃতী ছাত্রছাত্রী যারা এবারের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জয়েন্ট এন্ট্রান্স, আলিম, ফাজিল, হাই-মাদ্রাসা, আইসিএসই, আইএসসি, সিবিএসই এবং ভোকেশনাল পরীক্ষায় মেধা তালিকায় স্থান পেয়েছে, তাদেরও সম্মানিত করা হয়েছে। সকলকে আমি আরও একবার আমার আন্তরিক অভিনন্দন জানাই।”
সাধ্যের মধ্যে স্ট্রোক চিকিৎসায় বিপ্লব আনবে দেশীয় প্রযুক্তি, দাবি বিশেষজ্ঞদের
সকাল সকাল ডেস্ক। কলকাতা, ৫ সেপ্টেম্বর : মস্তিষ্কের বড় শিরাতে জমাট বাঁধা রক্ত অস্ত্রোপচারে এবার ব্যবহৃত হবে দেশের তৈরি ‘যন্ত্র’। দিল্লি এইমস-সহ দেশের মোট আটটি হাসপাতালে স্ট্রোকের চিকিৎসায় ওই যন্ত্রের পরীক্ষামূলক প্রয়োগের পরে তা ব্যবহারে ছাড়পত্র দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এমনই জানালেন ‘ক্লিনিক্যাল ট্রায়াল’-এ অংশ নেওয়া একবালপুরের এক বেসরকারি হাসপাতালের স্নায়ুরোগ বিশেষজ্ঞরা। প্রায় বছরখানেক ধরে ওই পরীক্ষামূলক প্রয়োগে দেশের পূর্বাঞ্চলে একমাত্র অংশ নিয়েছিল কলকাতার সিএমআরআই হাসপাতাল। সেখানকার স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাঃ দীপ দাস জানান, মস্তিষ্কের ভিতরের বড় শিরাতে রক্ত জমাট বাঁধার কারণে স্ট্রোকে আক্রান্ত হন রোগী। সাধারণত এক চতুর্থাংশ ক্ষেত্রে সপ্তাহ দুয়েকের মধ্যে রোগীর মৃত্যু হয়। আর, তিন চতুর্থাংশ ক্ষেত্রে রোগী জীবিত থাকলেও জটিল পক্ষাঘাতে আক্রান্ত হন। তিনি আরও জানান, বড় শিরার ক্ষেত্রে রক্ত গলানোর (থ্রম্বলাইসিস) ওষুধে কাজ হয় না। তখন মেকানিক্যাল থ্রম্বেক্টমি করতে হয়। ডাঃ দীপ দাস বলেন, অস্ত্রোপচারে বিদেশি যে স্টেন্ট রিট্রিভার-ডিভাইস ব্যবহার করা হয়, তার দাম প্রায় সাড়ে তিন লক্ষ টাকা। দেশীয় যন্ত্রটিতে আমজনতার উপকার হবে। তিনি এও বলেন, প্রায় বছরখানেক যাবৎ ৮টি হাসপাতালের মোট ৪২ জন রোগীর অস্ত্রোপচারে ওই যন্ত্র ব্যবহার করা হয়েছে। যন্ত্রটির কার্যকারীতা ও সুরক্ষা বিষয়ক রিপোর্ট খতিয়ে দেখেছে কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটি। তারপরেই বাণিজ্যিকভাবে ব্যবহারের ছাড়পত্র মিলছে। ডাঃ দীপ দাস বিশেষভাবে উল্লেখ করেন, উক্ত প্রক্রিয়ায় নিবিড়ভাবে সম্পৃক্ত ছিলেন বাঙ্গুর ইনস্টিটিউট অব নিউরোলজির প্রফেসর বিমান কান্তি রায়। পাশাপাশি গ্র্যাভিটি ইন্টারন্যাশনাল এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ডঃ শাশ্বত দেশাই এর বড় ভূমিকা ছিল তৃণমূল স্তরে ট্রায়ালের ক্ষেত্রে। জানা যাচ্ছে, পরীক্ষামূলক প্রয়োগের জন্য যন্ত্রটি বিদেশে তৈরি হলেও, আগামী দু’মাসের মধ্যে ওই প্রযুক্তি ব্যবহার করে দেশীয় সংস্থা সেটি তৈরির কাজ শুরু করবে। তাতে দেশীয় বাজারে প্রায় ৫০ শতাংশ কম দামে যন্ত্রটি মিলবে।
কেরলে মহাসাড়ম্বরে ওনাম উদযাপন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা
সকাল সকাল ডেস্ক। তিরুবনন্তপুরম ও নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর : কেরলে মহাসাড়ম্বরে উদযাপিত হচ্ছে ওনাম উৎসব। সারা বছর এই সময়টির জন্য অপেক্ষা করে থাকেন কেরলের মালয়ালি সমাজ। হিন্দুদের উৎসব হলেও ‘ওনাম’ আসলে কৃষি উৎসব। তাই এই উৎসবে মাতেন সমাজের সব সম্প্রদায়ের মানুষই। শুক্রবার তিরুবনন্তপুরমে ধুমধাম করে ওনাম উৎসব উদযাপন করা হয়। ১০-দিনব্যাপী ওনামের, শুক্রবার প্রধান উৎসব তিরুভোনাম। মানুষ এদিন মন্দির পরিদর্শন করেন, ঘরে ঘরে জড়ো হয়ে ওনাম উৎসব পালন করে ও উপহার বিনিময় করে উদযাপন করেন। ওনাম উপলক্ষ্যে সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি মুর্মু এক্স মাধ্যমে শুভেচ্ছা-বার্তায় লিখেছেন, “ওনামের শুভ উৎসব উপলক্ষ্যে, আমি সমস্ত নাগরিকদের, বিশেষ করে ভারতে এবং বিদেশে বসবাসরত কেরলের ভাই ও বোনদের আমার উষ্ণ শুভেচ্ছা ও শুভকামনা জানাই।” প্রধানমন্ত্রী মোদী শুভেচ্ছা বার্তায় লিখেছেন, “সবাইকে ওনামের শুভেচ্ছা জানাই! এই সুন্দর উৎসব সকলের জন্য নতুন আনন্দ, সুস্বাস্থ্য এবং প্রচুর সমৃদ্ধি বয়ে আনুক। ওনাম কেরলের কালজয়ী ঐতিহ্য ও সমৃদ্ধ ঐতিহ্যকে প্রতিফলিত করে। এই উৎসব ঐক্য, আশা ও সাংস্কৃতিক গর্বের প্রতীক। এই উৎসব আমাদের সমাজে সম্প্রীতির চেতনাকে শক্তিশালী করে এবং প্রকৃতির সঙ্গে আমাদের সংযোগকে আরও নিবিড় করে।”
মেয়েদের শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর
সকাল সকাল ডেস্ক। নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার নতুন দিল্লির বিজ্ঞান ভবনে শিক্ষকদের জাতীয় পুরষ্কার প্রদান করছেন। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, কন্যাশিশুদের সর্বোত্তম শিক্ষা প্রদান করা নারী-নেতৃত্বাধীন উন্নয়নকে উৎসাহিত করার সবচেয়ে কার্যকর উপায়। রাষ্ট্রপতি জোর দিয়ে বলেন, মেয়েদের শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত। তিনি আরও বলেন, কন্যাশিশুদের শিক্ষায় বিনিয়োগ পরিবার, সমাজ এবং দেশের উন্নয়নে একটি অমূল্য অবদান। রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন যে, সাম্প্রতিক বছরগুলিতে উচ্চ শিক্ষায় মেয়েদের মোট ভর্তির অনুপাত উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। রাষ্ট্রপতি বলেন, শিক্ষা ব্যক্তিদের ক্ষমতায়ন করে, দুর্বলতম পটভূমির শিশুদের উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনে সক্ষম করে। তিনি বলেন, খাদ্য, বস্ত্র এবং আশ্রয়ের মতোই, একজন ব্যক্তির মর্যাদা এবং নিরাপত্তার জন্য শিক্ষা অপরিহার্য। রাষ্ট্রপতি মুর্মু উল্লেখ করেছেন, জাতীয় শিক্ষা নীতি ২০২০ স্কুল পর্যায়ে শিক্ষাকে আরও সহজলভ্য এবং নিরবচ্ছিন্ন করার উপর বিশেষ জোর দেয়।
শতাব্দী প্রাচীন আগ্নেয়াস্ত্রের দোকানের তিন মালিক গ্রেফতার করল এসটিএফ
সকাল সকাল ডেস্ক। কলকাতা, ৫ সেপ্টেম্বর, : রহড়ার ফ্ল্যাটে বিপুল কার্তুজ উদ্ধারের ঘটনার তদন্তে নেমে বেঙ্গল এসটিএফের হাতে গ্রেফতার হয়েছেন শহরের শতাব্দী প্রাচীন দোকানের তিন মালিক। গত ৪ জুলাই রহড়ার রিজেন্ট পার্কের একটি আবাসনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৯০৪ রাউন্ড গুলি এবং কয়েক লক্ষ টাকা উদ্ধার করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দফতর। ওই আবাসন থেকেই লিটন মুখোপাধ্যায় নামে এক অস্ত্র কারবারিকে ধরা হয়। পরে তাকে জেরা করে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থেকে কংস প্রামাণিক নামে আরও এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার তদন্তভার ব্যারাকপুর কমিশনারেটের হাত থেকে তুলে দেওয়া হল রাজ্য পুলিশের এসটিএফের হাতে। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফের একটি দল। সঙ্গে দোকান বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল আগ্নেয়াস্ত্র। দোনলা ও একনলা বন্দুক মিলিয়ে মোট একচল্লিশটি বন্দুক উদ্ধার করে পুলিশ। কলকাতার ডালহৌসির দোকানটি বন্ধ করে দেওয়া হয়েছে।