সকাল সকাল ডেস্ক
ইসলামাবাদ: পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের শিরানি জেলায় পাহাড়ি জঙ্গল থেকে নিখোঁজ হওয়া দুই শিশু রাখালের মৃতদেহ উদ্ধার হয়েছে। সোমবার দুপুরে শেকর হোটেলের কাছে পাহাড়ি জঙ্গল থেকে আচমকাই নিখোঁজ হয়ে যায় ওই দুই শিশু। মঙ্গলবার সকালে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। অন্যদিকে, প্রদেশের বিভিন্ন এলাকা থেকে আরও তিন ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। তাঁদের বর্তমানে কোথায় রাখা হয়েছে, তা এখনও জানা যায়নি।
সংবাদমাধ্যম ‘দ্য বালুচিস্তান পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিক তদন্তে শিশুদের মৃতদেহের কাছ থেকে গ্রেনেড কিংবা গুলির মতো সন্দেহজনক বস্তু পাওয়া গিয়েছে বলে জানা গেছে। তবে শিশু দুটির মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে কোনও নিশ্চিত তথ্যও পাওয়া যায়নি। মৃত শিশুদের একজনের পরিচয় আলি খান হিসেবে জানা গিয়েছে। সে পিতৃহীন ছিল। অপর শিশুটি জুমা গুলের ছেলে বলে শনাক্ত করা হয়েছে।
এদিকে, বালুচিস্তানের বিভিন্ন এলাকা থেকে তিন ব্যক্তিকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ সামনে এসেছে। জানা গিয়েছে, ১৫ নভেম্বর কোয়েটার মুস্তফাবাদ এলাকায় নিজের বাড়ি থেকে ২০ বছর বয়সি জয়নুল আবেদিনকে তুলে নিয়ে যান কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টের (সিটিডি) আধিকারিকরা। তিনি আবদুল সাত্তারের ছেলে।
একই দিন রাত ১১টা নাগাদ কোয়েটার কিলজিও এলাকার বাসিন্দা মহম্মদ আসলমের ১৫ বছর বয়সি ছেলে মুরাদ বালুচকেও সিটিডির কর্মীরা বাড়ি থেকে তুলে নিয়ে যান বলে অভিযোগ।
প্রতিবেদন অনুযায়ী, ১৫ নভেম্বর কেচ জেলার তুরবত এলাকার কেচ টাওয়ারের বাসিন্দা ২৫ বছর বয়সি তালাল মনজুরকে দুপুর ৩টে নাগাদ তথাকথিত ‘ডেথ স্কোয়াড’-এর সদস্যরা আটক করেন। নিখোঁজ এই তিন ব্যক্তিকে কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে, গত ২২ অক্টোবর থেকে নিখোঁজ থাকা সিবি জেলার সাঙ্গান এলাকার বাসিন্দা আখতার মহম্মদের ছেলে গুল আহমেদের সন্ধান মিলেছে ১২ নভেম্বর।
No Comment! Be the first one.