ওড়িশার অর্থনীতি শক্তিশালী হলে ভারত মজবুত হবে : প্রধানমন্ত্রী
সকাল সকাল ডেস্ক, ময়ূরভঞ্জ : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার ওড়িশার ময়ূরভঞ্জ জেলার পাহাড়পুর গ্রাম পরিদর্শন করেন। পাহাড়পুর গ্রাম পরিদর্শনের সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সাঁওতালি জহের ও হো জহের (পবিত্র উপাসনা স্থল), দক্ষতা উন্নয়ন কেন্দ্র এবং পাহাড়পুর স্কুলে প্রার্থনা ও পরিদর্শন কার্যক্রমে অংশ নেন। ওড়িশা সরকারের দুই বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘বিকাশ রা ধারা, ওড়িশা সারা’ কর্মসূচিতে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ময়ূরভঞ্জ জেলারই রাইরংপুরে পৌঁছন। তাঁর সঙ্গে ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিও। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পেরও উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তৃতার সময় প্রধানমন্ত্রী বলেন, “আগামী দিনে আমাদের সামনে দু’টি গুরুত্বপূর্ণ মাইলফলক রয়েছে। ২০৩৬ সালে ওড়িশা গঠনের ১০০ বছর পূর্ণ হবে এবং ২০৪৭ সালে ভারতের স্বাধীনতার ১০০ বছর পূর্ণ হবে। অর্থাৎ, ওড়িশা এবং দেশের লক্ষ্য একই দিকে। ওড়িশার অর্থনীতি শক্তিশালী হলে ভারতও শক্তিশালী হবে। ওড়িশার সম্ভাবনার উপর আমার বিশ্বাস আছে। একসঙ্গে আমাদের ওড়িশাকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে হবে।” আদিবাসী সমাজের উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “আদিবাসী সমাজের উন্নয়নের লক্ষ্যে আমরা আদিবাসী তরুণ-তরুণীদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগের সঙ্গে যুক্ত করছি। এই শিশুদের পড়াশোনার জন্য উন্নত সুযোগ-সুবিধা পাওয়া উচিত। আর এ কারণেই সারা দেশে প্রায় ৫০০টি ‘একলব্য মডেল স্কুল’ চালু করা হয়েছে।” প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, “আমাদের সরকার ওড়িশার সম্পদকে ওড়িশার সম্ভাবনায় রূপান্তরিত করছে। ওড়িশায় বিপুল বিনিয়োগ আসছে এবং এখানে নতুন নতুন শিল্প গড়ে উঠছে; এই লক্ষ্যেই ‘উৎকর্ষ ওড়িশা’-র মতো কর্মসূচি পরিচালিত হচ্ছে। এর আওতায় ইতিমধ্যেই প্রায় ২০ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে। পাশাপাশি, ৩.৫ লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের অসংখ্য মেগা প্রকল্পের কাজও চলছে।”
এফআইএইচ মহিলা নেশন্স কাপ : চিলিকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিল ভারত
সকাল সকাল ডেস্ক, অকল্যান্ড : শনিবার অকল্যান্ডে অনুষ্ঠিত এফআইএইচ উইমেন্স নেশনস কাপের সেমিফাইনালে চিলিকে ছয় গোলে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়ে ভারত ফাইনালে পৌঁছেছে। যেখানে চিলি গোল করতে ব্যর্থ হয়। ভারতের হয়ে গোল করেছেন নভনীত কৌর (৬’, ১৩’), দীপিকা (১৪’, ১৮’), নেহা (৩২’) এবং রুতুজা দাদাসো পিসাল (৩৯’)। অন্যদিকে, অধিনায়ক সালিমা টেটে তাঁর অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ নির্বাচিত হয়েছেন। ফাইনালে ভারত যুক্তরাষ্ট্র অথবা স্বাগতিক নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে।
হাইতি প্রথম দল বিশ্বকাপ থেকে বিদায় নিল
সকাল সকাল ডেস্ক, কলকাতা : শনিবার ফিলাডেলফিয়ায় ব্রাজিলের কাছে ৩-০ তে হেরে হাইতি ২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিয়েছে। সেবাস্তিয়ান মিনের দল হাইতি উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১ গোলে হারের পর প্রত্যাশিতভাবেই ব্রাজিলের কাছেও পরাজিত হয়। চূড়ান্ত পর্বে মরক্কোর সঙ্গে খেলা থাকলেও, হাইতির পক্ষে তাদের সেই ম্যাচ জেতা প্রায় অসম্ভব। এমনকি যদি তারা মরক্কোকে হারিয়েও দেয় এবং চূড়ান্ত পর্বে স্কটল্যান্ড ব্রাজিলের কাছে হেরে যায়, তবুও হাইতি গ্রুপ সি-এর একেবারে শেষ স্থানেই থাকবে।
জি-৭ ও স্লোভাকিয়া সফরে বিশ্বমঞ্চে ভারতের মর্যাদা আরও সুদৃঢ়: বিজেপি
সকাল সকাল ডেস্ক, নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক জি-৭ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ এবং স্লোভাকিয়া সফর আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ক্রমবর্ধমান প্রভাব ও গ্রহণযোগ্যতার প্রতিফলন বলে দাবি করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলের মতে, এই সফরগুলির মাধ্যমে বিশ্বমঞ্চে ভারতের অবস্থান আরও শক্তিশালী হয়েছে এবং বিভিন্ন দেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। শুক্রবার নয়াদিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক বৈঠকে দলের জাতীয় মুখপাত্র ও সাংসদ ড. সুধাংশু ত্রিবেদী বলেন, কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর এটাই ছিল প্রথম স্লোভাকিয়া সফর। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করা হয়েছে, যা দুই দেশের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ত্রিবেদীর দাবি, বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলেই ভারত প্রথমবার জি-৭ শীর্ষ সম্মেলনে বিশেষ আমন্ত্রিত দেশ হিসেবে অংশগ্রহণের সুযোগ পায়। তিনি জানান, ২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সময় থেকেই এই প্রক্রিয়ার সূচনা হয়েছিল। বিজেপি মুখপাত্র বলেন, এবারের জি-৭ সম্মেলনেও ভারত একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। পাশাপাশি ‘ইন্টারন্যাশনাল মোবিলাইজেশন পার্টনারশিপ ফর অ্যাক্সিলারেটিং কানেক্টিভিটি অ্যান্ড ট্রেড’ (ইমপ্যাক্ট) নামে একটি নতুন উদ্যোগের প্রস্তাবও ভারত উত্থাপন করেছে, যা জি-৭ সদস্য দেশগুলির দৃষ্টি আকর্ষণ করেছে বলে তাঁর দাবি। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশের কাছ থেকে ৩৩টি আন্তর্জাতিক সম্মানে ভূষিত হয়েছেন। এই সম্মানগুলি আন্তর্জাতিক ক্ষেত্রে তাঁর নেতৃত্বের প্রতি ক্রমবর্ধমান আস্থা ও স্বীকৃতিরই প্রতিফলন বলে মন্তব্য করেন ত্রিবেদী। এছাড়াও তিনি ফ্রান্সের উদ্যোগের প্রসঙ্গ তুলে বলেন, স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত) শিক্ষাক্ষেত্রে প্রতিবছর ৩০ হাজার ভারতীয় পড়ুয়াকে সুযোগ দেওয়ার পরিকল্পনা দুই দেশের শিক্ষা ও প্রযুক্তি সহযোগিতাকে আরও শক্তিশালী করবে। তাঁর মতে, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারত বিশ্বের প্রভাবশালী দেশগুলির আস্থা অর্জন করে চলেছে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে নিজের অবস্থান আরও সুসংহত করছে।
অমিত শাহের সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরে
সকাল সকাল ডেস্ক, নয়াদিল্লি : ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিরাপত্তা সহযোগিতা আরও শক্তিশালী করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমাজমাধ্যম ‘এক্স’-এ জানান, সন্ত্রাসবাদ মোকাবিলা, মাদক পাচার রোধ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়টি আলোচনার কেন্দ্রে ছিল। অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত ‘ভারত-যুক্তরাষ্ট্র সামগ্রিক বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব’-কে আরও এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। পাশাপাশি, দ্বিপাক্ষিক সম্পর্কের সুফল যাতে দুই দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছায়, সে বিষয়েও ভারত সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা, নিরাপত্তা, প্রযুক্তি এবং অর্থনৈতিক সহযোগিতা ক্রমশ বিস্তৃত হয়েছে। এই প্রেক্ষাপটে স্বরাষ্ট্রমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠককে দুই দেশের কৌশলগত সম্পর্কের আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
ফিফা বিশ্বকাপ ২০২৬ : কেইনের জোড়া গোলে দুরন্ত সূচনা ইংল্যান্ডের, হার ক্রোয়েশিয়ার
সকাল সকাল ডেস্ক, ডালাস : হ্যারি কেইনের জোড়া গোল এবং জুড বেলিংহ্যাম ও মার্কাস র্যাশফোর্ডের একটি করে গোলে ক্রোয়েশিয়াকে ৪-২ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ইংল্যান্ড। বুধবার ডালাসে অনুষ্ঠিত ম্যাচে একাধিকবার লড়াইয়ে ফিরেও শেষ পর্যন্ত ইংল্যান্ডের আক্রমণাত্মক ফুটবলের সামনে হার মানতে হয় ক্রোয়েশিয়াকে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইংল্যান্ড। হ্যারি কেইনের জোড়া গোলের পাশাপাশি বেলিংহ্যাম ও র্যাশফোর্ডের গোল দলকে স্বস্তির জয় এনে দেয়। অন্যদিকে ক্রোয়েশিয়ার হয়ে গোল করেন মার্তিন বাতুরিনা এবং পেয়ার মুসা। দু’বার সমতা ফিরিয়ে ম্যাচে উত্তেজনা তৈরি করলেও তৃতীয়বার পিছিয়ে পড়ার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি ২০১৮ সালের বিশ্বকাপের রানার্স-আপ দলটি। এই ম্যাচে জোড়া গোল করে ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক গোলদাতার তালিকায় গ্যারি লিনেকারের রেকর্ড স্পর্শ করেন কেইন। দু’জনেরই বিশ্বকাপে গোলসংখ্যা এখন ১০। পাশাপাশি, ডেভিড বেকহ্যামের পর দ্বিতীয় ইংরেজ ফুটবলার হিসেবে টানা তিনটি পৃথক বিশ্বকাপ আসরে (২০১৮, ২০২২ ও ২০২৬) গোল করার নজিরও গড়লেন তিনি। পরিসংখ্যানেও ছিল ইংল্যান্ডের আধিপত্য। ম্যাচে ৫২ শতাংশ বল দখলে রেখে ২২টি শট নেয় ইংল্যান্ড, যার মধ্যে ১১টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ক্রোয়েশিয়া ১০টি শটের মধ্যে ৫টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। বিশ্বকাপের প্রথম ম্যাচেই দাপুটে জয় তুলে নিয়ে শিরোপা প্রত্যাশীদের তালিকায় নিজেদের দাবিকে আরও জোরালো করল ইংল্যান্ড।
হিমাচলের চম্বায় খাদে পড়ে গেল এসইউভি গাড়ি, মৃত্যু ৭ জনের
সকাল সকাল ডেস্ক, চম্বা : হিমাচল প্রদেশের চম্বায় ফের ভয়াবহ দুর্ঘটনা। বুধবার রাতে চাম্বা-মাসরুণ্ড সড়ক দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় একটি এসইউভি গাড়ি। এই দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার দীনেশ শর্মা জানান, “বৃহস্পতিবার সকালে দুর্ঘটনার খবর পাওয়ার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ উদ্ধারকাজ শুরু করে। সবকটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় ৩ জন মহিলা ও ৪ জন পুরুষ-সহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে এবং তাঁদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী তদন্ত চলছে।” পুলিশ জানিয়েছে, চম্বা জেলার চম্বা-মাসরুণ্ড সড়কের ওপর ছাতরুন্ডের কাছে বুধবার রাতে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে ৭ জন মারা যান। নিহতরা কুথেদ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাহাল গ্রামের বাসিন্দা। গাড়িটি খাদে পড়ে গেল দুর্ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়, পরে আরও একজন প্রাণ হারান।
হরমুজ প্রণালী খোলা রাখা বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ট্রাম্পের সঙ্গে বৈঠকে বললেন প্রধানমন্ত্রী
সকাল সকাল ডেস্ক, এভিয়ান ও নয়াদিল্লি : হরমুজ প্রণালী খোলা রাখা বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ফ্রান্সে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী; এই আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা, সামুদ্রিক স্থিতিশীলতা এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এই উচ্চ-পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী মোদী পশ্চিম এশিয়ায় শান্তি পুনরুদ্ধারের লক্ষ্যে ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করেন এবং হরমুজ প্রণালীর মধ্য দিয়ে বিশ্ব বাণিজ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দেন। বিশ্বব্যাপী সামুদ্রিক নৌপথের ক্ষেত্রে ভারতের কৌশলগত স্বার্থের বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পক্ষে মত দেন। প্রধানমন্ত্রী মোদী বলেন, “বিশ্ব অর্থনীতির জন্য হরমুজ প্রণালী খোলা রাখা অত্যন্ত জরুরি। ভারত সবসময়ই অবাধ নৌ-চলাচলের স্বাধীনতার ওপর গুরুত্ব দিয়ে এসেছে এবং এই বিষয়ে আমাদের যৌথভাবে কাজ করা উচিত। হরমুজ প্রণালী-সহ বিশ্বের নানা প্রান্তে লক্ষ লক্ষ নাবিক তাঁদের দায়িত্ব পালন করছেন; ভারতীয় নাবিকদের নিরাপত্তাও সমানভাবে গুরুত্বপূর্ণ।”
ভদোদরায় বাস-ট্রাকের সংঘর্ষে মৃত বেড়ে ৭, আহত ২৬
সকাল সকাল ডেস্ক, ভদোদরা : গুজরাতের ভদোদরা-জেরোড হাইওয়েতে ঘটে গেল এক ভয়াবহ পথ দুর্ঘটনা। গুজরাটের ভদোদরা শহরের কোটম্বি স্টেডিয়ামের কাছে বুধবার ভোরে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। রাজস্থানের বাঁশওয়ারা থেকে সুরাটগামী একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭, আহত আরও ২৬ জন। দুর্ঘটনায় নিহত ৭ জনের মধ্যে ৬ জনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন, প্রীত হিতেশ ভাটিয়া (৯), বিনোদ নরেশ ডামোর (৩০), হরজিংভাই ভালজিভাই কাটারা (৩০), মুকেশ জিবাজি ডিন্ডোর (৩৪), পিঙ্কি ভাটিয়া (৩৬), মহেন্দ্রকুমার ভোগীলাল পান্ড্য (৬৮)। দুর্ঘটনার পর বাসের ভেতরে বহু যাত্রী আটকে পড়েন। খবর পেয়ে রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা, দমকল কর্মীরা, পুলিশ ও অন্যান্য উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু করে। আহতদের ভদোদরার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস-ট্রাকটিকে দ্রুত রাস্তা থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে। বাসের গতি অতিরিক্ত থাকার কারণেই এই দুর্ঘটনা, নাকি চালক ঘুমিয়ে পড়েছিলেন, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
বৈঠকে ইন্ডি জোটের পাঁচ সিদ্ধান্ত, জানালেন খাড়গে
সকাল সকাল ডেস্ক, নয়াদিল্লি : ভোট লুট, ভোট চুরি ও এসআইআর নিয়ে দেশের প্রধান বিচারপতিকে দ্রুত চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিল ‘ইন্ডি’ জোট।একই সঙ্গে নিট ও সিবিএসই পরীক্ষায় লক্ষাধিক পড়ুয়ার সঙ্গে প্রতারণার অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগ দাবি করা হয়েছে। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, বেকারত্ব, মূল্যবৃদ্ধি এবং কৃষকদের ও জনমুখী সমস্যাগুলি নিয়ে আলোচনার জন্য অবিলম্বে সর্বদলীয় বৈঠক ডাকার দাবি জানিয়েছে ইন্ডি জোট। সিদ্ধান্ত হয়েছে, মঞ্চের দলগুলি প্রতি দু’মাস অন্তর বৈঠকে বসবে এবং আগামী আগস্টে হায়দরাবাদে পরবর্তী বৈঠক হবে। এ ছাড়া, বাদল অধিবেশন চলাকালীন প্রতিদিন সকালে মল্লিকার্জুন খাড়গের দফতরে সংসদীয় সমন্বয় হবে। বৈঠক শেষে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, “২৫টি দলের উপস্থিতিতে ইন্ডি জোটের বৈঠক শেষ হয়েছে। প্রত্যেকেই নিজ নিজ মতামত জানিয়েছেন এবং তার ফলস্বরূপ আমরা পাঁচটি বিষয়ে ঐকমত্যে পৌঁছেছি। আমরা একমত হয়েছি যে, আমরা এই বিষয়গুলোর জন্য লড়াই করব, সেগুলোর ওপর কাজ করব এবং এগিয়ে যাব।” মল্লিকার্জুন খাড়গে আরও বলেন, “এসআইআর, ভোট লুট এবং নির্বাচন চুরির বিষয়ে ভারতের প্রধান বিচারপতিকে একটি চিঠি পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। চিঠিটি খুব শীঘ্রই দেশের প্রধান বিচারপতির কাছে পৌঁছে দেওয়া হবে। দ্বিতীয়ত, শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগের দাবি জানানোর বিষয়ে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে, কারণ তিনি নিট এবং সিবিএসই পরীক্ষায় অংশগ্রহণকারী লক্ষ লক্ষ যুবকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।”