সকাল সকাল ডেস্ক
জিবুতি: উন্নত জীবনের আশায় ইয়েমেন যাওয়ার পথে ভয়াবহ নৌকাডুবিতে প্রাণ হারালেন অন্তত ১৩৯ জন অভিবাসনপ্রত্যাশী। মৃতদের মধ্যে রয়েছে ১৫টি শিশু। আফ্রিকার জিবুতি উপকূলে এই দুর্ঘটনায় এখনও ৮৪ জন নিখোঁজ রয়েছেন। রবিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রশাসন।
আইওএমের বিবৃতি অনুযায়ী, গত বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে জিবুতির পূর্ব উপকূলের গুহেরে এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। স্থানটি এডেন উপসাগরের বাব আল-মানদেব প্রণালির কাছে অবস্থিত। দুর্ঘটনাগ্রস্ত নৌকাটিতে ৩০০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশী ছিলেন। তাঁরা জিবুতি থেকে ইয়েমেনের উদ্দেশে যাত্রা করেছিলেন। নৌকাডুবির পর ৮০ জনের বেশি মানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া প্রত্যেকেই ইথিওপিয়ার নাগরিক বলে জানিয়েছে অভিবাসন সংস্থা।
জিবুতিতে আইওএমের মিশনপ্রধান আলেক্সান্দ্রে কোইসাক এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। তিনি জানান, দুর্ঘটনাস্থলে স্থানীয় প্রশাসনের সঙ্গে যৌথভাবে উদ্ধার ও জরুরি সহায়তার কাজ চালাচ্ছে সংস্থার কর্মীরা। তাঁর বক্তব্য অনুযায়ী, মৃতের সরকারি হিসাবে এখনও পর্যন্ত শুধু সেই ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যাঁদের মরদেহ জিবুতি কর্তৃপক্ষ উদ্ধার করে সমাহিত করেছে। অভিবাসনপ্রত্যাশীরা নিজেরাও কয়েকজনের মরদেহ সমাহিত করেছেন বলে জানা গিয়েছে। তবে প্রশাসনিকভাবে নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁদের সরকারি মৃতের তালিকায় রাখা হচ্ছে না।
জিবুতি ও ইয়েমেনের মধ্যবর্তী বাব আল-মানদেব প্রণালি আফ্রিকা থেকে পশ্চিম এশিয়ায় পৌঁছনোর অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ। সবচেয়ে সরু অংশে প্রণালিটির প্রস্থ মাত্র ২০ কিলোমিটার। হর্ন অব আফ্রিকা অঞ্চলের বহু মানুষ কাজ ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে এই বিপজ্জনক সমুদ্রপথ ব্যবহার করেন। অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকা এবং প্রতিকূল সামুদ্রিক পরিস্থিতির কারণে এই পথে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
সম্প্রতি ইরানকে ঘিরে আমেরিকা ও ইজরায়েলের সংঘাত এবং ইয়েমেনে সরকারি বাহিনী ও হুতি যোদ্ধাদের মধ্যে নতুন করে লড়াই শুরু হওয়ায় গোটা অঞ্চলে অস্থিরতা বেড়েছে। তা সত্ত্বেও উপসাগরীয় দেশগুলিতে কর্মসংস্থানের আশায় বিপজ্জনক সমুদ্রযাত্রা অব্যাহত রয়েছে।
আইওএমের তথ্য অনুযায়ী, গত ১০ সেপ্টেম্বর থেকে ইথিওপিয়া ছেড়ে ২০ হাজারের বেশি মানুষ জিবুতিতে পৌঁছেছেন। গত বছর পাঁচ লক্ষের বেশি মানুষ এই পথ ধরে ইয়েমেনে যাওয়ার চেষ্টা করেছিলেন। তাঁদের মধ্যে অন্তত ৯০০ জনের মৃত্যু হয়েছে অথবা তাঁরা নিখোঁজ হয়েছেন।
অন্যদিকে, ইয়েমেনে সংঘাত তীব্র হওয়ায় উল্টো পথে সেখান থেকেও কয়েক হাজার মানুষ জিবুতিতে আশ্রয় নিয়েছেন। ফলে এই সমুদ্রপথ এখন দুই দিকের অভিবাসনপ্রত্যাশীদের কাছেই বিপজ্জনক হয়ে উঠেছে। সাম্প্রতিক নৌকাডুবি সেই মানবিক সংকটকে আরও প্রকট করে তুলেছে।
No Comment! Be the first one.