যারা গণতন্ত্রের ক্ষতি করবে, তাদের রেহাই দেওয়া হবে না: রাহুল গান্ধী

সকাল সকাল ডেস্ক

নয়াদিল্লি : লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি বলেন, যারা গণতন্ত্রের ক্ষতি করছেন, তাঁদের কোনওভাবেই রেহাই দেওয়া হবে না। তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

দিল্লিতে বিরোধী সাংসদদের বিক্ষোভ চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী বলেন, প্রায় ৩০০ জন সাংসদ শান্তিপূর্ণভাবে নিজেদের বক্তব্য তুলে ধরতে চেয়েছিলেন। কিন্তু প্রথম দিনেই তাঁদের নির্বাচন কমিশনের কার্যালয়ের কাছে আটকে দেওয়া হয়। এরপর দ্বিতীয় দিনে যন্তর মন্তরে যেতে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

রাহুল গান্ধীর অভিযোগ, বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করা হয়েছে এবং তাঁদের মারধর করা হয়েছে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নাম উল্লেখ করে একাধিক অভিযোগ তোলেন।

তিনি দাবি করেন, এই ব্যক্তিরা একটি ‘অপরাধমূলক ষড়যন্ত্রের’ মাধ্যমে দেশের ক্ষমতা এবং বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান দখল করেছেন। তাঁদের বিরুদ্ধে সংবিধান ধ্বংস করা এবং ব্যাপকভাবে ‘ভোট চুরি’র অভিযোগও তোলেন রাহুল গান্ধী।

উল্লেখ্য, নির্বাচন প্রক্রিয়ায় কথিত অনিয়ম এবং ভোটার তালিকা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ‘ইন্ডি’ জোটের শরিকরা নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধারাবাহিকভাবে প্রতিবাদ জানিয়ে আসছে। বিরোধী দলগুলির পক্ষ থেকে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিও জানানো হচ্ছে।

Read More News

ইন্ডি জোটের বৈঠকে অখিলেশের অনুপস্থিতির কারণ জানালেন বেণুগোপাল, প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি কংগ্রেসের

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত ইন্ডি জোটের গুরুত্বপূর্ণ বৈঠকে সমাজবাদী...

Read More