রণবীরের ‘রামায়ণ’-এর শুটিং সেটে আগুন, অল্পের জন্য এড়াল বড় বিপদ

সকাল সকাল ডেস্ক

মুম্বই: রণবীর কাপুর অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’-এর শুটিং সেটে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মুম্বইয়ের প্রাইম ফোকাস স্টুডিওর বাইরে থাকা একটি তাঁবুতে আচমকা আগুন ধরে যায়। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ঘটনায় কোনও অভিনেতা বা কলাকুশলী আহত হননি বলে জানা গিয়েছে।

ঘটনার কথা নিশ্চিত করেছেন ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের সভাপতি বি এন তিওয়ারি। তাঁর দাবি, আগুন বড় আকার নেওয়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ক্ষয়ক্ষতির পরিমাণও সামান্য। তবে বিষয়টিকে শুধুমাত্র দুর্ঘটনা হিসেবে না দেখে শুটিং সেটে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

বি এন তিওয়ারির কথায়, স্টুডিওর বাইরে থাকা একটি তাঁবু থেকেই আগুনের সূত্রপাত। সেই সময় ‘রামায়ণ’-এর শুটিং চলছিল। সম্প্রতি ওই এলাকার কাছেই আরও একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তার পরেই প্রযোজকদের সঙ্গে যোগাযোগ করে শুটিংয়ের জায়গায় পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও ফের আগুন লাগার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

তবে দ্রুত আগুন নিভিয়ে ফেলায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। একই এলাকায় ‘হাসল’ এবং ‘পতি পত্নী পাঙ্গা’-র মতো টেলিভিশন অনুষ্ঠানের শুটিংও চলছিল বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ফের কাজ শুরু হয়।

নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ইতিমধ্যেই বলিউডের অন্যতম আলোচিত প্রকল্প। ভারতীয় মহাকাব্যের কাহিনি অবলম্বনে তৈরি ছবিটি দুই পর্বে মুক্তি পাওয়ার কথা। রামের ভূমিকায় রয়েছেন রণবীর কাপুর এবং সীতার চরিত্রে অভিনয় করছেন সাই পল্লবী। রাবণের ভূমিকায় যশ, হনুমানের চরিত্রে সানি দেওল এবং লক্ষ্মণের ভূমিকায় দেখা যাবে রবি দুবেকে।

এছাড়াও দশরথের চরিত্রে অরুণ গোভিল এবং কৈকেয়ীর ভূমিকায় রয়েছেন লারা দত্ত। তারকাখচিত এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তুঙ্গে। তার মধ্যেই শুটিং সেটে অগ্নিকাণ্ডের ঘটনা নতুন করে আলোচনায় এনে দিল সেটের নিরাপত্তার বিষয়টি।

Read More News

ইন্ডি জোটের বৈঠকে অখিলেশের অনুপস্থিতির কারণ জানালেন বেণুগোপাল, প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি কংগ্রেসের

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত ইন্ডি জোটের গুরুত্বপূর্ণ বৈঠকে সমাজবাদী...

Read More