সকাল সকাল ডেস্ক
মুম্বই: একজন বলিউডের ‘ডিস্কো ড্যান্সার’, অন্যজন দক্ষিণী সিনেমার ‘থালাইভা’। দুই ভিন্ন চলচ্চিত্র জগতে কয়েক দশক ধরে রাজত্ব করলেও মিঠুন চক্রবর্তী ও রজনীকান্তের বন্ধুত্ব বহু পুরনো। অতীতে একসঙ্গে পর্দাতেও দেখা গিয়েছে তাঁদের। তবে শেষবারের পর কেটে গিয়েছে প্রায় ৩১ বছর। এবার সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে। ‘জেলার ২’-এ ফের রজনীকান্তের সঙ্গে পর্দা ভাগ করছেন মিঠুন।
বন্ধুত্বের শুরু বহু আগে
মিঠুন ও রজনীকান্ত প্রথম একসঙ্গে কাজ করেন ১৯৮৯ সালে রমেশ সিপ্পি পরিচালিত ‘ভ্রষ্টাচার’ ছবিতে। সেখানে মিঠুন অভিনয় করেছিলেন ইন্সপেক্টর অশুতোষ দাসের চরিত্রে। রজনীকান্তকে দেখা গিয়েছিল আবদুল সাত্তারের ভূমিকায়।
এর কয়েক বছর পর ১৯৯৫ সালের বাংলা ছবি ‘ভাগ্য দেবতা’-তেও তাঁদের যোগসূত্র তৈরি হয়। ছবিতে অন্যতম প্রধান চরিত্রে ছিলেন মিঠুন। আর বিশেষ উপস্থিতিতে দেখা গিয়েছিল রজনীকান্তকে। একটি গানে মঞ্চের গায়কের ভূমিকায় হাজির হয়েছিলেন তিনি। জানা যায়, মিঠুনের অনুরোধেই বাংলা ছবিটিতে অভিনয় করতে রাজি হয়েছিলেন দক্ষিণী সুপারস্টার।
তারপর কেটে গিয়েছে তিন দশকেরও বেশি সময়। এই দীর্ঘ সময়ে মিঠুন বাংলা ও হিন্দি-সহ বিভিন্ন ভাষার ছবিতে নিজের অভিনয়জীবন এগিয়ে নিয়ে গিয়েছেন। অন্যদিকে রজনীকান্ত ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় সুপারস্টার হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করেছেন। কিন্তু দুই তারকার ব্যক্তিগত বন্ধুত্ব অটুট থেকেছে।
‘জেলার ২’-এ বড় চমক মিঠুন
এবার সেই বন্ধুত্বই ফের ধরা দিতে চলেছে বড় পর্দায়। নেলসন দিলীপকুমার পরিচালিত ‘জেলার ২’-এ টাইগার মুথুভেল পান্ডিয়ান চরিত্রে ফিরছেন রজনীকান্ত। ২০২৩ সালের ‘জেলার’-এর সাফল্যের পর দ্বিতীয় পর্ব ঘিরে দর্শকদের প্রত্যাশাও তুঙ্গে।
আর সেই ছবির অন্যতম বড় আকর্ষণ মিঠুন চক্রবর্তী। জানা যাচ্ছে, এবার তাঁর উপস্থিতি শুধুমাত্র অতিথি চরিত্রে সীমাবদ্ধ নয়। গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাঁর। যদিও মিঠুনের চরিত্র নিয়ে এখনও বিস্তারিত কিছু প্রকাশ করেননি নির্মাতারা। ফলে তাঁর ভূমিকা ঘিরে রহস্য বজায় রয়েছে।
২০২৫ সালেই মিঠুন জানিয়েছিলেন, রজনীকান্তের সঙ্গে ‘জেলার ২’-এ কাজ করছেন তিনি। পুরনো বন্ধুর সঙ্গে ফের একই ছবিতে অভিনয়ের ইচ্ছার কথাও সামনে এসেছিল। এবার সেই ইচ্ছাই বাস্তব রূপ পেয়েছে।
তারকাখচিত দ্বিতীয় পর্ব
‘জেলার ২’-এর তারকা তালিকাও নজরকাড়া। রজনীকান্ত ও মিঠুনের পাশাপাশি রয়েছেন বিদ্যা বালান, এস জে সূর্য, সূরজ ভেঞ্জারামুডু এবং জাটিন সরনার মতো অভিনেতারা। প্রথম ছবির পরিচিত মুখ শিবরাজকুমার, রম্যা কৃষ্ণন ও জ্যাকি শ্রফকেও ফের দেখা যাচ্ছে।
মিঠুনের লুক সামনে আসার পর থেকেই তাঁর চরিত্র ঘিরে দর্শকদের আগ্রহ বেড়েছে। ট্রেলারেও তাঁর উপস্থিতি নজর কেড়েছে। টাইগার মুথুভেল পান্ডিয়ান যখন নতুন বিপদের মুখোমুখি, তখন সেই লড়াইয়ে মিঠুনের চরিত্রের ভূমিকা কী হবে, আপাতত সেই রহস্যই জিইয়ে রেখেছেন নির্মাতারা।
১৯৮৯ সালের ‘ভ্রষ্টাচার’, ১৯৯৫ সালের ‘ভাগ্য দেবতা’-র পর এবার ২০২৬ সালের ‘জেলার ২’। অর্থাৎ প্রথমবার একই ছবিতে কাজ করার ৩৭ বছর পর এবং শেষবার একই ছবিতে দেখা যাওয়ার প্রায় ৩১ বছর পর ফের একসঙ্গে মিঠুন ও রজনীকান্ত।
তাই ‘জেলার ২’ শুধুমাত্র সফল ছবির সিক্যুয়েল নয়, ভারতীয় সিনেমার দুই কিংবদন্তির দীর্ঘ বিরতির পর পর্দায় পুনর্মিলনের ছবিও। একসময় মিঠুনের অনুরোধে বাংলা ছবিতে বিশেষ চরিত্রে হাজির হয়েছিলেন রজনীকান্ত। এবার সেই পুরনো বন্ধুর ছবিতেই গুরুত্বপূর্ণ ভূমিকায় হাজির হচ্ছেন মিঠুন। ফলে দুই মহাতারকার এই পুনর্মিলন ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে।
No Comment! Be the first one.