জ্ঞানেশ কুমার ভয় পেয়েছেন, দেশের সঙ্গে যা করা হয়েছে তা দেশদ্রোহিতা: রাহুল গান্ধী

সকাল সকাল ডেস্ক

নয়াদিল্লি : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইন্ডি জোটের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার দিল্লিতে উত্তেজনা তৈরি হয়। নির্বাচন কমিশন ভবন অভিমুখে পদযাত্রায় বাধা পাওয়ার পর প্রসার ভারতী ভবনের বাইরে সাংবাদিক বৈঠক করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সেখান থেকে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান তিনি।

সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী অভিযোগ করে বলেন, “এখানে প্রায় ৩০০ জন সাংসদকে আটকে দেওয়া হয়েছে। তারপর আমাদের এখানেই বসিয়ে রাখা হয়েছে। নির্বাচন কমিশন এখান থেকে মাত্র ৫০ গজ দূরে, কিন্তু আমাদের সেখানে যেতে দেওয়া হচ্ছে না। আমি বুঝতে পারছি না সমস্যাটা ঠিক কোথায়।”

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রাহুল বলেন, “নির্বাচন কমিশনের কাজ হলো সুষ্ঠু ও সঠিকভাবে নির্বাচন পরিচালনা করা। যেখানে ৩০০ জন সাংসদ জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে চান, সেখানে জ্ঞানেশ কুমার উল্টে ভয় পেয়ে গিয়েছেন।”

ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, “আমি জানি না দেশে আসলে কী চলছে। নির্বাচিত জনপ্রতিনিধিরাই যদি নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে না পারেন, তবে এই গণতন্ত্রের অর্থ কী?”

মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বিরোধীদের অবস্থান স্পষ্ট করে রাহুল গান্ধী আরও কড়া ভাষায় বলেন, “আমরা কেবল এদের মোকাবিলাই করব না, এদের পুরোপুরি ধূলিসাৎ করে দেব।” দেশের গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, “আমাদের দেশের সঙ্গে যা করা হয়েছে, তাকে সোজাসাপটা ভাষায় দেশদ্রোহিতা বলা হয়; কেউই এই দায় এড়িয়ে বাঁচতে পারবে না।”

ইন্ডি জোটের সাংসদদের নির্বাচন কমিশন ভবনের দিকে পদযাত্রা আটকে দেওয়ার পর প্রসার ভারতী ভবনের সামনেই এই সাংবাদিক বৈঠক করেন রাহুল গান্ধী। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং মুখ্য নির্বাচন কমিশনারের ভূমিকা নিয়ে তাঁর মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

Read More News

ইন্ডি জোটের বৈঠকে অখিলেশের অনুপস্থিতির কারণ জানালেন বেণুগোপাল, প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি কংগ্রেসের

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত ইন্ডি জোটের গুরুত্বপূর্ণ বৈঠকে সমাজবাদী...

Read More