সকাল সকাল ডেস্ক
খড়গপুর : আইআইটি খড়গপুরের গৌরবময় ৭৫ বছর পূর্তি তথা প্ল্যাটিনাম জুবিলি উদযাপন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রতিষ্ঠানের ঐতিহাসিক প্রেক্ষাপট ও দেশের স্বাধীনতা সংগ্রামের গৌরবগাথা স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিটিশ আমলে যে হিজলি ডিটেনশন ক্যাম্প বা বন্দিশিবিরে দেশের স্বাধীনতা সংগ্রামীরা কারাবরণ করেছিলেন, সেই পবিত্র মাটিতেই এখন দেশের প্রথম আইআইটি দাঁড়িয়ে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “স্বরাজের আকাঙ্ক্ষা থেকে আত্মনির্ভরতার সংকল্প— এই যাত্রাই আজ বিকশিত ভারত গঠনের প্রকৃত চালিকাশক্তি।”
শনিবার খড়গপুর ক্যাম্পাসে বক্তব্য রাখার সময় বাংলার বিপ্লবী ঐতিহ্য এবং আইআইটি খড়গপুরের ভূমির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “বাংলার এই মাটি এমন এক স্থান, যা নতুন ভাবনাকে লালন করেছে এবং জাতীয় আন্দোলনের সূতিকাগার হিসেবে কাজ করেছে। এই প্রতিষ্ঠানটি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছে, যা একসময় স্বাধীনতা সংগ্রামীদের বন্দিশিবির ছিল। একবার কল্পনা করুন— এই বন্দিশিবিরে আটক থাকা স্বাধীনতা সংগ্রামীরা তখন কী নিয়ে আলোচনা করতেন, বা সারাদিন কী চিন্তা করতেন? এখানকার বাতাসে আজও তাঁদের জীবন, তাঁদের ভাবনা এবং সেই যুগের কর্মকাণ্ডের প্রতিধ্বনি অনুরণিত হয়— যা এক পথপ্রদর্শক মন্ত্র হিসেবে আজও আপনাদের সকলকে অনুপ্রাণিত করে চলেছে।”
প্রধানমন্ত্রী আরও বলেন, “কয়েক দশক আগে এই বন্দিশিবিরগুলিই সেই সমস্ত ভারতীয়দের অদম্য স্পৃহা ও সাহসের সাক্ষী ছিল, যাঁরা স্বরাজের জন্য ব্যাকুল ছিলেন এবং ভারতকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখেছিলেন। আর এখন, সেই একই মাটির ওপর নবকলেবরে ও প্রাণবন্ত রূপে দাঁড়িয়ে আছে আমাদের আইআইটি— যেখানে তরুণ প্রজন্মকে গড়ে তোলা হচ্ছে, যাঁদের উদ্ভাবন এবং চিন্তাভাবনা ভারতকে আত্মনির্ভর করে তোলার মূল চালিকাশক্তি হয়ে উঠছে।”
স্বাধীনতা-পরবর্তী ভারতের প্রতিটি পর্যায়ে দেশ গঠনে আইআইটি খড়গপুরের প্রাক্তনীদের অসামান্য অবদানের কথা স্মরণ করে নরেন্দ্র মোদী বলেন, “এই মাটি, যা একসময় স্বরাজের আকাঙ্ক্ষা ধারণ করেছিল, এখন তা আত্মনির্ভরতার সংকল্পকে প্রতিফলিত করে। যেখানে একসময় স্বাধীনতার স্বপ্ন ছিল, সেখানে এখন ভবিষ্যৎ গড়ার সুযোগ রয়েছে। আকাঙ্ক্ষা থেকে আত্মনির্ভরতার এই যাত্রাই বিকশিত ভারত নির্মাণের প্রকৃত শক্তি। আইআইটি খড়গপুর যখন তার যাত্রা শুরু করেছিল, তখন ভারতের স্বাধীনতা ছিল শৈশবাবস্থায়; দেশে তখনও প্রথম সাধারণ নির্বাচন পর্যন্ত অনুষ্ঠিত হয়নি। সেই সময় ভারতের শিল্প ও পরিকাঠামোর জন্য ইঞ্জিনিয়ারদের প্রয়োজন ছিল। দেশের বৈজ্ঞানিক সক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে এই প্রতিষ্ঠানের স্নাতকরা আমাদের মহাকাশ এবং পারমাণবিক শক্তি কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে অবদান রেখেছেন। এরপর এল তথ্যপ্রযুক্তির যুগ। বিশ্ব অর্থনীতিতে নতুন সুযোগ তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে উত্তীর্ণ তরুণরা দেশের সফটওয়্যার শিল্পকে শক্তিশালী করেছেন এবং বিশ্বের অন্যতম বৃহৎ কোম্পানিগুলির নেতৃত্ব দিয়েছেন। প্রতিটি যুগেই এই প্রতিষ্ঠান দেশ গঠনের প্রতি তার দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা নিয়েছে।”
No Comment! Be the first one.