সকাল সকাল ডেস্ক
রাঁচি: ঝাড়খণ্ডের বিভিন্ন কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ জন বন্দির মুক্তিতে সম্মতি দিল রাজ্য সরকার। শুক্রবার রাঁচির কাঁকে রোডে মুখ্যমন্ত্রীর আবাসিক কার্যালয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ঝাড়খণ্ড রাজ্য সাজা পুনর্বিবেচনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে মোট ৭৩ জন বন্দির মুক্তি সংক্রান্ত প্রস্তাব বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়।
বৈঠকে পর্ষদের সুপারিশ করা ২০টি নতুন মামলার পাশাপাশি পূর্ববর্তী বৈঠকগুলিতে খারিজ হওয়া ৫৩টি মামলাও পুনর্বিবেচনা করা হয়। বন্দিদের কারাবাসের মেয়াদ, সংশোধনাগারে আচরণ, মুক্তির যোগ্যতা, আইনি বিধান এবং সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার, কারা কর্তৃপক্ষ ও প্রবেশন আধিকারিকদের মতামত খতিয়ে দেখার পর ২৬ জনের মুক্তিতে সম্মতি দেওয়া হয়।
মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন নির্দেশ দেন, মুক্তিপ্রাপ্ত বন্দিদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে বিশেষ কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে হবে। কারামুক্তির পর তাঁরা যাতে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়েন, সেদিকে নজর রাখতে হবে। এজন্য মনোবিদ ও কাউন্সেলর নিয়োগের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থাগুলির সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন তিনি।
মুখ্যমন্ত্রী আরও বলেন, মানসিকভাবে অসুস্থ বন্দিদের মুক্তির পর যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রবেশন আধিকারিকদের বিশেষ দায়িত্ব দেওয়ার নির্দেশ দেন তিনি।
পাশাপাশি সাজা শেষ হওয়ার পরও যেসব বন্দি কারাগার ছাড়তে চান না, তাঁদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা করার কথা বলেন মুখ্যমন্ত্রী। কেন তাঁরা বাইরে যেতে অনিচ্ছুক, তাঁদের পারিবারিক ও সামাজিক পরিস্থিতি কী, তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব অবিনাশ কুমার, স্বরাষ্ট্র দফতরের অতিরিক্ত মুখ্যসচিব বন্দনা দাদেল, ডিজিপি তদাশা মিশ্র, আইন বিভাগের প্রধান সচিব নীরজ কুমার শ্রীবাস্তব, কারা ও সংশোধনমূলক পরিষেবার মহানিরীক্ষক সুদর্শন প্রসাদ মণ্ডল-সহ প্রশাসনের পদস্থ আধিকারিকরা।
মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন, বন্দিদের মুক্তির পাশাপাশি তাঁদের সামাজিক পুনর্বাসন এবং স্বাভাবিক জীবনে ফেরানোর বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে।
No Comment! Be the first one.